মায়াবতীর বাংলো সংস্কারে সরকারের ৮৬ কোটি রুপি!
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী তাঁর বাংলো সংস্কারে ব্যয়ের শ্রাদ্ধ করেছেন। এতে সরকারি তহবিল থেকে ৮৬ কোটি রুপির বেশি অর্থ ব্যয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।২০০৭ সালে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মায়াবতীর বাংলো সংস্কারের কাজ শুরু হয়। তাঁর শাসনামলের শেষ দিকে এ সংস্কারের বড় ধরনের কাজ শেষ হয়।তথ্য অধিকার আইনে (আরটিআই) ক্ষমতাসীন সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদবের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রতিবেদন অনুযায়ী, শিবপাল যাদব এ আবেদন করেন এক বছর আগে। তখন তিনি মায়াবতীর শাসনামলে বিরোধীদলীয় নেতা ছিলেন। সম্প্রতি ভূ-সম্পত্তি দপ্তর এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করে। শিবপাল এখন গণপূর্ত মন্ত্রী।নাম না প্রকাশ করার শর্তে ভূ-সম্পত্তি দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা ওই বাংলোর সংস্কার ব্যয় হিসাব করছি। এতে যে আভাস পাচ্ছি, ব্যয়ের পরিমাণ ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।’লক্ষৌর প্রাণকেন্দ্রে মল এভিনিউ এলাকায় পাঁচ একরের বেশি পরিমাণ জমিতে ওই বাংলো গড়ে উঠেছে। রাজস্থান থেকে আনা বেলে পাথরের ২০ ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা বাড়িটি। ১৩ মল এভিনিউয়ের ওই বাড়ি মূলত আড়াই একর জমির ওপর। আশপাশের এলাকা ওই জমিতে যুক্ত করে আয়তন বাড়ানো হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের জমিও নেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ওই কার্যালয়ের ভবন। বাংলোর একতলা-বিশিষ্ট প্রধান ভবনে রয়েছে ছয়টি কক্ষ। প্রশস্ত করিডর রয়েছে এতে। করিডরের একটি দেয়ালে রয়েছে মায়বতীর বিশাল এক ছবি। ১৯৯৫ সালে প্রথমবারের মতো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ছবিটি ওই শপথ অনুষ্ঠানের। করিডরের বাইরে রয়েছে ছোট একটি বারান্দা। সেখানে দুটি জানালা রয়েছে। জানালা দুটির কাচ গুলিরোধী। চণ্ডীগড়ে বিশেষভাবে নকশা করা জানালাগুলোর প্রতিটিতে খরচ হয়েছে ১৫ লাখ রুপি।মায়াবতীর বাংলোয় আরও রয়েছে সুসজ্জিত দোতলা অতিথি ভবন। সেখানে ১৪টি শয়নকক্ষের প্রতিটিতে গোলাপি রঙের বিদেশি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই রঙের প্রতি মায়াবতীর বিশেষ দুর্বলতা রয়েছে। ভবনে একটি সভাকক্ষ, নিরাপত্তাকর্মীদের জন্য কক্ষ, গাড়ি রাখার স্থান ও চালকদের জন্য কক্ষ রয়েছে। এভাবে গোটা বাড়ি জুড়েই রয়েছে বিশাল ব্যয়ের শ্রাদ্ধ।একজন কর্মকর্তা জানান, ভবনের কাজ একবারেই শেষ হয়নি। মায়াবতীর মন মতো কাজ না হওয়া পর্যন্ত বারবার সংস্কার করতে হয়েছে। আর তা করতে গিয়ে একটি স্নানঘরে বেশ কয়েকবার সংস্কারকাজ চলে। বাংলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারে সীমানা প্রাচীরের বাইরে কাঁটাতারের বেড়া দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাড়িতে আসা দর্শনার্থীদের পর্যবেক্ষণের জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।শিবপাল যাদব বলেন, ওই বাড়ির সংস্কারের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে অনিয়ম পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।