মায়ের কোলে ফিরল তানিয়া-রাজিব
মায়ের কোলে ফিরে গেছে সেই দুই ভাইবোন তানিয়া (১০) ও রাজিব (৫)। আজ বুধবার দুপুরে মা শারমিন বেগম আদালতের অনুমতি নিয়ে বাগেরহাট নিরাপদ আবাসনকেন্দ্র থেকে ওই দুই শিশুকে নিয়ে গেছেন। এ সময় তাদের চাচা শহীদুল ইসলাম এবং পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম হাওলাদার শারমিন বেগমের সঙ্গে ছিলেন।শারমিন বেগম প্রথম আলো ডটকমকে বলেন, গত ১৭ নভেম্বর ‘প্রথম আলো’ পত্রিকায় তানিয়া ও রাজিবের খবর প্রকাশিত হলে ঢাকায় বসবাসকারী আত্মীয়রা তাঁকে এ খবর জানান। ওই দিনই তিনি বাগেরহাট নিরাপদ আবাসনকেন্দ্রে এসে ছেলেমেয়ের খোঁজ পান। বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে চার দিন পর সন্তানদের ফিরে পেয়ে তিনি খুব খুশি বলেও জানান সাংবাদিকদের। তবে নিজের পরিবার সম্পর্কে সাংবাদিকদের কাছে তানিয়া ও রাজিবের দেওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননি।বুধবার দুপুরে নিরাপদ আবাসনকেন্দ্রের অফিস চত্বরে শিশু দুটির চাচা শহীদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘বাচ্চা দুটি নিজেদের ও মা-বাবার নাম এবং গ্রামের সঠিক ঠিকানা বলায় ওদের খুঁজে পাওয়া সহজ হয়েছে। তবে তানিয়া আমাদের পরিবার সম্পর্কে পুলিশ ও সাংবাদিকদের কাছে অনেক মিথ্যা তথ্য দিয়েছে। কেন ওরা এভাবে এসব কথা বলল, বুঝলাম না।’বাগেরহাট নিরাপদ আবাসনকেন্দ্রে আশ্রিতদের সেবা প্রদানকারী সংগঠন মাসাসের জেলা সমন্বয়কারী আফরোজা খাতুন জানান, ‘১৫ নভেম্বর আদালতের নির্দেশে পুলিশ তানিয়া ও রাজিবকে এই আবাসনকেন্দ্রে রেখে গিয়েছিল। আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী শিশু দুটিকে তাদের মা ও চাচার কাছে হস্তান্তর করা হয়েছে।’ প্রসঙ্গত, ১৪ নভেম্বর দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দুই ভাইবোনকে কাঁদতে দেখে এক ব্যক্তি তাদের বাগেরহাট মডেল থানায় রেখে যান। এর পরের দিন পুলিশ তাদের আদালতে পাঠালে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মুতাসিন বিল্লাহ শিশু দুটিকে বাগেরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় নারী ও শিশুদের জন্য নিরাপদ আবাসনকেন্দ্রে পাঠানোর আদেশ দেন। ১৭ নভেম্বর এ দুই ভাইবোনের ওপর ‘প্রথম আলো’য় ‘ওদের বাবা-মা থেকেও নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি কয়েকজন প্রবাসী বাংলাদেশিও এই প্রতিনিধির কাছে ফোন করে তানিয়া ও রাজিবের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের দত্তক হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেন।