মায়ের কোলে সেই দুই শিশু
দেড় মাস পর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো দুধের সেই দুই শিশুকে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মেহেরপুরের গাংনী থানায় মা সাবিনা খাতুন ফিরে পান সাড়ে তিন মাস বয়সী যমজ দুই সন্তানকে। এ সময় আবেগাপ্লুত সাবিনা শিশুদের চোখেমুখে আদর করতে থাকেন।গতকাল মঙ্গলবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘দুধের শিশুকে মায়ের কোলছাড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত রোববার সাবিনা প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেছিলেন, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন। দেড় মাস ধরে যমজ দুই সন্তানকে তাঁর কাছ থকে আলাদা করে রাখা হয়েছে। শিশুদের বুকের দুধ খাওয়াতে না দিয়ে কৌটার দুধ খাওয়ানো হয়। সন্তান চাইলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলা হয়। কিন্তু তাঁর মা-বাবা গরিব হওয়ায় টাকা দিতে পারছেন না।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল সকালে প্রথম আলোর অনলাইনে প্রতিবেদনটি পড়ার পর পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে জানানোর নির্দেশ দেন। দুপুরের মধ্যে ওই শিশুদের বাবা, দাদা-দাদিকে থানায় ডেকে পাঠানো হয়। মা সাবিনাকে মোহাম্মদপুর গ্রামে তাঁর বাবার বাড়ি থেকে থানায় নিয়ে আসা হয়। রাত আটটার দিকে দাদা-দাদি তাঁদের ভুল স্বীকার করে মায়ের কোলে শিশুদের তুলে দেন।শিশুদের কোলে পেয়ে সাবিনা খাতুন বলেন, ‘এ আনন্দ বুইলি শেষ কইরতি পাইরব না। সব সুখ আমি ফিরি পাইছি।’মেহেরপুরের পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী বলেন, ‘ঘটনাটি খুব মর্মস্পর্শী। প্রথম আলোয় প্রতিবেদনটি প্রকাশিত না হলে এ রকম হূদয়বিদারক ঘটনাটি জানতে পারতাম না। ভবিষ্যতে শিশু দুটির ব্যাপারে খোঁজখবর রাখা হবে।’