একটা কথা মনে করে এই বছর চল্লিশেক পরও মা মাঝে মাঝে হেসে ফেলেন। ক্লাস থ্রিতে পড়ার সময় ‘মা’র ওপর ক্লাসে রচনা লিখতে দেওয়া হয়েছিল। আমি তাতে সব ছেড়ে লিখেছিলাম, ‘আমার মা খুব সুশ্রী’। শিক্ষিকাও হেসে ফেলেছিলেন, এতটুকু মেয়ের ‘সুশ্রী’র মতো শব্দ ব্যবহারে একটু আশ্চর্যও হয়েছিলেন। আসলে তার তিন বছর আগে যখন হলিক্রসে ভর্তি পরীক্ষা দিতে যাই, তখন আমি মোটেই লিখতে বা পড়তে জানি না। শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা মারিয়ান টেরেসা মাকে বললেন যে ভর্তি করে নেবেন, তবে আমাকে দ্রুত লিখতে এবং পড়তে শিখতে হবে। মা ফ্ল্যাশ কার্ড বানিয়ে, ছবি এঁকে সেই যে দুই সপ্তাহের মধ্যে বাংলা আর ইংরেজি বর্ণমালা শিখিয়ে ফেললেন, তারই ভিত্তিতে আজও ভাষার ওপর আমার দখল বেশ ভালোই। অথচ তখন কি অস্থির সময়। যুদ্ধ হচ্ছে, বাবা পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী। এরই মধ্যে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছেন, আমাদের দুই ভাই আর এক বোনের দেখাশোনা করছেন, স্কুল বন্ধ হয়ে গেলে বাড়িতেই পড়াচ্ছেন। আত্মীয়স্বজনের দেখাশোনা করছেন। তারপর এই প্রথম মায়ের ওপর কিছু লিখতে হচ্ছে। আমার মা লায়লা রহমান কবীর।আমার মা জলপাইগুড়ির মেয়ে, পঞ্চাশের দশকের শেষার্ধে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল বোটানিতে স্নাতক সম্মান ডিগ্রি নিয়ে ঢাকায় থাকতে চলে এলেন। খুব কম বয়সে, প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীন বিয়ে করেছিলেন বাবাকে। আমার নানির প্রচণ্ড আপত্তি সত্ত্বেও (যে কারণে কম বয়সে বিয়ে করার ধারণাও আমার মাথায় ঢুকতে দেওয়া হয়নি!)। ঢাকায় কিছুদিন জুট রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছেন। ষাটের দশকের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সব সময় প্রগতিশীলতার পক্ষে থেকেছেন। প্ল্যাকার্ড হাতে মিছিল করেছেন আইয়ুব শাহির বিরুদ্ধে। বিরোধীদলীয় রাজনীতিবিদের স্ত্রী ছিলেন বলে যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ওসমান গণি তাঁকে চাকরি দিতে সাহস করেননি। শাপে বর হয়েছে। একাত্তরে বাবাকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করার পর পারিবারিক চা-বাগানগুলো চালানোর দায়িত্ব হাতে তুলে নেন তিনি। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, গাছ কেটে নিয়ে গেছে চোর, তারই মধ্যে অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন বাংলাদেশের অন্যতম সেরা চা-বাগান মধুপুর টি এস্টেট, যার গড় উৎপাদন ভারতের ডুয়ার্স অঞ্চলের চা-বাগানকে ছুঁয়ে গেছে। অত্যন্ত পুরুষপ্রধান চা-শিল্পে বাংলাদেশীয় চা-সংসদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র মহিলা সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (তখন অ্যাসোসিয়েশন) প্রথম মহিলা সভাপতি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার প্রথম (এখন পর্যন্ত একমাত্র) মহিলা সভাপতি।মায়ের স্বচ্ছন্দ বিচরণ দেখেছি সব রকম মানুষের সঙ্গে, সব পরিবেশেই নির্দ্বিধায় খাপ খাইয়ে নিতে পারেন, শুধু মিথ্যাচার, অসততা আর ভণ্ডামি ছাড়া। তাঁকে নিয়ে কবিতা লিখেছেন শামসুর রাহমান, ছবি এঁকেছেন কামরুল হাসান, গভীর বন্ধুত্ব ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে। একই সঙ্গে নিবিড় সখ্য বিজয় সরণির মোড়ের পথশিশুদের সঙ্গে, প্রতি সপ্তাহে তাদের জন্য বাড়ি থেকে খাবার রেঁধে পাঠানো হয়। বাগান করা আর বই পড়া নেশা, বাগান করা পেশাও বটে। তাঁর দেখাদেখি বইয়ের পোকা আমরা তিন ভাইবোন, তাঁর তিন নাতি-নাতনি। তাঁর আতিথেয়তা সর্বজনবিদিত, বিশেষ করে সে সময়ের বামপন্থী রাজনীতিবিদেরা আজও মনে করেন সময়ে-অসময়ে ইন্দিরা রোডের বাড়িতে হানা দেওয়ার কথা। আমাকে গড়ে তুলেছেন স্বাবলম্বী করে—সবকিছুর পেছনে মূলমন্ত্র, ‘পরের ওপর কোনো দিন নির্ভরশীল হবে না।’ তাঁর পরামর্শে হয়ে গেলাম আইনজীবী। জীবনের কোনো ক্ষেত্রে ভালো করতে গেলে একান্ত হয়ে সে লক্ষ্যে কাজ করার শিক্ষা পেয়েছি। জেনেছি, আজও যেকোনো পেশায় সাফল্য পেতে হলে প্রতিদ্বন্দ্বী কোনো পুরুষের তুলনায় অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে, কিন্তু তার জন্য নিজেকে পুরুষে রূপান্তরিত করার প্রয়োজন নেই। নারীর কমনীয়তার সঙ্গে যে অদম্য শক্তি, সাহস আর সহজাত কর্মদক্ষতা থাকে, তার যথাযথ বিকাশই যথেষ্ট। বুদ্ধিবৃত্তির চর্চার সঙ্গে সঙ্গে সুকুমারবৃত্তির চর্চাও একান্ত প্রয়োজন। আজ নিজের জীবনের মাঝামাঝি এসে দেখি, মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলোর জন্যই ঘরে-বাইরে, দেশে-বিদেশে নারী হিসেবে, পেশাজীবী হিসেবে, নির্ভেজাল বাঙালি হিসেবে অনায়াসে, নিঃশঙ্ক চিত্তে বিচরণ করতে পারি। ঘরের আর বাইরের কাজ একসঙ্গে করেও পরিবার-পরিজনকে পর্যাপ্ত সময় দিয়েছেন, কোনো দিন মনে হয়নি মাকে কাছে পাচ্ছি না, তিনি সময় দিচ্ছেন না। তিনি সেই প্রবাদ বাক্যের মূর্ত রূপ—যে রাঁধে, সে চুলও বাঁধে।নিহাদ কবীর: ব্যারিস্টার