মাহেলার ‘সমস্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বি’ গ্রুপে যে জটলা বেঁধেছে, তাতে নকআউট পর্বের নাকের ডগায় এসেও কেউ নিশ্চিত হতে পারছে না, কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ। তাই রণকৌশলটাও সাজানো হচ্ছে না দলগুলোর।এটা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি আছে। মাহেলা জয়াবর্ধনে যেমন বলছেন, প্রতিপক্ষ কারা সেটা না জেনেই নকআউট পর্ব নিয়ে পরিকল্পনা করাটা সাজে না। তবে প্রতিপক্ষ যে-ই হোক, সেরাটা ঢেলে না দিলে যে কাজ হবে না, সেটা মানছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং বর্তমান সহ-অধিনায়ক, ‘কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পছন্দের সুযোগ আমাদের হাতে নেই। বড় কথা হলো, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। গ্রুপ পর্বে অর্জিত আত্মবিশ্বাসটা নকআউট পর্বে নিয়ে কাজে লাগানোই আমাদের লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে যে-ই প্রতিপক্ষ হোক, আমরা আমাদের সেরাটাই দিতে চাই।’গ্রুপ পর্বের জটিল সমীকরণের কারণে কোয়ার্টার ফাইনালে যেকোনো কিছুই ঘটতে পারে—এই বিশ্বাস মাহেলার, ‘কোয়ার্টার ফাইনাল নিয়ে আমরা যে মোটেও আলোচনা করছি না, তা নয়। তবে তা গ্রুপ পর্বের জটিল সমীকরণের কারণে খুব অল্পই।’গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি শ্রীলঙ্কা। দুই দলেরই লক্ষ্য ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা। তাই আপাতত এই ম্যাচ নিয়ে মাহেলার যত চিন্তা, ‘এই মুহূর্তে আমাদের সব মনোযোগ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ নিয়েই।’আজ খেলতে পারছেন না কিউই অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি ও পেসার কাইল মিলস। তাই বলে কিউইদের হালকাভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা। মাহেলা বলছেন, ‘এই দুজনই সম্ভবত নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ বোলার। কিন্তু তাই বলে কিউইদের হালকাভাবে নিচ্ছি না আমরা। নিউজিল্যান্ডকে যত দূর দেখেছি, তারা সব সময়ই একটা ইউনিট হয়ে খেলে। কেউ কেউ ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করলেও তারা সব সময় একটা দল হিসেবেই খেলে। এ কারণেই তারা খুবই বিপজ্জনক একটা দল।’১৯৯৬ সালে অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে একমাত্র বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারার নেতৃত্বে আবার সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চায় তারা। সেটিকে ঘিরেই সব প্রস্তুতি চলছে বলে জানাচ্ছেন মাহেলা, ‘বিশ্বকাপ জিততে পারি, এটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা জানি, যে কারও বিপক্ষেই আমাদের খেলতে হতে পারে।’ ওয়েবসাইট।