মায়ের বিলাপ, ‘আমার পোলার কী অপরাধ’
‘আমার পোলার কী অপরাধ। তারে ক্যান মারছে, আল্লাহ যেন এর বিচার করে।’ ছেলে জামালকে হারিয়ে এসব বলেই বিলাপ করছিলেন মা শাহনাজ পল্লবী।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শনিবারের বিক্ষোভের ঘটনার সময় গুলিতে আহত যুবক মোস্তফা জামাল হায়দার (২৮) ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রূপগঞ্জে শোকের ছায়া নেমে আসে।গতকাল জামালদের রূপগঞ্জের হরিণা-নদীর পাড়ের ছোট্ট টিনশেড বাড়িতে গেলে শোনা যায় মাতম। বাড়িটি ঘিরে ভিড় জমিয়ে ছিল এলাকাবাসী। ভেতরে ছেলের নানা স্মৃতির কথা তুলে আহাজারি করে কাঁদছিলেন জামালের মা। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। জানা গেল, কাঁদতে কাঁদতে জামালের বাবা মো. আবদুল রফিকের শোকে পাথর অবস্থা। তিনি প্রায় বাকরুদ্ধ।বিকেলে জামালের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বাড়িতে লাশ নেওয়ার জন্য জামালের আত্মীয়স্বজন ও এলাকাবাসী সেখানে ভিড় করেছিল। ময়নাতদন্ত শেষে রাত নয়টার পর তারা লাশ নিয়ে রূপগঞ্জে রওনা হয়।মর্গে জামালের বাবা মো. আবদুল রফিক প্রথম আলোসহ অন্য সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সেনাসদস্যরা তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছেন। আবদুল রফিক জানান, শনিবার সকালে জামাল তাঁর সঙ্গে বসে সকালের নাশতা খান। একফাঁকে তিনি যে মিছিলে গেছেন, তা তিনি টেরও পাননি। ‘এর পর থেকে এখন পর্যন্ত কিছু মুখে দেই নাই। আর খেয়েই বা কী করব! আমার ছেলে তো আর খাবে না।’ বলেন শোকাহত বাবা।আবদুল রফিক জানান, প্রথমে তিনি শুনেছিলেন, তাঁর বড় ছেলে আহত হয়েছেন। ছেলের খোঁজে প্রথমে যান রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। ঢাকা মেডিকেলে গিয়েও জামালকে না পেয়ে যান পঙ্গু হাসপাতালে। সেখানে গিয়ে জামালকে তিনি কাতরাতে দেখেন। সেখানকার চিকিৎসকেরা জানান, গুলিতে জামালের ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং তাঁর রক্তনালি ছিঁড়ে গেছে। তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে নেওয়া না হলে বাঁচানো যাবে না। রফিক বলেন, ‘হূদরোগ ইনস্টিটিউটে নিয়ে আট ব্যাগ রক্ত দিয়েও তাঁকে বাঁচানো গেল না।’হূদরোগ ইনস্টিটিউটের সংশ্লিষ্ট শল্যচিকিৎসক প্রথম আলোকে জানান, শনিবার রাতে জামালকে অজ্ঞান অবস্থায় আনা হয়। এ সময় তাঁর হূৎস্পন্দন ছিল না। চিকিৎসক বলেন, জ্ঞান ফিরে না আসায় গুলিতে ছিঁড়ে যাওয়া রক্তনালি জোড়া দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় রক্তক্ষরণে জামালের মৃত্যু হয়।রফিক সাংবাদিকদের বলেন, ‘সেনাদের কারণে এলাকায় দীর্ঘদিন জমি রেজিস্ট্রি করা বন্ধ রয়েছে। জমিজমার দামও কমে গেছে। সেনাবাহিনীর কারণে কেউ জমি কিনতেও আসত না।’রফিক জানান, ২০০০ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর জামাল তাঁর সঙ্গে কৃষিকাজ করতেন। তিনি শাড়ির ব্যবসা করতে চাইলেও পুঁজি ছিল না। তাঁর ইচ্ছা ছিল, জমি বেচে ছেলেকে ব্যবসার টাকা দেবেন। জামাল দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।জামালের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সেনাবাহিনী হাজার হাজার মানুষের অধিকার হরণ করেছে।’মর্গে উপস্থিত জামালের প্রতিবেশীরাও তাঁর ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু বিচার দাবি করেন।সেনা কর্তৃপক্ষ জনতার ওপর গুলি করার কথা অস্বীকার করে বলেছে, বিক্ষুব্ধ লোকজন সেনাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ‘দুর্ঘটনাবশত’ কয়েকটি গুলি বেরিয়ে যায় এবং তাতে একজন বেসামরিক ব্যক্তি আহত হন।নয়জন হাসপাতালে: গুলিবিদ্ধ নয়জন গতকাল রোববার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এঁদের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঁচজন, ঢাকা মেডিকেল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন করে চিকিৎসাধীন। বাকি পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।ঘটনার পর গুলিবিদ্ধ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। জানতে চাওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের সহকারী রেজিস্ট্রার নাদিয়া ফারজানা ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে আসার পর গুলিতে হাড় ক্ষতিগ্রস্ত ছয়জনকে পঙ্গু হাসপাতালে ও দুজনকে সিএমএইচে স্থানান্তর করা হয়। নাদিয়া জানান, দুজনের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না বলে তাঁদের সিএমএইচে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। তাঁরা ঊরুতে গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে।এদিকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন পালিয়ে গেছেন বলে কর্তব্যরত এক চিকিৎসক জানান।সেনাবাহিনীর সদস্যদের জমি কেনা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রূপগঞ্জের কায়েতপাড়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। একপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে এলাকাবাসীর চার প্রতিনিধির আলোচনার সময় একজন গুলিতে নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সেনাক্যাম্প ঘেরাও করলে পুলিশ ও র্যাব তাদের উদ্ধার করতে যায়। এতে এলাকাবাসীর সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় ১৫ এলাকাবাসী ও ছয়জন সেনাসদস্য আহত হন।