মায়ের দুধের পক্ষে সরকারি প্রচারণা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পক্ষে সরকারিভাবে প্রচারের বিষয়টি বর্তমানে একরকম বন্ধ আছে। অভিযোগ আছে, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা মাতৃদুগ্ধের পক্ষে প্রচারকে গুরুত্ব দিচ্ছেন না। তবে, কয়েক বছর ধরে বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি এলাকায় স্বল্প পরিসরে কিছু কিছু প্রচার হচ্ছে।সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অপর্যাপ্ত। ৮০ শতাংশ জায়গায় এনজিওগুলো পৌঁছাতে পারছে না। এনজিও সূত্রগুলো এসব কথা জানিয়েছে। শিশু বিশেষজ্ঞ এম কিউ কে তালুকদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের অনেক শিশু খর্বাকৃতির, তারা শীর্ণকায় এবং কম ওজনের। প্রতিদিন অপুষ্টিতে মারা যাচ্ছে পাঁচ বছরের কম বয়সী ২৫০টি শিশু। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ না খাওয়ানো এই অপুষ্টির প্রধান কারণ। তিনি বলেন, অপুষ্টিজনিত কারণে শিশুমৃত্যুর হার কমাতে সরকারের বিশেষ কর্মসূচি নেওয়া খুব জরুরি। পাশাপাশি, আইন করে কৃত্রিম শিশুখাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পুষ্টি বিশেষজ্ঞ মো. মহসীন আলী প্রথম আলোকে বলেন, সাধারণ কিছু সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে কম্বোডিয়া। এতে দেশটি ছয় মাস পর্যন্ত শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর হার ১১ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে বিষয়টি উপেক্ষিতই থেকে গেছে।বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (বিডিএইচএস, ২০০৭) বলা হয়েছে, বাংলাদেশে এক দশক ধরে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানোর হার ৪২-৪৩ শতাংশে স্থির হয়ে আছে। পরিস্থিতির কোনো উন্নতি নেই। এমনকি দুই মাস বয়স পর্যন্ত শতভাগ শিশুকে মায়ের দুধ দেওয়া হচ্ছে না। অথচ প্রথম ছয় মাস পর্যন্ত শিশুর জন্য প্রয়োজনীয় সব পুষ্টি একমাত্র মায়ের দুধ থেকে পাওয়া যায়। এ সময় কৃত্রিম যেকোনো দুধ থেকে শিশুর দেহে সংক্রমণ হতে পারে, ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। সর্বশেষ সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘ শিশু তহবিলের ‘বাংলাদেশ হাউজহোল্ড ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন অ্যাসেসমেন্ট রিপোর্ট ২০০৯’ প্রচারণা আরও জোরদার করার কথা বলেছে। কারণ, ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোর হার সন্তোষজনক নয়, এমনকি বরিশাল বিভাগে এই হার ৪০ শতাংশ মাত্র। স্বাস্থ্যসচিব মোহাম্মদ হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, মাতৃদুগ্ধের পক্ষে প্রচার বাড়ানো ও বিকল্প শিশুখাদ্যের প্রসার রোধ করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে ভাবছে। এ জন্য মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য (বিপণন নিয়ন্ত্রণ) বিধিমালা, ১৯৯৩ মূল্যায়ন করা হচ্ছে। মায়েদের সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ উপকরণ তৈরির কাজও এগিয়ে নিচ্ছে। জানা যায়, মায়ের দুধ খাওয়ানোয় উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিসটেন্ট (এফডব্লিউভি, এফডব্লিউএ) এবং জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) সামাজিক পুষ্টিকর্মীদের কাজ করার কথা। ১৯৯৭ সালে পুষ্টিবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (বাংলাদেশ ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন ফর নিউট্রিশন) প্রণীত হয়। তাতে ছয় মাস পর্যন্ত শিশুদের শুধু মায়ের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, মহিলা ও শিশু, তথ্য, কৃষি মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে একযোগে কাজ করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু তা হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্যকর্মীদের কাছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কাজগুলো বেশি গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া, এনএনপির সহযোগী এনজিওর কর্মীদের মাঠপর্যায়ে সচেতন করার কাজ কথা। চার বছর ধরে কোনো এনজিও যোগ্য মনোনীত না হওয়ায় সচেতনতামূলক কাজ খুবই সীমিত আকারে চলছে। এর আগে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এনএনপিকে সারা দেশে মাতৃদুগ্ধের প্রচার-প্রসারের কাজে সহায়তা দিত। চার বছর ধরে এ খাতে বরাদ্দকৃত টাকা অলস পড়ে আছে। প্রতিবছর এ খাতে বরাদ্দ প্রায় দুই কোটি টাকা। ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এস কে রায় প্রথম আলোকে বলেন, এনএনপির আওতায় একসময় ৪৯৮টি হাসপাতালকে শিশুবান্ধব করা হয়েছিল। বলা হয়েছিল, এসব হাসপাতালে শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ দেওয়ার ব্যাপারে মায়েদের উদ্বুদ্ধ করা হবে। পাশাপাশি কোনো কৃত্রিম শিশুখাদ্য বিপণনকারী প্রতিষ্ঠান যেন মায়েদের প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে।তবে এনএনপির কর্মকর্তারা জানান, নতুন করে ১৫টি হাসপাতালকে শিশুবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া এনএনপিভুক্ত ১৭২টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় মায়েদের সহায়তাকারী দল কাজ করছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ে মায়েরা বইপত্র, পোস্টার, লিফলেট চান। রেডিও-টিভিতে ব্যাপক প্রচারণা চান। কিন্তু সে ধরনের কোনো কাজ হচ্ছে না। তাঁরা মায়ের দুধ কেন খাওয়াতে হবে, কত দিন খাওয়াতে হবে, কেন কৃত্রিম শিশুখাদ্য শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর—সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না। জানতে চাইলে এনএনপির পরিচালক মাঈনুদ্দীন খন্দকার বলেন, ‘মাঠপর্যায়ে উদ্বুদ্ধ করার কাজ এখনো চলছে। তবে অন্যান্য কাজের জন্য যোগ্য প্রতিষ্ঠান আমরা খুঁজে পাইনি।’ সরকারি উদ্যোগের বাইরে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান বাংলাদেশ, ব্র্যাক, অ্যালাইভ অ্যান্ড থ্রাইভসহ আরও কিছু বেসরকারি সংস্থা মাঠপর্যায়ে কাজ করছে। সেভ দ্য চিলড্রেন ইউকের স্বাস্থ্য ও ক্ষুধা কর্মসূচির ব্যবস্থাপক মুনীর আহমেদ বলেন, বেসরকারি সংস্থাগুলো দেশের মাত্র ২০ শতাংশ এলাকায় কাজ করে। জানতে চাইলে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএমএস কোড কেউ ভাঙছে কি না, তা নজরদারি করে আইপিএইচএন। প্রতিষ্ঠানটি সচেতনতামূলক কিছু কাজ করে। তবে তিনি বলেন, এসব কাজ আরও জোরদার করা প্রয়োজন।