মায়ের গ্রামটা খুব দেখতে ইচ্ছে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার সন্ধ্যায় ‘ইবিএল করপোরেট নাইট’ অনুষ্ঠানে গান করেন তিনি। এর আগে গত রোববার সন্ধ্যায় হোটেল দি ওয়েস্টিনে নৈশভোজের আগে কথা হলো শ্রীকান্তের সঙ্গে। সেই কথোপকথনই তুলে ধরা হলো এখানে।ইদানীং বাংলাদেশে আপনার প্রায়ই আসা হচ্ছে?তা একটু বললে ভুল হবে, খুব বেশি আসা হচ্ছে। গত মাসেও এসেছিলাম, এইচএসবিসির আমন্ত্রণে। ঢাকা ও চট্টগ্রামের দুটি অনুষ্ঠানে গান করেছিলাম। গত চার বছরে ১৫ বার আসা হয়েছে। বাংলাদেশে আতিথেয়তার কথা ভোলা যায় না। ঢাকা শহরটা আমাদের কাছে অনেকটাই পরিচিত হয়ে গেছে। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। চেনা-পরিচয়ের পরিধিটা ক্রমেই বড় হচ্ছে। আরেকটা কথা, আমার মা কিন্তু বিক্রমপুরের মেয়ে। তাঁর জন্ম এখানেই। তাই এদেশের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। প্রথম কবে ঢাকায় এসেছিলেন? ২০০৮ সালে। ঢাকায় আসার প্রস্তাব পাচ্ছিলাম ১৯৯৭ সাল থেকে, আমার অ্যালবাম বের হওয়ার পর। নানা কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি। ভেবেছিলাম, আর কি তবে যাওয়া হবে না? তবে একবার যখন আসা শুরু হলো, তারপর বছরে অন্তত তিন-চারবার আসা হচ্ছে।যতটুকু শুনেছি, আপনি গানের জগতে এসেছেন অনেক পরে। শুরুতে আপনি ভালো একটি চাকরি করতেন।আমি কিন্তু আচমকা গানবাজনার জগতে চলে এসেছি। কোনো লড়াই করে আসিনি। কোনো পরিকল্পনা ছিল না। পরিবারে কোনো গানবাজনার চর্চা ছিল না। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। বড় বড় চাকরি করছে। আমি গান যতটুকু শিখেছি, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে পারেন। গানের স্কুলে যেতাম। নাম ‘দক্ষিণী’। রবীন্দ্রসংগীত শেখানো হয়। ‘দক্ষিণী’ থেকে স্নাতক হওয়ার পর গানটা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম, ওসব আমাকে দিয়ে হবে না। আমি যে চাকরিটা করতাম, সেটা বিপণনসংশ্লিষ্ট কাজ ছিল। ভয়ংকর ট্যুর করতে হতো। মাসে গড়ে ২২০০ কিলোমিটার ভ্রমণ! চাকরিটা একদিন হুট করে ছেড়ে দিলাম। তখন মনে হলো, গান নিয়ে একবার কি চেষ্টা করে দেখব? একেবারে অন্ধকারে ঢিল ছোড়া। কাউকে না জানিয়ে নিজেই একটু চেষ্টা করলাম। এর আগে ১০ বছর কিন্তু হারমোনিয়ামে হাত দিইনি। হারমোনিয়ামটা এক বন্ধুকে দিয়েছিলাম।অ্যালবামের ভাবনাটা কীভাবে এল? সাগরিকার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন উৎপল চক্রবর্তী। সবাই তাঁকে দুলালদা বলে ডাকতাম। তাঁর একটা দোকান আছে, নাম মেলোডি। অনেক পুরোনো। এখানে একসময় শচীন দেববর্মন এসে আড্ডা দিতেন। আমি কিছু গান তৈরি করেছিলাম। সেগুলো জমা দিই। সাগরিকা থেকে চার দিন পরে আসতে বলা হলো। যাওয়ার পর তাঁরা আমার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার আগ্রহ দেখালেন। শুরুতেই দুটি অ্যালবাম হবে। একটি রবীন্দ্রসংগীতের, অন্যটি পুরোনো দিনের বাংলা গান নিয়ে। ওই সময় পুরোনো বাংলা গান নতুন করে গাওয়ার একটা ব্যাপার খুব জনপ্রিয় ছিল। এখন কিন্তু আবার সেটা নেই। আসলে সাগরিকার কর্তৃপক্ষ আমাকে দিয়ে নতুন মৌলিক গান গাওয়ানোর ঝুঁকি নিতে চায়নি। সবাই তো নিজেদের ব্যবসার কথা ভাবে। আমার জন্য তখন সুযোগ পাওয়াটাই বড় ব্যাপার ছিল। অ্যালবামের কথা কাউকে বলিনি। ভেবেছিলাম, এটা নিশ্চয়ই ফ্লপ হবে। পুরোনো দিনের গানগুলো আপনার কণ্ঠে যতটা জনপ্রিয়তা পেয়েছে, মৌলিক গানগুলোর বেলায় কিন্তু তেমনটা হয়নি।আমি কিন্তু পুরোনো দিনের গানের মধ্যে নিজেকে আটকে রাখিনি; আটকে গেছেন শ্রোতারা। পরের বছর আমার প্রথম মৌলিক গানের অ্যালবাম একঝাঁক পাখি বের হলো। শুরুতে তেমন আগ্রহ তৈরি করতে না পারলেও পরে এ অ্যালবামের কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আর শুরু থেকেই রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের করেছি। সেগুলোও শ্রোতারা শুনছে।আপনার স্ত্রী তো একজন গীতিকার।অর্ণা। খুব যে সারাক্ষণ লিখছে, তা কিন্তু নয়। মাঝেমধ্যে, টুকটাক। একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করছে। বড় পদ। আমার থেকে অনেক বেশি ব্যস্ত। ওর লেখা কিছু কিছু গান খুব জনপ্রিয় হয়েছে। শুভমিতার কণ্ঠে ইদানীং খুব জনপ্রিয় হয়েছে ‘বৃষ্টি পায়ে পায়ে’। ওটার সুর করেছে জয় সরকার। আবার কবে আসছেন?৯ ডিসেম্বর আসতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে একটা অ্যালবামের মোড়ক খোলা হবে। এবার কি মাকে সঙ্গে নিয়ে আসবেন?মা বিক্রমপুরে যাওয়ার কথা শুনলেই তৈরি হয়ে যাবেন। তিনি বাবার গ্রামটা খুব দেখতে চান। কিন্তু মাকে নিয়ে অতদূর পর্যন্ত হয়তো যেতে পারব না। তাঁর পায়ে সমস্যা। অনেকদূর হাঁটতে হবে। তবে মায়ের গ্রামটা কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে হয়।