সুফিয়া কামালের জৈষ্ঠ্য পুত্রমায়ের কথা মনে পড়লেই তো বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব ও উত্তর ছয়টি যুগে মাকে দেখতে পাই। তবু আমার চোখে মা ছিলেন পরিবারের সদস্যদেরই একজন। প্রতিটি পরিবারে যেমন মানুষের সুখ-দুঃখ থাকে, আমাদের পরিবারেও তা ছিল। মায়ের কথা বলা মানে আমাদের পরিবারের কথা বলা। সেখানে বাবা কামালউদ্দিন খানের ছিল অসাধারণ অবদান। আপনারা জানেন, বাবা ছিলেন সরকারি চাকুরে। পড়াশোনায়ও ছিলেন তুখোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের পদার্থবিদ্যার স্নাতকোত্তর দু-একজন বাঙালি মুসলমান ছাত্রের মধ্যে একজন। পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলনে মায়ের ভূমিকা ছিল। সরকারি চাকুরে হিসেবে বাবাকে সে জন্য জবাবদিহি করতে হতো। বাবা তাঁদের বলতেন, ‘আমি তো চাকরি করছি। ও কী করছে তা তো আমি জানি না।’ বাবা মায়ের কবিতা ধারাবাহিকভাবে রাখা ও ইংরেজিতে অনুবাদের কাজ প্রায় সবার অগোচরেই করতেন।মায়ের কথা বলি। আইয়ুববিরোধী আন্দোলনে রাজপথে সোচ্চার মা বাড়িতে ফিরেই অন্য মানুষ। সবার খোঁজখবর করতেন। বলতেন, ‘ওকে চা দিয়েছিলে? ওকে খাবার দিয়েছিলে?’ ঘরে এসে একেবারে আটপৌরে সাধারণ মা হয়ে যেতেন তিনি।একটা ঘটনা। আমি সেবার মুন্সিগঞ্জ যাচ্ছি কোরবানির পর। বারবার বলে গেছি, আমার জন্য যেন কোনো খাবার রাখা না হয়। বাড়ি ফিরে দেখি, টেবিলভর্তি খাবার। বিশাল সে টেবিল। আমি তো রেগে মায়ের সঙ্গে ঝগড়া করলাম। মা মন খারাপ করলেন। বললেন, ‘নিজে না খেয়ে তোমার জন্য রাখলাম, আর তুমি রাগ করছ।’ঈদের সময় বাবা, ভাইবোন এবং কাজের লোকদের পোশাক মা নিজেই তৈরি করে দিতেন। আসলে ঈদে মায়ের হাতে তৈরি পোশাক ছাড়া আর কোনো পোশাক পরতে ইচ্ছে হতো না আমাদের। মাঝে মধ্যে সেই পোশাকের খুঁত ধরতাম। বলতাম, এটা হয়নি, ওটা হয়নি। মা বলতেন, ‘দরজি দিয়ে করাও না কেন?’ আমি কী করে বলি, ঈদের সময় দরজিবাড়ির পোশাক পরার ইচ্ছা আমার নেই। মা যেটা বানিয়ে দেবেন, সেটা পরেই আমার সুখ।মায়ের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে পত্রপত্রিকায় লেখা ছাপা হয়, নানা ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু কজন মায়ের কবিতা আবৃত্তি করেন? সুফিয়া কামালের বড় পরিচয় তো তিনি কবি। সেটা বাদ দিয়েই তাঁকে নিয়ে আলোচনা! বছর কয়েক আগে মায়ের জন্মদিনের এক ঘরোয়া অনুষ্ঠানে এক সুকণ্ঠ, সুখ্যাত আবৃত্তিকার এসেছিলেন মাকে স্মরণ করতে। তখন খোঁজ পড়ল মায়ের কবিতার বইয়ের। লুলু বা টুলু (সুলতানা কামাল ও সাঈদা কামাল) মায়ের একটি বই এনে দিল। কিছুক্ষণ পড়ার পরই তিনি মায়ের কবিতা আবৃত্তি করলেন সুন্দর করে। আমার মনে হয়, মাকে চিনতে হবে মায়ের মতো করেই। গত শতকের তিরিশ-চল্লিশ-পঞ্চাশের দশকে বাংলা সাহিত্যের চেতনা ও আঙ্গিক নিয়ে যে সব বিভিন্ন পরীক্ষা চলছিল, মা সেগুলো সম্পর্কে সচেতন ছিলেন। তবুও তিনি রবীন্দ্রনাথ-নজরুল থেকে প্রেরণা নিয়ে তাতে মৌলিকত্ব যোগ করে একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। কখনো অনুরোধেও মা কবিতা লিখেছেন, কিন্তু তাতে কাব্যগুণ কম ছিল না। কবি হিসেবে তাঁর কাব্যপ্রতিভা আমাকে মুগ্ধ করে।