মায়ের কোলে নিরাপদে রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসন আর মানুষের ভালোবাসায় রক্ষা পেল পাঁচ মাসের রাব্বি। সে এখন মায়ের কোলে নিরাপদ আশ্রয়ে আছে। আর তার মাদকাসক্ত বাবা পুলিশের হাতে আটক।গতকাল শনিবার সকালে ভৈরব থানার পুলিশ পৌর শহরের মেঘনা নদীর পার থেকে মাদকাসক্ত বাবা মনির হোসেনকে (২৭) ধরে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ মিয়ার উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।গতকাল প্রথম আলোতে ‘এই মায়ের কোল খালি হবে আজ!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের দক্ষিণপাড়ার মনির হোসেন নেশার খরচ জোগাতে ছোট ছেলে রাব্বিকে দুই হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন। এ জন্য তিনি ৫০০ টাকা অগ্রিম নেন। গতকালই বাকি টাকা নিয়ে রাব্বিকে মায়ের কোলছাড়া করার কথা ছিল। কিন্তু মা সাবিনা বেগম নাড়িছেঁড়া ধন কোলছাড়া করতে চাচ্ছিলেন না।প্রতিবেদনটি পড়ে গতকাল দেশ-বিদেশের অসংখ্য পাঠক প্রথম আলো কার্যালয়ে ফোন করে রাব্বির খোঁজ নেন। পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন। অনেকে নগদ অর্থ সহায়তা করতে চেয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকেও ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। কয়েকটি মাদক নিরাময় কেন্দ্র মনিরকে বিনাপয়সায় চিকিৎসা দিতে চেয়েছে। জাতীয় মহিলা সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মেয়ে তানিয়া বকত পরিবারটির পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।প্রথম আলোর অনলাইন সংস্করণে অনেক পাঠক আবেগঘন বক্তব্য দিয়েছেন। কুলসুম আল-নজরুল নামের এক পাঠকের মন্তব্য, ‘নেশা বিবেকবোধ লোপ করতে জানে। মনির হোসেন একজন পাষাণ পিতা।’ মাহবুবুর রহমান ভূঁইয়ার মন্তব্য, ‘হায় রে নেশা! পিতা ভুলে যায় পুত্রের বাঁধন।’ গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, অনেকটা আশ্রয়হীন সাবিনা মেঘনা নদীর পারে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁর চোখে-মুখে শঙ্কা। এ সময় প্রথম আলোতে সংবাদটি পড়ে এক পাঠক এই প্রতিনিধির মাধ্যমে সেখানে হাজির হন। তিনি সাবিনার হাতে দুই হাজার টাকা তুলে দেন। তিনি অনুরোধ করেন, রাব্বিকে যেন অন্যের হাতে তুলে না দেওয়া হয়।সন্তানকে কারও কাছে তুলে দিতে হবে না জেনে আবেগাপ্লুত সাবিনা বলেন, ‘আমার কোনো ঘর নাই। রেলের জায়গায় থাকতাম। তা-ও উচ্ছেদ কইরা দিছে। এখন খোলা আকাশের নিচে আছি। তাতেও দুঃখ নাই। কারণ, সারা জীবন আমার সন্তান আমার কাছে থাকব, তাতেই শান্তি।’ভৈরবের ইউএনও খোরশেদ আলম বলেন, পরিবারটির ওপর নজর রাখা হয়েছে। শিশুটি যেন তার মায়ের কাছেই থাকে, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।দুপুরে থানায় গিয়ে দেখা যায়, মনিরকে একটি কক্ষে বসিয়ে রাখা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মনিরকে থানায় আনা হয়েছে। তবে নেশার টাকা জোগাড় করতে সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার কথা অস্বীকার করেন মনির। তাঁর দাবি, ‘দোকানে ৫০০ টেহা ভাঙতি আনতে দেইখা অনেকে মনে করছে, এই টেহা সন্তান বিক্রি কইরা পাইছি।’মনিরের বড় বোন আসমা বেগম বলেন, ‘নেশার টাকা না পাইলে পোলাপানরে ছুইড়া ফেলত ও (মনির)। স্ত্রীকে পিটাইত। এক দিন নেশার টাকা না পাইয়া রাব্বির দুধের ডেকচি থাইক্কা দুধ ফালাইয়া দিছে। এরপর হেই ডেকচি বিক্রি কইরা দিছিল।’