মায়ের কবরে ঠাঁই পেলেন মোজাফ্ফর আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফ্ফর আহমদের দুই ছেলে সিরাজুল আমিন ও মমতাজুল করিম এবং মেয়ে সোহেলা নাজনীনকে সঙ্গে নিয়ে শোকাহত সহধর্মিণী রওশন জাহান এগিয়ে এলেন লাশবাহী গাড়ির কাছে। দীর্ঘদিনের পারিবারিক বন্ধুজন অধ্যাপক আনিসুজ্জামান সস্নেহে জড়িয়ে ধরলেন রওশন জাহানকে। সান্ত্বনা জানানোর ভাষা যেন তখন বাংলার অধ্যাপকের কাছেও নেই। গতকাল বুধবার সকাল থেকে ৭১ (পুরোনো ৭৭১) সাতমসজিদ রোড, ধানমন্ডির বাড়িতে আসতে থাকেন একের পর এক মানুষজন। বাড়ির আঙিনায় লাশবাহী গাড়ির ভেতর তখন তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন। আত্মীয়স্বজন, সহকর্মী, ছাত্রছাত্রী ও গুণগ্রাহীরা জড়ো হতে থাকেন শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। আসেন অধ্যাপক আনিসুজ্জামান, ব্যারিস্টার মইনুল হোসেন, খোন্দকার ইব্রাহিম খালেদ, বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান প্রমুখ।জানাজার জন্য মরদেহ নিয়ে গাড়িটি বাসা ছাড়ল দুপুর সাড়ে ১২টায়। সেই সঙ্গে চিরদিনের মতো পাঁচতলা ভবনের নিজ বাড়িটিকেও বিদায় জানালেন মোজাফ্ফর আহমদ। অবশ্য আগের রাতেই (মঙ্গলবার) অসুস্থ বোধ করায় ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তিনি চিরনিদ্রায় ঢলে পড়েন। গতকাল বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সমাজের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ড. কামাল হোসেন, অধ্যাপক রেহমান সোবহান, সিরাজুল ইসলাম চৌধুরী, এম সাইদুজ্জামান, নজরুল ইসলাম খান, সৈয়দ আবুল মকসুদ, এম হাফিজউদ্দিন খান, কাজী খলীকুজ্জমান আহমদ, তৌফিক আহমেদ চৌধুরী, সাংসদ ফজলে নূর তাপস প্রমুখ।জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘ সাড়ে তিন দশকের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এখানেও শিক্ষক-ছাত্রসহ সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, সাংসদ রাশেদ খান মেনন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয় মোজাফ্ফর আহমদের মরদেহ। তাঁর ইচ্ছা অনুযায়ী সেখানেই মায়ের কবরে দাফন করা হয় তাঁকে। জানাজায় অংশ নেওয়া ও শেষ শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মোজাফ্ফর আহমদের কর্মমুখর জীবনের বিভিন্ন দিকে আলোকপাত করেন। তাঁরা বলেন, এই কৃতী মানুষটি শিক্ষকতা ও অর্থনীতিচর্চার পাশাপাশি দেশের নাগরিক সমাজকে বিভিন্ন বিষয়ে সক্রিয় ও সচেতন রাখতে অগ্রণী ভূমিকা রেখেছেন। দুর্নীতি প্রতিরোধ ও পরিবেশ রক্ষার আন্দোলনে তিনি যে অবদান রেখেছেন, তা দৃষ্টান্তমূলক ও অনুসরণীয়। বিশিষ্টজনেরা মোজাফ্ফর আহমদের উচ্চ নৈতিকতা, সততা ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। কুলখানি শুক্রবার: আগামীকাল শুক্রবার বাদ আসর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে (লেকসংলগ্ন) মোজাফ্ফর আহমদের কুলখানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবাণীতে তাঁরা বলেছেন, শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে তাঁর অসাধারণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আরও শোক: অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রমুখ। শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদও।আরও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন, তাঁদের মধ্যে আছেন: বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী, বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি এ টি এম জহুরুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক তবারক হোসেইন প্রমুখ। গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতিসংঘ সমিতি, অ্যাকশন এইড বাংলাদেশ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, জাকের পার্টিসহ বিভিন্ন সংগঠন।