আবার ব্যক্তিগত কথায় আসি। দেশবিভাগের পর কলকাতা থেকে আমরা যখন ঢাকায় চলে এলাম, তখনকার একটা কথা বলি। সে সময় ঢাকা শহর হঠাত্ করে বড় হয়ে উঠেছে। চাহিদামতো-সুবিধামতো ভাড়া করার মতো বাড়িও বেশি নেই। তাই বেশ কয়েক মাস আমরা আত্মীয়দের এ বাড়ি-ও বাড়ি ছিলাম। বাবার তাতে বেশ একটু অস্বস্তি বোধ হতো। যথেষ্ট চেষ্টার পর কামরুন্নেসা স্কুলের কাছে একটি বাড়ির খবর পাওয়া গেল। বাড়িটি ছিল নবাব সলিমুল্লাহর বোন বেগম আখতার বানুর বাগানবাড়ি।তারাবাগ নামে ১০-১২ বিঘা জমির ওপর এই বাড়িটির চার দেয়ালের ভেতর কোনো দিকে অশোক ফুলের গাছ, কদম, কাঠবাদাম, নাগকেশর, শ্বেতবল্কল, সপ্তপর্ণী—এ ধরনের প্রায় দুর্লভ বিভিন্ন গাছ, তিনটি পুকুর, পুকুর তিনটেকে যোগ করার মতো তিনটি খাল, তার ওপর দুটি বাহারি পাকা সেতু এবং বেগম আখতার বানুর নিজের বাসোপযোগী একটি ছোট নবাবি অট্টালিকা। তার সামনে ফোয়ারা। বিভিন্ন ফুলের কেয়ারির জায়গা। ভারত বিভাগের আগ পর্যন্ত ২০-২৫ বছরে বাড়িটির মালিকানা অবশ্য দুই-তিনবার হাতবদল হয়। এবং বাড়ির মালিকেরা বিভিন্ন সময়ে তাঁদের প্রয়োজন ও পছন্দ অনুসারে গাছগাছালির মধ্যে ও পুকুরের ধারে ছোট-বড় বেশ কয়েকটি বাড়ি তুলেছেন। সে বাড়িতে বিদ্যুত্ আর কলের পানি ছিল না। ১৯৪৭-৪৮ সালের দিকে বাগানগুলো অযত্নেই ছিল, কিন্তু পুকুরগুলো সত্যিই সুজলা ছিল। এই তারাবাগের ভেতর যে বাড়িটি আমাদের নেওয়ার কথা ছিল, আগের ভাড়াটে বিশেষ অসুবিধার কারণে সময়মতো সে বাড়ি ছেড়ে যেতে পারেননি। তাই সে বাড়িটির বদলে পাশের একটি বাড়িতে আমাদের উঠতে হলো। সেটা ছিল টিনের ছাউনি দেওয়া লম্বামতোন একটি বাড়ি। সে বাড়িতে প্রথম ঢুকে মায়ের দীর্ঘশ্বাস আর বাবার চোখেমুখে ফুটে ওঠা অসহায়ত্ব—এ বয়সে এসেও ভুলতে পারিনি আমি। মা কিন্তু মানিয়ে নিয়েছিলেন খুব দ্রুত। বাড়ির হাতায় থাকা সেই তিনটি ঘাটবাঁধানো পুকুরে বাসন-কোশন ধোয়া-মাজা, কাপড়-চোপড় ধোয়া চলত—অবশ্য বিভিন্ন ঘাটে। স্নান চলত। দুপুরে এই পুকুরে অন্য মহিলারা গোসল করতেন। মাও নির্দ্বিধায় এঁদের সঙ্গে গোসলে যেতেন। মা পুকুরে কলমিশাক দেখে উচ্ছ্বসিত হয়েছেন। বলেছেন, ‘ওইগুলো কলমিশাক না?’অন্যেরা অবাক হয়ে বলেছে, ‘আপনি কলমিশাক চেনেন?’সেই শাক বাড়ি এনে রান্না করেছেন। বর্ষায় কলইশাক দিয়ে ইলিশ রান্না করেছেন। আটচল্লিশের ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগর কলকাতার পার্কসার্কাস এলাকার প্রায় পাশ্চাত্য নাগরিক পরিবেশ ছেড়ে এ বাড়িতে এসে মায়ের কাছে আমরা সাঁতার শিখলাম। ফল-ফুলের গাছের নাম জানলাম। পাখি চিনলাম বিভিন্ন রকমের। পুকুরের বিভিন্ন ছোট-বড় মাছের নাম জানলাম। অমাবস্যা-পূর্ণিমা বুঝতে পারলাম। গাছপালার ফাঁক দিয়ে রাত্তিরের খোলা বিশাল আকাশের মাঝে বাবা আমাদের তারা চিনতে শেখালেন। গ্রহ-তারার তফাত শেখালেন। আমরা কলকাতা থেকে এসে যেন একটা অতি সুন্দর গ্রামের পরিবেশ পেলাম।