মায়াবতীর জয়, সিবিআইকে তিরস্কার
ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ অর্জনের অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ দেন। এর মাধ্যমে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) নয় বছর ধরে চলা তদন্ত কাজ অর্থহীন হয়ে গেল। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে আজ এ কথা জানানো হয়।বিচারপতি পি সাদাসিভামের নেতৃত্বে ভারতের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দুই ঘণ্টা শুনানি শেষে গত ১ মের রায় বহাল রাখেন। আদালত বলেন মায়াবতীর বিরুদ্ধে অসামঞ্জস্য সম্পদের হিসাবের যে গরমিলের অভিযোগ এনেছে সিবিআই, তাতে তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি তারা। আদালত বলেন, ‘মায়াবতীর অসামঞ্জস্য সম্পদ নিয়ে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনা ছিল না। কাজেই সিবিআইয়ের তাঁর বিরুদ্ধে মামলা করাটা ঠিক হয়নি।’ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া মায়াবতীর বিরুদ্ধে তদন্ত চালায় সিবিআইকে আদালত তিরস্কার করেন। আদালতের এ আদেশে নয় বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী ও তাঁর দল। সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নয় বছর ধরে নানা উত্থান-পতন সত্ত্বেও আমার পাশে থাকায় দলের কর্মীদের আমি ধন্যবাদ জানাই।’ ২০০৮ সালের মে মাসে মায়াবতী তাঁর বিরুদ্ধে অসামঞ্জস্য সম্পদ অর্জনের অভিযোগে করা সিবিআইয়ের মামলা বাতিলের আবেদন জানিয়ে একটি পিটিশন দায়ের করেন। তিনি অভিযোগ করেছিলেন, মামলাটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক।সিবিআইয়ের ভাষ্যমতে, পরিচিত উৎস থেকে অর্জিত মায়াবতীর এই অর্থ-সম্পদের হিসাবে গরমিলের যথেষ্ট তথ্য প্রমাণ আছে। মায়াবতী দাবি করেন, দলের কর্মী-সমর্থকেরা তাঁকে এ অর্থ দান করেন। আদালতের রায়ের পর পরই বিএসপির অফিসে কর্মীদের মিষ্টি বিতরণের উৎসব শুরু হয়ে যায়।