মায়ের হাত কেড়ে নিল দুই শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবোধ শিশু দুই বোন আয়েশা (৩) ও তিশা (২)। সংসারের শত কষ্টের মধ্যেও দুই মেয়েকে মমতার বাঁধনে আগলে রেখেছিলেন ওদের মা। গায়ে ওদের কুটোর আঁচড়টিও পড়তে দেননি। কিন্তু সেদিন দাম্পত্য কলহ নির্মম করে তোলে সেই মমতাময়ী মাকে। নিজ হাতে নাড়ি ছেঁড়া দুই ধনের জীবন কেড়ে নেন তিনি। পরে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এখন কৃতকর্মের অনুশোচনায় পুড়ছেন মা রহিমা বেগম (২৫)। গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।বিকেলে নয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, শত শত মানুষ আয়েশা ও তিশার বাড়িতে ভিড় করেছে। দুই সন্তানের মৃতদেহের পাশে নির্বাক বসে আছেন রহিমা বেগম। দুই মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি।প্রতিবেশীরা জানান, আট বছর আগে নয়াপাড়া গ্রামের আওলাদ হোসেনের (৩০) সঙ্গে বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের রহিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে স্বামীর মারধরের কারণে দুই মেয়ে নিয়ে রহিমা বাবার বাড়ি চলে যান। শাশুড়ির মধ্যস্থতায় রহিমা আবার স্বামীর বাড়ি ফিরে আসেন।গতকাল সকালে রহিমা ও আওলাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন আওলাদ। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে দুজনকে শান্ত করে। পরে রিকশা নিয়ে বের হয়ে যান আওলাদ। রহিমা মুঠোফোনে বাবার বাড়িতে কথা বলে তাঁকে নিয়ে যেতে বলেন। দুপুর আড়াইটার দিকে রহিমার মা ও বাবা এসে রহিমাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে তাঁরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। রহিমা এ সময় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তাঁকে রক্ষা করার পর তাঁরা বিছানার ওপর দুই নাতনি আয়েশা ও তিশাকে নিষ্প্রাণ পড়ে থাকতে দেখেন।আওলাদ হোসেনের বোন লাবলী বেগমের ভাষ্য, ‘সকালে ভাবিকে রুটি বানিয়ে দিতে বলেন ভাই। ভাবি রুটি বানাতে অস্বীকৃতি জানালে ভাই রেগে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুনেছি। এরপর আমরা এসে তাঁদের শান্ত করি। এ ঘটনায় ভাবি সন্তান হত্যা করতে পারেন, আমরা কল্পনাও করতে পারছি না।’রহিমা বেগম বলেন, ‘একে তো অভাবের সংসার, তার ওপর মারধর আর সহ্য হয়তেছিল না। কথায় কথায় হে শুধু গায়ে হাত তুলে। মারধর সহ্য করতে না পাইরা অনেক সময় বাবার বাড়িতে চলে যেতে হইছে। আইজ সামান্য নাশতা বানানো নিয়া ঝগড়া শুরু করে। এ নিয়া কথা কইতেই হে আমারে মারতে শুরু করে। এইভাবে কত মার সহ্য করা যায়। পরে আত্মহত্যার সিদ্ধান্ত নিই। আমি না থাকলেও আমার দুই সন্তানের কপালেও ভালা কিছু নাই। এ কারণে ভাবলাম, আমার লগে আমার দুই সন্তানরে নিয়া যাই।’আওলাদ হোসেন বলেন, ‘নানা বিষয় নিয়া আমরার মধ্যে বিরোধ হইত। আবার কিছু সময় পর তা শেষও হইয়া যাইত। সকালের ঝগড়ার কারণে বউ যে আমার দুই মেয়েরে মাইরা ফালাইতে পারে, বুঝতে পারি নাই।’নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্ত্রী অভিমান থেকে তাঁর সন্তানদের হত্যা করেছেন বলে আমাদের ধারণা। আমরা শিশুদের মা ও বাবা দুজনকেই আটক করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য দুই শিশুর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’