মায়ের নামে হাসপাতাল করছেন তিন বোন
নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে ২৫ কি.মি. উত্তরে লাহুড়িয়া ইউনিয়নের আরাজিমন্ডলগাতী গ্রাম। এ গ্রামেই অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পার মামাবাড়ি। গত বুধবার দুপুরে এখানে এসেছেন সুচন্দা, ববিতা ও চম্পা। উদ্দেশ্য, নানার ভিটায় মায়ের নামে হাসপাতাল প্রতিষ্ঠা করা।ববিতা জানান, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সুবিধাবঞ্চিত শিশু অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক সংগঠন ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআইআই) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন। এই সংগঠনকে তিনি বাংলাদেশে একটি হাসপাতাল করার প্রস্তাব দেন। ডিসিআইআই প্রস্তাবটি গ্রহণ করেছে। ববিতা বললেন, ‘ডিসিআইআইয়ের নির্দেশে প্রয়োজনীয় তথ্য জরিপ ও জায়গা নির্ধারণ করতে মামাবাড়িতে এসেছি।’সুচন্দা বলেন, ‘আমার মা বেগম জাহানারা ছিলেন চিকিৎসক। কলকাতা লেডি ব্র্যাবোর্ন কলেজে তিনি লেখাপড়া করেছেন। মায়ের ইচ্ছা ছিল দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার। তিনি মারা গেছেন। এখন আমরা তাঁর ইচ্ছা পূরণ করতে যাচ্ছি। এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে এলাকার ১১টি গ্রামের ৩২ হাজার মানুষকে চিকিৎসাসুবিধা দেওয়া সম্ভব হবে।’সুচন্দা, ববিতা ও চম্পার আসা উপলক্ষে সারা গ্রামে আনন্দের বন্যা বইছে। মোটর শোভাযাত্রায় তাঁদের লোহাগড়া থেকে আরাজিমন্ডলগাতী নিয়ে আসা হয়। মামাতো ভাই খোন্দকার শাহজালাল বলেন, ‘এ গ্রাম এখনো ঝাড়-ফুঁক ও কবিরাজি চিকিৎসানির্ভর। এখানে একটি বড় হাসপাতাল হবে। আমরা খুব আনন্দিত।’