মায়েদের আসর
গণিতে যেমন 1 ভাগ 0 (1 ÷ 0), বিন্দু, রেখা, সেট এবং আরও অনেক গাণিতিক শব্দ অসংজ্ঞায়িত রয়ে গেছে, তেমনি মায়েরও কোনো একক সংজ্ঞা দেওয়া যায় না। মাকে বুঝতে হলে তীক্ষ জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োজন।এবার গণিত উৎসবের বেশ কয়েকটিতে মায়েরা আসর বসিয়েছিলেন। আমিও আমন্ত্রিত হয়েছিলাম। প্রথমেই আমি সবাইকে গণিত উৎসব সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করলাম। সমস্বরে সবাই বাক্য ছুড়ে দিলেন, এটা একটি জ্ঞানের আনন্দ উৎসব।বুর্জোয়া মতাদর্শ অনুসারে, পুরুষের জন্য বরাদ্দ হয়েছিল বাইরের জগতের উৎপাদনমুখী ভূমিকা। আর মেয়েরা এর পরিপূরক হিসেবে পেয়েছিল অন্দরমহলে প্রজননমুখী ভূমিকা। সন্তান পালন ও পরিচর্যা মারফত দৈনন্দিন জীবন যাপন।স্বাধীন বাংলাদশে এখনো বুর্জোয়াগিরি আছে।এক মায়ের সফলতার কাহিনিবিয়ের পর শ্বশুরবাড়িতে তাঁকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেওয়া হয়নি। তাঁর দুটি চোখ শুধু রান্নাঘরে রান্না করায় ব্যস্ত থাকে। হাড়ভাঙা কাজের চাপে ছেলে দুটিকে পড়াতে পারেন না। কাজকে ‘না’ করার কোনো উপায় নেই। অবশেষে তিনি পাকের ঘরে বসিয়েই দুই ছেলেকে পড়ানো শুরু করলেন। বাড়ির বউয়ের এ ধরনের আচরণ কেউ সহ্য করেনি। তাঁর ভাশুর একদিন অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং মাজায় আঘাত করলেন। এই বর্বরোচিত ব্যবহার তাঁর দৃঢ় সংকল্পকে বিপর্যস্ত করতে পারেনি। তাঁর দুই ছেলে এখন আমেরিকায় উচ্চশিক্ষা অর্জন করে ওখানেই অবস্থান করছেন। তাঁর ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন গণিত উৎসবে।এক মায়ের মহানুভবতাএক মা বললেন, ‘আমি বেরোচ্ছি, এমন সময় উনি (অন্য এক মা) এসে বললেন, “আমার ছেলে উৎসবে নাম দিয়েছে। কিন্তু ওর বাবা যেতে দিবে না, তাই কোনো টাকা না দিয়ে কাজে চলে গেছে। যদি ওকে (ছেলেকে) নিয়ে যেতেন, তাহলে ও উৎসবে যেতে পারত।” মাকেসহ ছেলেকে সঙ্গে নিয়ে উৎসবে এসেছি।’আমি বললাম, আপনার সহানুভূতি ও সহমর্মিতা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ। আপনার মতো আরও মায়ের জন্ম হোক।’বিরল ঘটনাএক বৃদ্ধা, তাঁর মাজা বাঁকা হয়ে গেছে। ছোট্ট নাতির হাত ধরে সিঁড়ি ভেঙে উঠছেন আর উঠছেন। নাতির হাতে বাংলাদেশের একটি ছোট্ট পতাকা। পতাকাটি বারবার হেলে যাচ্ছে, বারবার খাড়া করে দিচ্ছেন বৃদ্ধা। অভূতপূর্ব দৃশ্য! অভূতপূর্ব! শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়ে এল।নতজানু হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, ‘আপনি ওর কে হন?’ঠাকুরমা।ওর মা-বাবা কোথায়?ওরা কেউ এল না।ঠাকুরমার প্রত্যয় সুদৃঢ় বলে নিত্য সত্য সম্বন্ধগুলোকে অন্তরতম সত্য দৃষ্টিতে দেখেছেন।বাংলার ঘরে ঘরে ঠাকুরমার প্রত্যয় উৎকলিত হোক।যে সন্তানের ধমনিতে মায়ের গর্ভের আঁধার মূর্ত হয়, সে-ই সুনামী ও সর্বশ্রেষ্ঠ।যে মা সন্তানের আদর-আলিঙ্গনে পরিতুষ্ট হন, তিনিই প্রকৃত মা।শামিয়ানার বাইরেআমার পরিচয় জানতেন বলে প্রশ্ন করে বসলেন, শিক্ষকদের জন্য এ রকম একটি গণিত উৎসব করতে পারেন না আপনারা? তাঁদের প্রশ্ন কি শুনতে চান? ছোটদের প্রশ্নে আনন্দ পেয়েছেন নিশ্চয়।ছাত্রদের প্রশ্ন এবং আপনাদের উত্তরে আত্মবিস্মৃত হয়ে পড়ি। তবে অনেক শিক্ষক এসব পছন্দ করেন না। পছন্দ করেন না কথাটা সঠিক নয়। এসব শিক্ষককে আমরাই তৈরি করেছি। দেশভাগের পরপর দেশে কোনো শিক্ষাব্যবস্থা ছিল না। প্রায় সব ভালো শিক্ষক ভারতে চলে গেলেন। সঙ্গে নিলেন তাঁদের মেধা ও শিক্ষণীয় বইপুস্তক, যা আমরা পেলাম না। শিক্ষাব্যবস্থায় বেশ কয়েক বছর পর উদিত হলো সরকারি পাঠ্যবই। এখান থেকেই শুরু হলো।পাঠ্যবইমুখী শিক্ষা ও বিষয়ভিত্তিক জ্ঞান অবরুদ্ধ হয়ে গেল। এর সহজ-সরল প্রমাণ হলো, পাঠ্যবইয়ের পদ্ধতি না দিলে পরীক্ষার খাতায় শূন্য নম্বর পাওয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রণীত বইগুলো যেন স্বাধীনতা পেয়ে গেল। অসংখ্য অমার্জিত ভুল। বছরের পর বছর গড়িয়ে গেল, ভুল সংশোধন হলো না! শিক্ষকের হাতে এই একটিমাত্র বই। শিক্ষা বোর্ড শুরু করল প্রশ্ন নকলের। এর নোট তৈরি হলো। নোট দেখে নকল শুরু হলো। শিক্ষা বোর্ড হলো নকলের প্রজননক্ষেত্র। এসব দুর্যোগে পড়ে মেধা কাঠামোবদ্ধ হয়ে পড়ল, বিকশিত হলো না। ফলে জ্ঞানের সংকোচন ঘটল। আমরা সবাই জ্ঞানসংকোচন চেইনে আবদ্ধ। আমাদের প্রজন্ম হতাশায় কর্মবিমুখ হয়ে পড়েছে। এখন দায়িত্ব নিয়েছে পরবর্তী প্রজন্ম। এদের হাতেই এই গণিত উৎসব। এরা তৈরি করছে গণিত-প্রদীপ, গণিতবেত্তা, গণিত-প্রেমিক এবং এর সঙ্গে যুক্ত করেছে সামাজিক চেতনাবোধ—মুখস্থকে না, মাদককে না, মিথ্যাকে না—সবকিছুর ঊর্ধ্বে মাকে ভালোবাসো এবং দেশকে ভালোবাসো।