২০০৯ সালের ২২ নভেম্বর। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে বসে নিত্যদিনের মতো প্রতিবেদন লেখার কাজ করছি। দুপুর ১২টার দিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক মুঠোফোনে জানালেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিজ্ঞানী মাকসুদুল আলমের টেলিফোন নম্বর চাচ্ছেন। বিষয়টি প্রথম আলোর বিজ্ঞান পাতার সম্পাদক মুনির হাসানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে খুদে বার্তার মাধ্যমে মাকসুদুল আলমের যোগাযোগের ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাঠালেন। আনোয়ার ফারুকের কাছে ওই তথ্য পাঠানোর পর পরই মতিয়া চৌধুরী টেলিফোন করলেন মাকসুদুল আলমকে। বললেন, ‘প্রথম আলোতে পড়লাম আপনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপের জীবনরহস্য উন্মোচন করেছেন। সম্প্রতি মালয়েশিয়া সরকারের হয়ে বের করেছেন রাবারের জীবনরহস্য। ওই প্রতিবেদনে আপনি বলেছেন, পাটের জীবনরহস্য উন্মোচন করতে চান।’ উত্তরে মাকসুদুল আলম তাঁর সম্মতির কথা জানালেন। মতিয়া চৌধুরী বললেন, ‘আপনি যত দ্রুত পারেন দেশে চলে আসেন। আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা দেব।’ ২০০৯ সালের নভেম্বরে বিজ্ঞান পাতায় মুনির হাসান লিখেছিলেন, ‘পেঁপের পর রাবারের জীবনরহস্য উন্মোচন করলেন বাংলাদেশের মাকসুদুল আলম—তাঁর হাতেই হোক আমাদের পাটের জীবনরহস্য উন্মোচন।’ ওই প্রতিবেদনের ফলোআপ প্রতিবেদন লিখলাম, ‘জিন বিজ্ঞানী মাকসুদুলকে দেশে আনার উদ্যোগ’।এর পরের ঘটনা বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করল। কৃষিমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশে এলেন মাকসুদুল। কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন অনেক টাকা বা বিশাল কলেবরের প্রকল্প দরকার নেই। পাটের জীবনরহস্য উন্মোচন করতে বড়জোর ১০ কোটি টাকা লাগবে—যার বেশির ভাগই খরচ হবে উন্নতমানের কম্পিউটার, সার্ভারসহ যন্ত্রপাতি কিনতে। পাটের জীবনরহস্য উন্মোচনের ওই গবেষণায় যোগ দিলেন বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ডাটা সফট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষকেরা। তাঁরা সময় চাইলেন এক বছর।শুরু হলো পাটের জীবনরহস্য উন্মোচনের স্বপ্নযাত্রা। কী হচ্ছে ওই গবেষণায়, বাংলাদেশ কী পেতে যাচ্ছে! সাংবাদিক হিসেবে এসব কিছু জানতে আগ্রহ প্রকাশ করতেই কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হলো, তারা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। গবেষক মাকসুদুল আলমের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি রাজি হলেন না। তাঁর এক সহকর্মীর মাধ্যমে জানালেন, সময় হলে সব জানানো হবে। অনেক চেষ্টা করেও কিছু জানতে না পেরে অগত্যা হাল ছেড়ে দিয়ে অপেক্ষার প্রহর গোনা। ২০১০ সালের ১৪ জুন একটি সূত্রে খবর এল, বাংলাদেশ পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ডাক পড়ল মাকসুদুল আলমের গবেষণা কার্যালয় থেকে। তিনি দেখা করতে চান, কথা বলতে চান। বেলা ১১টার দিকে দুরু দুরু বুকে ফার্মগেটে ডাটা সফটের কার্যালয়ে গেলাম। বিজ্ঞানী জানি দেখতে কেমন। কী প্রশ্ন করতে গিয়ে কী বলে ফেলি। উল্টে-পাল্টা প্রশ্ন করলে আবার খেপে ওঠেন কি না। এমন অজস্র সব প্রশ্ন আর শঙ্কা মাথায় নিয়ে মাকসুদুল আলমের কার্যালয়ে বসে ক্ষণ গুনছি। অন্য কয়েকটি পত্রিকার সাংবাদিকেরাও বাইরে অপেক্ষা করছেন। বিজ্ঞানী এলেন। যেমনটা ভেবেছিলাম, ঠিক তার উল্টো। খুব সাধারণ বেশবাস। মুখে সলাজ হাসি। আলাপচারিতা শুরু করতেই উৎকণ্ঠার অবসান হলো। ২৪ বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে কাটানো মাকসুদুল আলম পরিষ্কার বাংলা ভাষায় কিঞ্চিৎ পুরান ঢাকার উচ্চারণের ভঙ্গিতে বললেন, ‘এই গবেষণা আমার নেতৃত্বে হলেও পুরো কৃতিত্ব গবেষণা দলটির। এটি একটি সম্মিলিত প্রয়াস। আমি শুধু অনুঘটকের কাজটি করেছি।’কৌশলগত কারণে গবেষণার ফলাফল সম্পর্কে কোনো কিছুই না বলে গবেষণাটির প্রেক্ষাপট সম্পর্কে বলতে শুরু করলেন মাকসুদুল। জানালেন ২০০৫ সাল থেকে দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে তিনি ধরনা দেননি। পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় কেউ অর্থায়ন করতে রাজি হয়নি। সরকারের অনেক নীতিনির্ধারক এমনও বলেছেন, ‘কী সব জিন-ভূত নিয়ে কাজ করতে চান।’ হতাশ মাকসুদুল একসময় হাল ছেড়ে দিয়েছিলেন। প্রথম আলোতে তাঁকে নিয়ে লেখা প্রতিবেদন দেখে মতিয়া চৌধুরী তাঁকে ডেকে দেশে এসে কাজ করার আহ্বান জানানোকে দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে দেখেছেন বলে জানান।নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে ওঠেন এই বিশ্বখ্যাত জিনবিজ্ঞানী। বড় বোন নিরুর অবদানের কথা বলতে গিয়ে চোখ ছলছল হয়ে ওঠে তাঁর। বলে উঠেন, ‘গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও নিরু আপার অবদান শোধ করা যাবে না।’২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পাটের জীবনরহস্য উন্মোচনের ঘোষণা দিলেন। বিশ্বের বিভিন্ন দৈনিক ও বিজ্ঞানবিষয়ক পত্রিকা-জার্নালে এই অর্জনকে ফলাও করে প্রকাশ করা হয়। গণভবনে মাকসুদুল আলমের দলকে দেওয়া হলো সংবর্ধনা। প্রথম আলোতে মাকসুদুল আলমকে নিয়ে লেখা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তা সরকারের নজরে পড়েছিল। এ কারণে প্রথম আলোর বিজ্ঞান পাতার দায়িত্বপ্রাপ্ত ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং এই প্রতিবেদককে স্বপ্নযাত্রা দলের অংশ হিসেবে ২৫ জুন প্রধানমন্ত্রীর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিলেন পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণাকে আরও সামনে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। শুরু হলো পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণার দ্বিতীয় পর্যায়। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে শুরু হলো ‘পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প’। জাতীয় সংসদ ভবনের বিপরীতে পাট গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত হলো আলাদা গবেষণা ভবন ও অবকাঠামো। প্রকল্পের সময়কাল তিন বছর হলেও মাকসুদুলের দল এক বছরের মাথায় আবারও দেশ ও বিশ্ববাসীকে চমকে দিলেন। জেনোম গবেষণায় এক যুগান্তকারী ফলাফল উপহার দিলেন। ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের একটি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন তাঁরা। ওই ছত্রাকের আক্রমণে দুনিয়াজুড়ে ৫০০টি ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। শুধু পাটের উৎপাদনই এই ছত্রাকের আক্রমণে ৩০ থেকে ৭০ শতাংশ কমে যেতে পারে। ছত্রাক কীভাবে ফসলের ক্ষতি করে, তা জানতে বিশ্বের বড় বড় বিজ্ঞানী বছরের পর বছর চেষ্টা করে গেলেও এ সম্পর্কে জানতে পারেননি।মাকসুদুল আলমের নেতৃত্বে বিজ্ঞানীদের দল সেই অজানা রহস্যের সূত্র খুঁজে পেয়েছেন। এখন স্বপ্নের পথ বেয়ে মূল গন্তব্যে পৌঁছানোর পালা। অর্থাৎ ছত্রাকের আক্রমণ সহ্য করে টিকে থাকতে পারে, এমন জাত উদ্ভাবন করে কৃষকের হাতে পৌঁছে দেওয়া।চির অভাগা আর দুঃসংবাদের দেশ বাংলাদেশের মানুষের জন্য পর পর দুটি সুসংবাদ এনে দেওয়া মাকসুদুল আলম অবশ্য তাঁর সব কৃতিত্বকে সবার মধ্যে ভাগ করে দিতে চান। তিনি মনে করেন, প্রথম ও দ্বিতীয় দফায় যে গবেষক দল নিয়ে তিনি গবেষণাটি তত্ত্বাবধায়ন করেছেন, তাদের অবদানই সবচেয়ে বেশি। আর এই গবেষণার শুরুটা হয়েছিল প্রথম আলোর শুরুর প্রতিবেদনে আলোকপাতের কারণে। ব্রাজিলের উদাহরণ দিয়ে মাকসুদুল জানান, লেবু ও কফির উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে ব্রাজিলের কৃষি অর্থনীতি বদলে যায়। আর এই কাজটি করেছিল ব্রাজিলের একদল জিন বিজ্ঞানী। তারা ওই বিজ্ঞানীদের জাতির সামনে নায়ক হিসেবে তুলে ধরে। ফলে ব্রাজিল সরকার তাদের লেবু ও কফি নিয়ে গবেষণা করার আহ্বান জানায়। শেষ পর্যন্ত ওই বিজ্ঞানীরা সফল হন। নব্বইয়ের দশকের পর লেবু ও কফির উন্নত জাত চাষ করে ব্রাজিলের কৃষি অর্থনীতির চেহারা পাল্টে যায়। আর এর ওপর নির্ভর করে ব্রাজিল ধীরে ধীরে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের দরবারে হাজির হয়েছে।পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানীদেরকে দেশবাসী ও সরকারের সামনে তুলে ধরার মধ্য দিয়ে প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যম বিশাল ভূমিকা পালন করেছে বলে মাকসুদুল আলম মনে করেন। তাঁর মতে, ‘সবাই মিলে দেশটাকে যদি আমরা মায়ের মতো ভালোবাসি, তা হলে এই দেশটাও একদিন বদলে যাবে।’