মা দেশে-বিদেশে যেখানে গেছেন, যে রান্নাই দেখেছেন, কৌশলটা জেনে এসেছেন। নতুন নতুন রান্নার প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। এমনিতে তাঁদের মতো পরিবারের মেয়েরা তো রান্নাঘরে খুব একটা যেতেন না। নকশা করা, সেলাই করাই ছিল তাঁদের কাজ। বাবুর্চি ঠিকভাবে কাজ করছে কি না, সেটা বোঝার জন্যই ছিল রান্না শেখা। কিন্তু আমার মা রান্না শিখেছেন এবং করেছেনও। সব সময় আমাদের বিভিন্ন রকম রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছেন। সে পদগুলো গ্রাম্য শ্রমজীবীদেরই পদ হোক বা সৌখিন টেবিলের দৃশ্যশোভন ব্যঞ্জনই হোক। আমাদের জন্য নির্ধারিত বাড়িতে যখন উঠলাম, তখন আমাদের আসবাব ছিল যথেষ্ট জীর্ণ। নতুন কেনা হয়নি। এগুলোই সুন্দর করে গুছিয়ে নিয়ে একটু সুস্থির হওয়ার পর মা তাঁর এস্রাজটা বের করলেন। সব কাজের পর কোনো কোনো সময় একা বসে মা গভীর রাতে এস্রাজে সুর ভাঁজতেন। বাবা আমাদের বলতেন, ‘এস্রাজ বা বেহালা সুরে বাঁধা খুব সোজা কাজ নয়। কিন্তু তোমাদের মা কেমন সহজে সুর বেঁধে ফেলেন। ও যদি এদিকেও থাকত...’বাবা অনেককেই সাহায্য করতেন। ফলে আমাদের পরিবারটি খুব সচ্ছল ছিল, এমনটা বলা যাবে না। মা-বাবার রুচিবোধ আমাদের একটা জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের জন্য ভালো বই এনে দিয়েছেন। আমরা সব ভাইবোন ভালো স্কুল-কলেজে পড়েছি। সচ্ছলতা ছিল না বলে হয়তো সব সময় মায়ের পছন্দমতো (নবাবি!) খাবার রান্না হতো না। মা সেটা মেনে নিয়েছিলেন। তবুও বাবা চেষ্টা করেছেন আরও ভালোভাবে সংসার চালানোর। ১৯৬০-৬১ সালের দিকে আমরা ধানমন্ডির এখনকার বাড়িতে এলাম। ধানমন্ডির এই রাস্তায় বছর বিশেক আগেও যত্রতত্র অ্যাপার্টমেন্ট গড়ে ওঠেনি। ছোট সুন্দর বাড়ি ছিল কয়েকটা। যে সময়ের কথা বলছি, তার কয়েক দিন পরই মায়ের জন্মদিন। সাক্ষাত্প্রার্থীরা তখন থেকেই দিন-রাত আমাদের বাড়ি আসতেন। মায়ের সঙ্গে দেখা করে আমাদের প্রতিবেশী একজন সুখ্যাত ভাস্করের সঙ্গেও দেখা করে যেতেন। সেই ভাস্কর ও লোকপ্রিয় ব্যক্তিত্বের বাড়িতে সে সময় একজন স্বনামধন্য ভারতীয় পণ্ডিত ব্যক্তি অতিথি হয়ে এসেছিলেন। তিনি ছিলেন সহজ-সরল নিরিবিলি স্বভাবের মানুষ। দিনভর আমাদের বাড়ি হয়ে তাঁদের ওখানে লোকজনের আসা-যাওয়ায় তাঁর বিশ্রামের ব্যাঘাত হতো নিশ্চয়। একসময় আমাকে সামনে পেয়ে তিনি বললেন, ‘আপনার মায়ের জন্মদিনের এখনো বেশ দেরি—এরই মধ্যে এত লোকজন কেন তাঁর কাছে আসছে?’প্রশ্নটায় আমি একটু হক্চকিয়ে গেলাম। সব সময় তো এমনই দেখে আসছি। ইতস্তত করে বললাম, ‘উনি তো অনেক দিন ধরে সাহিত্য সাধনা করে আসছেন, আদর্শের মিল হলে বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশ নেন সব সময়। ছোট-বড় সবার সঙ্গে মেলামেশায় কুণ্ঠাবোধ করেন না, সে জন্যই বোধ হয় তাঁকে সবাই ভালোবাসে।’‘শুধু এ জন্যই!’ তাঁর কণ্ঠে যেন একটু অবিশ্বাস, ‘কোনো উদ্দেশ্য নেই, কিছু পাওয়ার আশা নেই, শুধু ভালোবাসার কারণে এত লোকের এ রকম হওয়া তো খুব একটা দেখেছি বলে মনে পড়ে না।’