মায়ানমারে বেসামরিক সরকারের শপথ গ্রহণ
মায়ানমারের সামরিক সরকারকে সরকারিভাবে অবলুপ্ত করা হয়েছে। দেশটিতে আজ বুধবার একজন বেসামরিক প্রেসিডেন্ট, দুজন ভাইস প্রেসিডেন্টসহ ৫৮ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন বলে জানা গেছে। খবর বিবিসি।মায়ানমারে দুই দশক ধরে শাসন করা সেনাপ্রধান জেনারেল থান সুয়ে সেনাপ্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। গত বছরের নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে মায়ানমারের সামরিক সরকার একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল। মায়ানমারের গণতন্ত্রীপন্থীরা ও পশ্চিমারা এই নির্বাচনের সমালোচনা করেছে।অনেকেই মনে করেন, বর্তমান সরকারও আগের সেনাশাসনেরই ধারাবাহিকতা বজায় রাখবে।বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, ক্ষমতাধর সাবেক রাষ্ট্রপ্রধান জেনারেল থান সুয়ে সত্যিই ক্ষমতা ছেড়ে দিয়েছেন বলে অনেকে মনে করতে পারছেন না।জেনারেল থান সুয়ের ঘনিষ্ঠজন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পার্লামেন্টের সদস্যরাও শপথ নিয়েছেন বলে জানা গেছে।নতুন প্রেসিডেন্ট থেইন সেইন সংসদ নির্বাচন করার জন্যই সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এবং সেনাসমর্থিত রাজনৈতিক দল ইউএসডিপির নেতৃত্ব দেন।ইউএসডিপি সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। নতুন সংবিধান অনুযায়ী ২৫ শতাংশ আসন সেনাসদস্যদের জন্য সংরক্ষণ করা হয়েছে।অং সাং সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ১৯৯০ সালের নির্বাচনে জয়লাভ করেছিল। কিন্তু সে সময় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আর এবারের নির্বাচনের আগেই বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে সুচির দলকে ভেঙে দেওয়া হয়।