মায়ের লাশের সঙ্গে ৮ ঘণ্টা কাটাল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে একটি গাড়িতে তিনটি লাশের সঙ্গে পাওয়া গেছে চার বছরের এক শিশুকে। গাড়িতে ওই লাশগুলোর সঙ্গে আট ঘণ্টা কাটাতে হয় শিশুটিকে। আর এই পুরো সময়ই সে ছিল তাঁর মৃত মায়ের পায়ের নিচে। পায়ের নিচে চাপা পড়ায় সে নড়াচড়াও করতে পারেনি। ভীত, সন্ত্রস্ত শিশুটি এখন আর কোনো কথাই বলতে পারছে না। ঘটনার ভয়াবহতায় সে এখন একরকম নির্বাক। ফ্রান্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেক অ্যানেনসির কাছে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে ব্রিটেনে নিবন্ধন করা একটি গাড়ি থেকে এক পুরুষ, নারী ও বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরুষ ও নারীটি শিশুটির মা-বাবা এবং বৃদ্ধা তার দাদি বা নানি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা সবাই ব্রিটিশ বলে মনে করছে পুলিশ। ওই গাড়িটির কাছ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। বিবিসিতে প্রকাশিত খবরে পুলিশ জানায়, প্রথমে গাড়িটি থেকে সাত-আট বছরের একটি মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারা। মেয়েটির শরীরে তিনটি গুলির আঘাতের চিহ্ন ছিল। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফ্রান্সের স্থানীয় সময় রাত ১১টার দিকে আহত ওই মেয়েটির কাছ থেকে পুলিশ জানতে পারে যে তার আরও এক বোন গাড়িতে ছিল। পরে পুলিশ হেলিকপ্টার ও কুকুর নিয়ে আবারও ঘটনাস্থলে তদন্ত চালায়। সেখানেই গাড়ির মধ্যে শিশুটিকে পায়। মায়ের লাশের পায়ের নিচে চাপা পড়ায় প্রথমে পুলিশ তাকে খুঁজে পায়নি। ফ্রান্সের পুলিশ সন্দেহ করছে, গতকাল বুধবার বিকেলেই এই খুনের ঘটনাটি ঘটে। পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ঘটনার তদন্ত করছে। এদিকে ব্রিটেনের পুলিশ জানায়, তাঁরা তদন্তকাজে ফ্রান্সের সরকারকে সহযোগিতা করছে। লেক অ্যানেনসির সরকারি আইনজীবী এরিক মেলিদাদ জানান, ওই পরিবারটি সম্ভবত সেখানে ছুটি কাটাতে গিয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে ফ্রান্সের এক হাসপাতালে নেওয়া হয়েছে। সে ইংরেজি বলতে পারে। বাইরের শব্দও শুনতে পারে। তবে ভীত, সন্ত্রস্ত শিশুটি এখন ভাষা হারিয়ে ফেলেছে। সে এখন কোনো কথাই বলতে পারছে না। তার আহত বোনটির অবস্থা কিছুটা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এরকি মেলিদাদ আরও জানান, লাশগুলোর ময়নাতদন্তে জানা গেছে, তাঁদের মাথায় গুলি করা হয়েছিল।