মায়ের সূচকে ১৩৬তম স্থানে বাংলাদেশ
মায়ের সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৬। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া অন্য ছয়টি দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে। ‘বিশ্ব মাতৃ পরিস্থিতি ২০১২’ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে একযোগে এ প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হচ্ছে, গর্ভধারণ ও প্রসবের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ নরওয়ে। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ নাইজার। তালিকায় উন্নত ও উন্নয়নশীল ১৬৫টি দেশকে মর্যাদাক্রমে সাজানো হয়েছে। তালিকায় নরওয়ে ও নাইজারের অবস্থান যথাক্রমে ১ ও ১৬৫। শিশুকল্যাণ (৩০ শতাংশ), নারীস্বাস্থ্য (২০ শতাংশ), নারীশিক্ষা (২০ শতাংশ), নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড (২০ শতাংশ) এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ (১০ শতাংশ) মূল্যায়ন করে মায়ের এ সূচক তৈরি করা হয়েছে। বাংলাদেশ মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে। সর্বশেষ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ অনুযায়ী, এক লাখ জীবিত শিশুর জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মায়ের মৃত্যু হচ্ছে। ২০০১ সালে এ সংখ্যা ছিল ৩২২। এ সময় প্রসব-পূর্ব সেবা নেওয়ার হারও বেড়েছে। প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মী সহায়তা এবং স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের হারও বেড়েছে। দেশি ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মাতৃস্বাস্থ্য-সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি-৫) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে। এ পরিস্থিতিতে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এ মায়ের সূচক (মাদারস ইনডেক্স) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের কর্মকর্তারা মেনে নিতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, তালিকার এত নিচে বাংলাদেশ যেতে পারে না। প্রতিবেদন অনুপুঙ্খ বিশ্লেষণ করে তাঁরা এ ব্যাপারে আনুষ্ঠানিক মতামত দেবেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মাতৃ ও প্রজনন স্বাস্থ্য বিভাগের পরিচালক শামস-এল-আরেফিন প্রথম আলোকে বলেন, ন্যায্যভাবে সূচক মূলায়ন ও তালিকা তৈরি করা হয়নি। তিনি বলেন, পাকিস্তানকে অন্যায্যভাবে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে দেখা হয়েছে। একমাত্র অর্থনৈতিক সূচক ছাড়া অন্য সব বিবেচনায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান।প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে অসংখ্য শিশু জীবনের প্রথম এক হাজার দিন (মায়ের গর্ভধারণ থেকে শুরু করে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত) যথাযথ পুষ্টি পায় না। অপুষ্টি প্রতিহত করতে অর্থনৈতিক প্রবৃদ্ধিই যথেষ্ট নয়। শিশুদের রক্ষা করার উপায় জানা আছে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অনেক বড়। সার্কের অবস্থা: সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকার অবস্থান সবার চেয়ে ভালো, তালিকার ৪২ নম্বরে। পরেই আছে মালদ্বীপ। ভারত ও পাকিস্তান মোটামুটি পাশাপাশিই আছে, তালিকার ৭৬ ও ৭৮ নম্বরে। ভুটান ১২২ ও নেপাল ১৩২ নম্বরে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তানের অবস্থান আফ্রিকার দেশ নাইজারের ওপরেই।বাংলাদেশের মায়েদের অবস্থান সম্পর্কে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক সমন্বিত কর্মসূচির চিফ অব পার্টি ইশতিয়াক মান্নান বলেন, অনেক ক্ষেত্রে উন্নতি করলেও বাংলাদেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নারী পুষ্টি নিয়ে বাংলাদেশে ধারাবাহিক কোনো কাজ নেই। মায়ের পুষ্টির উন্নতি করতে অনেক বেশি উদ্যোগ নিতে হবে। সবচেয়ে ভালো: গর্ভধারণ ও প্রসবের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০টি দেশের তালিকা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দেশ ইউরোপের। প্রতিবেদনে বলা হয়েছে, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার, নারী শিক্ষা, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে নরওয়ে উন্নত দেশগুলোর মধ্যেও অগ্রসর অবস্থানে।