মায়ের কাছ থেকে মেয়েকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির পর মায়ের সঙ্গে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বের হয় মেয়েটি। স্কুলের সামনেই কয়েকজন দুর্বৃত্ত এসে তার মাকে লাথি মেরে ফেলে দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। গতকাল শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশ ও অপহূত মেয়েটির পারিবারিক সূত্র জানায়, বিদ্যালয় ছুটির পর নবম শ্রেণীর ওই ছাত্রীটি গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মায়ের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা করে। একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত এসে বিদ্যালয়ের মূল ফটকের সামনেই মা-মেয়ের পথরোধ করে। তারা মাকে লাথি মেরে রাস্তার ওপর ফেলে দিয়ে স্কুলছাত্রীটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে দ্রুত সটকে পড়ে। এ সময় ছাত্রীটির মায়ের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, আশুলিয়ার শ্রীপুর এলাকার গেদু রাজের ছেলে চিহ্নিত সন্ত্রাসী শাহীন বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। এ কারণে তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করতেন। অপহরণের ঘটনায় তিনি (ছাত্রীর বাবা) বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় শাহীনসহ ছয়জনকে আসামি করা হয়েছে। স্কুলছাত্রীর মা জানান, ‘শাহীন ও তাঁর সঙ্গীদের দেখেই মেয়ে আমাকে জড়িয়ে ধরে। তাঁরা আমাকে লাথি মেরে ফেলে দিয়ে মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।’নাম প্রকাশ না করার শর্তে শ্রীপুর এলাকার লোকজন জানান, গেদুরাজ ও তাঁর ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গাজীপুর সদর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, গেদুরাজ গাজীপুর জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও নারী নির্যাতন আইনে একাধিক মামলা আছে। তাঁর ছেলে শাহীনের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও শাহীন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। অপহূতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।