বাড়িতে হঠাৎই অনেক লোকজন এসেছে। কে সামলাবে? হাসিখুশি মেয়ে মোহসিনা রব্বানী মেনকা সবার সঙ্গে হইচই করে রাঁধতে যেতেন। সবকিছু সামাল দিতেন। মেনকা সম্পর্কে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মন্তব্য এমনই। গতকালও ছিল মেনকাদের বাড়িতে ভিড়। এবার কে সামলাবে?‘রুপা দিয়ে না, তামা দিয়ে না; বাবা, আমি আমার ছেলেমেয়েরে সোনা দিয়ে গড়ছি, একবার দেখতে দাও আমার মেনকারে।’ এভাবেই আক্ষেপ করছিলেন ইডেনের ছাত্রী মেনকার মা হাসিনা রব্বানী। শেষবারের মতো নিজের ‘নাড়িছেঁড়া ধন’কে দেখতে পারেননি, বুকে জড়িয়ে আদর করতে পারেননি তিনি। ঘাতকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাঁর শরীর এতটাই ক্ষতবিক্ষত যে, তা ছিল তাঁর সহ্যের বাইরে।গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ায় নিজের ঘরে খুন হন ইডেনের বাংলা বিভাগের ছাত্রী মেনকা। আত্মস্বীকৃত খুনি তাঁদের দূর সম্পর্কের আত্মীয় তারিকুজ্জামান কবির।ছোট বাড়ি, ছোট সংসার আর সীমিত সাধ্য—সবকিছুই অন্য দশটা মধ্যবিত্ত পরিবারের মতোই। ছেলেমেয়ে দুটিকে মানুষ করতে হবে। নিজের মতো করে সবই ঠিকঠাক চালাচ্ছিলেন হাসিনা। মেয়েটা উচ্চশিক্ষার শেষ প্রান্তে। এখন থেকেই খণ্ডকালীন চাকরি শুরু করেছেন। ছেলেটা কলেজে পড়েন। কিন্তু সবার সব হিসাব এলোমেলো করে দিয়েছে ঘাতকের ছুরি আর মেনকার রক্তমাখা দেহ। নীল কষ্টে বিলীন হয়ে গেছে মেনকার মায়ের স্বপ্নগুলো।মেনকার বাবা লুৎফে রব্বানী একেবারে চুপচাপ, শোকে পাথর। বাসাভর্তি স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আর উচ্চ রক্তচাপের রোগী মা হাসিনা বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছেন বারবার। বোনের করুণ মৃত্যুতে দুদিন থেকেই কেঁদে চলেছেন ছোটভাই মজিবুল রব্বানী আকাশ। সান্ত্বনা দিতে এসে স্বজন-বন্ধু-প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়ছিলেন।এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় তারিকুজ্জামান কবিরকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা লুৎফে রব্বানী। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মেনকার লাশ মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়েছে।মিরপুর থানার পুলিশ জানায়, কবিরকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। তিনি পুলিশের কাছে সব কিছুই স্বীকার করেছেন। প্রাথমিকভাবে তাঁর কথার সত্যতা পাওয়া গেছে।ঠান্ডা মাথার খুন: পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন কবির। এরপর তিনি আর পড়াশোনা করেননি। অসৎসঙ্গে বখে যান। এর আগেও আরেকটি মেয়ের সঙ্গে কবিরের সম্পর্ক ছিল। তবে এসএসসি পাস কবির চেয়েছিলেন উচ্চশিক্ষিত মেনকাকে বিয়ে করতে। কিন্তু মেনকা রাজি হচ্ছিলেন না। বিয়ে করতে না পেরে শেষ পর্যন্ত তাঁকে খুনের সিদ্ধান্ত নেন কবির। পুলিশ জানায়, ঘাতক কবির ঠান্ডা মাথায় খুন করেছেন মেনকাকে। তিনি বেশ কয়েক দিনের পরিকল্পনা অনুযায়ীই গত বৃহস্পতিবার মেনকাদের বাসায় গিয়ে তাঁকে খুন করেন। যে ছুরিটি দিয়ে মেনকাকে খুন করেছেন, সেটি তিনি ফরিদপুর থেকে তৈরি করে এনেছেন।পারিবারিক সূত্র জানায়, দুই বছর মালয়েশিয়ায় কাজ করে দেশে ফিরে আসার পর কবির কিছু করতেন না। তিন মাস আগে ফরিদপুর শহরে একটি ফটোকপির দোকান করে দেন তাঁর পরিবারের সদস্যরা। মেনকার সঙ্গে সম্পর্ক ছিল—কবির এমন দাবি করলেও পরিবারের কেউই বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। তাঁরা জানান, কারও আচরণেই মনে হয়নি তাঁদের মধ্যে সম্পর্ক ছিল।