মায়ের কোলে ফিরেছে মায়েশা
প্রতীক্ষা শেষ হয়েছে। শেষ হয়েছে অসহ্য যন্ত্রণায় ছটফট করা প্রতিটি প্রহর। আট মাসের ফুটফুটে মায়েশা ফিরে এসেছে মা-বাবার কোলে। তার এই ফিরে আসায় আনন্দে ভাসছে খিলগাঁওবাসী।রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে অপহূত শিশু মোবাশ্বিরা আলম মায়েশাকে মিরপুরের পাইকপাড়া থেকে আজ রোববার উদ্ধার করা হয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো অনলাইনকে এ কথা নিশ্চিত করে বলেন, মিরপুরের পাইকপাড়ার একটি বাসার পাশ থেকে আজ রোববার দুপুর ১২টার দিকে অপহূত শিশুটিকে উদ্ধার করা হয়। পাইকপাড়া থেকে উদ্ধারের পর মিরপুর থানার পুলিশ খিলগাঁও থানার পুলিশ ও পরিবারের কাছে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে হস্তান্তর করে। এরপর শিশুটিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে খিলগাঁও থানায় এনে বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তরের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত জনতা আনন্দে হাততালি দিয়ে ওঠে।শিশু মায়েশাকে ফেরত পেয়ে বাবা শাহ আলম বলেন, ‘অনুভূতি অসাধারণ! গণমাধ্যম, পুলিশ ও র্যাবকে ধন্যবাদ।’মায়েশার মা খালেদা বেগম বলেন, ‘সবার সহযোগিতায় আমার বাচ্চাকে খুঁজে পেয়েছি। আমি সবার কাছে ঋণী।’উদ্ধারের প্রক্রিয়া: পুলিশ জানায়, মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার চারতলা একটি বাড়ির গেটের পাশে কে বা কারা শিশুটিকে রেখে যায়। ওই বাড়ির নিচতলার বাসার গৃহকর্মী দুপুর ১২টার দিকে শিশুটির কান্না শুনতে পান। তিনি বাসা থেকে বের হয়ে গেটের পাশে শিশুটিকে কাঁদতে দেখেন। এ সময় শিশুটির পরনে ছিল একটি জামা। আর তাঁর পাশে গেঞ্জিতে মোড়ানো একটি ফিডার।শিশুটির পরিচয় জানার চেষ্টার একপর্যায়ে অনেক লোক জড়ো হয়। তারা ফিডারে মোড়ানো গেঞ্জিটি খুলে সেখানে একটি চিরকুট পায়। গেঞ্জির ওপর মার্কার কলমে লেখা ছিল, ‘দয়া করে খিলগাঁও থানায় পৌঁছে দিন’। চিরকুটের নিচে একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল।ওই বাড়ির মালিক আজহারুল ইসলাম বলেন, গেঞ্জিতে লেখা ফোন নম্বর ও মিরপুর থানায় আমরা যোগাযোগ করি। পরে পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়। মতিঝিল অঞ্চলের পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল শিশুটিকে অক্ষত উদ্ধার করা। সকাল সাতটার দিকে নিশ্চিত হই, আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় পাব।’ এ ঘটনায় জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ‘তা আমি পুরোপুরি বলব না। অপরাধীদের গ্রেপ্তারের পর বিস্তারিত বলব। পরিবারের কাছে শিশুটিকে ফিরিয়ে দিয়েছি, সেটাই আমাদের আনন্দ।’অপহরণ: গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসায় হানা দিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই বাসা থেকে আট মাসের শিশু মোবাশ্বিরা আলম মায়েশাকে তুলে নিয়ে ২৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে।শিশুটির বাবা শাহ আলম অগ্রণী ব্যাংকের শ্যামলী শাখার কর্মকর্তা। শাহ আলমের পরিবার ছাড়াও ওই বাসায় তাঁর বড় বোনের পরিবার থাকে। ঘটনার সময় শাহ আলম বাইরে ছিলেন।খিলগাঁও থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচ যুবক ওই বাসায় ঢোকেন। প্রত্যেকের হাতে ছিল রামদা। তাঁরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলেন। এরপর বাসার আলমারি ও ওয়ার্ডরোব খুলে ২০ ভরি স্বর্ণালংকার, প্রায় দেড় লাখ টাকা ও দুটি মুঠোফোন লুটে নেন। পরে মোবাশ্বিরাকে তুলে নিয়ে তাঁরা দ্রুত বাসা থেকে বের হয়ে যান।শাহ আলমের বড় বোন শামসুন্নাহার বলেন, ঘটনার সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। দরজায় করাঘাত করায় তাঁর স্বামী হুমায়ুন কবীর দরজা খুলে দেন। বাসায় ঢুকে যুবকেরা বলেন, পুলিশ তাঁদের ধাওয়া করেছে, একটু থেকেই চলে যাবেন। এই বাসার ভাড়া কত, ব্যাংকে কত টাকা আছে—এসব জানতে চান যুবকেরা। তিনি বলেন, ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটি তাঁর ও তাঁর স্বামীর। মোবাশ্বিরাকে নিয়ে যাওয়ার সময় ওই যুবকেরা ওই দুটি নম্বরে যোগাযোগ করে মোবাশ্বিরাকে ফেরত বাবদ ২৫ লাখ দিতে বলেন। তবে পরে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।