মায়াবতী থাকবেন না, থাকবে মূর্তিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো ভারতের উত্তর প্রদেশ বিধানসভার মুখ্যমন্ত্রীর আসনটি দখল করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন মায়াবতী ও তাঁর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)। কিন্তু বিগত দিনের বিতর্কিত সব কার্যকলাপের প্রতিক্রিয়ায় এবারের নির্বাচনে ব্যাপকভাবে জনসমর্থন হারিয়েছেন উত্তর প্রদেশের এই রাজনীতিবিদ। ২০০৭ সালে যেখানে ২০৬টি আসন পেয়ে মায়াবতী ক্ষমতা দখল করেছিলেন, সেখানে এবার তার অর্ধেক আসনও নিজের দখলে রাখতে পারেনি বিএসপি। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭৪টি আসনে জয় পেয়েছেন মায়াবতী।১৯৯৩ থেকে এখন পর্যন্ত চার দফায় মুখ্যমন্ত্রী থাকাকালে বহু বিতর্কিত কাজ করে সমালোচনার শিকার হয়েছিলেন উত্তর প্রদেশের এই রাজনীতিবিদ। নিজের স্যান্ডেল কেনার জন্য তিনি ব্যক্তিগত বিমান পাঠাতেন—এমন খবর উইকিলিকসের মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনা ও কটাক্ষের স্বীকার হন মায়াবতী। মার্কিন কূটনৈতিক তারবার্তায় মায়াবতীকে ‘প্রথম শ্রেণীর অহংসর্বস্ব’ হিসেবে বর্ণনা করা হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে উত্তর প্রদেশ পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে জোর করে মানসিক হাসপাতালে পাঠানোর ঘটনাতেও নতুন করে সমালোচনার মুখে পড়েন ৫৫ বছর বয়সী এই নেত্রী। তিনি সরকারকে ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তোলায় এবং রাজ্যের দুর্নীতির নথি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়।রাজ্যের বিভিন্ন পার্কে বিশালাকৃতির হাতির মূর্তি নির্মাণ করেও সমালোচিত হয়েছেন মায়াবতী। জনগণের টাকায় এভাবে জায়গায় জায়গায় নিজের পার্টির প্রতীক নির্মাণ করার বিষয়টি সুনজরে দেখেনি কেউ। এ ছাড়া বিভিন্ন স্থানে নিজের মূর্তি নির্মাণেরও অনন্য নজির গড়েছিলেন মায়াবতী। সব মিলিয়ে এবারের নির্বাচনে এগুলোকেই মায়াবতীর নির্বাচন-ভরাডুবির নেপথ্য কিছু কারণ হিসেবে শনাক্ত করা হচ্ছে।উত্তর প্রদেশ বিধানসভার ভোট গণনার শেষ খবর পাওয়া পর্যন্ত এরই মধ্যে ২১৬টি আসন নিয়ে এককভাবেই সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করে ফেলেছে মায়াবতীর প্রধান বিরোধী দল মুলায়েম সিং যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। তবে দীর্ঘদিন পর উত্তর প্রদেশে মায়াবতী যুগের অবসান হলেও মায়াবতী নির্মিত মূর্তিগুলো ভেঙে ফেলা হবে না বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি অখিলেশ যাদব।