মায়ের মতো ভালোবেসেই দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—জাতীয় সংগীতসহ এ রকম দেশাত্মবোধক গান ও কথামালায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরে হয়ে গেল প্রথম আলোর যুগপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে ছিল দেশ গড়ার কথা, দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকারের কথা।রংপুর এসোড প্রশিক্ষণকেন্দ্রে এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।বক্তব্যের শুরুতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সদ্যগঠিত এই রংপুর বিভাগ অনেক ঐতিহ্যে ভরপুর। তিনি বলেন, নূরলদীনের স্মৃতিবিজড়িত এই রংপুর, মহীয়সী বেগম রোকেয়ার জন্মস্থান এই রংপুর। এই রংপুরেই প্রথম বাংলা সংবাদপত্র রঙ্গপুর বার্তাবহ প্রকাশিত হয়েছিল।মতিউর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসি। নিজেদের একটু একটু করে বদলে আমরা বাংলাদেশকে আলোকিত, গৌরবোজ্জ্বল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করি। আমরা আমাদের মুক্তিসংগ্রাম নিয়ে গর্ব করি।’ এ প্রসঙ্গে তিনি পুরান ঢাকার মুক্তিযোদ্ধা আজাদের গল্প বলেন। তিনি বলেন, ১৯৬৯ সালে আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করলে মা তাঁকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। অভাবের সংসারে মা অনেক কষ্ট করে আজাদকে বড় করে তোলেন। আজাদ উচ্চশিক্ষায় শিক্ষিত হন। এরপর আসে মুক্তিযুদ্ধ। বন্ধুরা তাঁকে মুক্তিযুদ্ধে যোগ দিতে আহ্বান জানালে তিনি জানান, মা অনুমতি দিলে যাবেন। মা বলেছিলেন, ‘তুমি অবশ্যই যাবে।’ আজাদ মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ঢাকায় অনেক গেরিলা যুদ্ধে অংশ নিয়ে একপর্যায়ে পাকিস্তানিদের হাতে ধরা পড়েন। তাঁকে রমনা থানায় আটকে রাখা হয়। হানাদারেরা তাঁর বন্ধুদের নাম-পরিচয় জানতে চেয়েছিল। তাঁকে দেখতে গিয়ে মা বলেছিলেন, যেন বন্ধুদের নাম-পরিচয় প্রকাশ করা না হয়। আজাদ মাকে বলেছিলেন, অনেক দিন ভাত খাওয়া হয়নি। পরেরবার এলে মা যেন ভাত নিয়ে আসেন। পরে মা ভাত নিয়ে গিয়ে আর আজাদকে পাননি। বোঝা যায়, আজাদ আর ফিরে আসবেন না। আজাদ ভালোবেসেছিলেন তাঁর মাকে, তাঁর মাটি-দেশকে। তিনি বলেন, দেশকে মায়ের মতো ভালোবাসলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে। তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা মায়ের মতো ভালোবেসেই দেশকে গড়ে তুলি।’প্রথম আলোর সম্পাদক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ‘আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আর কদিন পরই স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হবে। আমাদের যেমন অর্জন রয়েছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’মতিউর রহমান বলেন, প্রথম আলো সাংবাদিকতা ছাড়াও নানা সামাজিক কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। এ বছর দেশের মোট ৮২ হাজারের মধ্যে ৮০ হাজার ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের মেধা বিকাশে গণিত উৎসব, ভাষা প্রতিযোগ আয়োজন করা হচ্ছে।জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রংপুরের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মশিউর রহমান রাঙ্গা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, রোকেয়া কিশ্ববিদ্যালয়ের ড. তুহিন ওয়াদুদ, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগমসহ আরও অনেকে।স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। শেষে মাহমুদুজ্জামান বাবু সংগীত পরিবেশন করেন।