মায়ের দুধের সুফল পাওয়া যায় জীবনভর
কিছু সাধারণ জ্ঞান শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারে। এ ব্যাপারে সচেতনতা যত বাড়বে, চর্চা যত বাড়বে শিশু উপকৃত হবে। ফল পাবে দেশ।জন্মের পর এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে। শালদুধ প্রোটিনসমৃদ্ধ। এই দুধ নবজাতকের জন্য টিকার কাজ করে। শিশুকে নানা রোগবালাই থেকে সুরক্ষা দেয়।নবজাতক মায়ের স্তন চুষলেই সে দুধ পাবে। স্তন চুষতে না দিলে দুধ আসবে না। এ জন্য মায়ের মানসিক প্রস্তুতি থাকা দরকার। পরিবারের অন্য সদস্য বা স্বাস্থ্যকর্মীরা এ ব্যাপারে নতুন মাকে সহায়তা করবেন। জন্মের পর প্রথম এক বা দুই দিন শিশু কম দুধ পেলেও তৃতীয় দিন থেকে পর্যাপ্ত দুধ পাবে। অস্ত্রোপচার করে যে শিশুর জন্ম হয়েছে, তার বেলায়ও একই কথা প্রযোজ্য। শিশুকে মায়ের দুধ দেওয়াই প্রকৃতির বিধান এবং বিজ্ঞান এই বিধানকেই সমর্থন করছে। অনেকে এই যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে মায়ের দুধ নেই, আসে না, আসছে না। সেই অজুহাতে অনেকে শিশুকে অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করেন। এখানেই বিপত্তি দেখা দেয়। শিশুর বমি হয়, পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দেয় বা ক্ষেত্রবিশেষে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই বিষয়গুলো আমরা অনেকে জানি না, আমাদের নানি-দাদিদের বোঝাতে পারি না। মাকে বুঝতে হবে, শিশুকে দুধ খাওয়াতে হবে ছয় মাস বা ১৮০ দিন পর্যন্ত। এই সময়ে শিশুকে অন্য আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। এমনকি শিশুর পানিরও দরকার নেই। কারণ, মায়ের দুধে পর্যাপ্ত পানি থাকে। জন্মের পর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ পেলে শিশুর স্বাস্থ্যের শুভ সূচনা হয় বলা চলে। এরপর বাকি দেড় বছরের নিয়মটি যদি মানা যায়, তবে শিশুর স্বাস্থ্য একটি মজবুত ভিত্তি পায়। এর সুফল সে সারা জীবন পেয়ে যাবে। ছয় মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হবে। এ সময় শিশুর মাড়ি কিছুটা শক্ত হয়। প্রথম দিকে শিশু মায়ের দুধের পাশাপাশি নরম খাবার খাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ খাবে। ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের পরিপূরক খাবার খিচুড়ি হওয়াই ভালো। এই খাবার হবে ঘরে তৈরি। ভাত, মাছ, ডাল, সবজি ও ফল দেওয়া যেতে পারে। আস্তে আস্তে তাকে পরিবারের স্বাভাবিক খাবরে অভ্যস্ত করতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পরিষ্কার পাত্রে খাবার তৈরি হবে, পরিষ্কার পাত্রে শিশু খাবে এবং শিশুকে কখনোই বাসি খাবার দেওয়া যাবে না। লেখক: জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশু-চিকিৎসক