পরে যখন চিন্তা করেছি, তখন মনে হয়েছে, মায়ের প্রতি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার মূলেই রয়েছে নিজের আদর্শের প্রতি তাঁর নিঃস্বার্থ অপরিবর্তনীয় নিষ্ঠা। তাঁর প্রায় ৯০ বছরের দীর্ঘ জীবনে ৭০ বছরের বেশি, মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থতার মধ্যেও মতাদর্শ প্রতিষ্ঠায় কোনো সংগ্রামের ডাকেই তিনি কখনো কাউকে ফিরিয়ে দেননি। ভারত বিভাগের পর কলকাতা থেকে নতুন ‘আশা’র পাকিস্তানে এসে ঢাকার কয়েকজন সাহসী নেতার সঙ্গে মিলে মুসলিম-অমুসলিম সম্পর্কোন্নয়নে ব্রতী হন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই বাঙালি-অবাঙালি সম্পর্কের উন্নয়নেও প্রকাশ্য-অপ্রকাশ্য বিরোধিতার মধ্যেও সব সময় সহযোগিতা করেছেন। নতুন আশার পাকিস্তান ক্রমে ক্রমে নিরাশার অন্ধকারে আচ্ছন্ন হতে থাকলে আবার সামাজিক ও সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নামেন। ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ অথচ সম্পূর্ণ সংকীর্ণতামুক্ত মায়ের অভিজাত অথচ অনাড়ম্বর ব্যক্তিত্বের কারণে মাকে সবাই সব সময় সামনের সারিতে দেখতে চেয়েছে। মায়ের কথা বলতে গেলে আমার ভাইবোনদের কথাও কিছুটা বলতে হয়। আমার ছোট ভাই সাজেদ কামাল ষাটের দশকের প্রথম থেকেই বোস্টনে। কিন্তু প্রতিবছর নিয়মিত দেশে এসে সবার সঙ্গে দেখা করে। বাংলা একাডেমী থেকে সুফিয়া কামাল সমগ্র বের করেছে ও। মায়ের বিভিন্ন বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। লুলু (সুলতানা কামাল) সব সময় মায়ের কাজগুলো গুছিয়ে রাখত। কোথায় কবে বক্তব্য আছে, বৈঠক আছে, কোথায় কবিতা পড়তে হবে, সেগুলো লিখে রাখত। অর্থাত্ প্রাতিষ্ঠানিকতার সবকিছু থাকত লুলুর নিয়ন্ত্রণে। আম্মা তো বাজার থেকে কী কী আনতে হবে বলে দিতেন, কিন্তু তার হিসাবপত্র ঠিক করে রাখতেন আব্বা আর লুলু। টুলু চারুকলার স্নাতক। কিন্তু বাড়িতে এত বেশি মেহমান আসত যে তাদের দেখভাল করার জন্য অনেক সময় চলে যেত ওর। তাই কিবরিয়া স্যারের খুব প্রিয় ছাত্রী হয়েও টুলু অনেক দিন ওভাবে নিজেকে ছবি আঁকায় নিয়োজিত করতে পারেনি। মাকে নিয়ে আলাদাভাবে যদি কখনো লিখি, তাহলে অনেক কথাই লিখতে পারব। আমার মনে হয়, একজন মানুষের বড় হয়ে ওঠার পেছনে যাঁরা থাকেন, তাঁদের আর খেয়াল করা হয় না। কোনো বড় মানুষ প্রায়ই তাঁর পাশের মানুষদের সাহায্য ছাড়া নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন না। মায়ের অসুস্থতার সময় অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। আমি মাঝে মধ্যে বাধা দিয়েছি। মায়ের ওষুধ খাওয়া, বিশ্রাম নেওয়া ইত্যাদি বিষয় যে জরুরি, সেটাও অনেকে বুঝতে চাইত না। অনেকেই তাঁর ছেলের দাবি নিয়ে আসত, কিন্তু ছেলের কর্তব্য পালন করতে চাইত না। তাদের কেউ কেউ বলেছে, ‘সুফিয়া কামালের বড় ছেলে ওর মায়ের সঙ্গে দেখা করতে দেয়নি আমাদের।’ কিন্তু মায়ের অসুস্থতার বিষয়টি তারা বুঝতে চাইত না। মায়ের বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি ছিল। শুভাকাঙ্ক্ষীদের আসা-যাওয়ার কারণে মা কখনো কখনো বিশ্রামের সুযোগও পাননি। এটা আমাকে এখনো দুঃখ দেয়।অনুলিখিত জাহীদ রেজা নূর