‘আমি তো এইবার মৌসুমে আম পাই নাই, আশ্বিনী আম দিয়া আচার বানাইছিলাম। কিন্তু ২০১১-এর প্রতিযোগিতার জন্য আমি এখন থেকেই স্টক করতেছি। আগামী বার ইনশা আল্লাহ’! টক আচারে প্রথম পুরস্কার পাওয়া বিলকিস আক্তারের গলায় আচারে আগামী বার বর্ষসেরা হওয়ার দৃঢ় প্রত্যয়।গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এমন অনেক প্রত্যয়ী নারীর পদচারণে মুখর হয়ে উঠেছিল। বাংলাদেশের মায়েরা অনেক যত্ন-মমতায় আচার তৈরির যে ঐতিহ্যকে পরিবারের গণ্ডিতে আবদ্ধ রেখেছিলেন, গতকাল তাঁদের সেই কাজের স্বীকৃতি মিলল। আচারে বর্ষসেরা হলেন ঢাকার নাসিমা আক্তার। স্বামী ও দুই সন্তানের উপস্থিতিতে উজ্জ্বল মুখে গ্রহণ করলেন দুই লাখ টাকার চেক। বর্ষসেরার পুরস্কারের নির্ধারিত অর্থমান ছিল এক লাখ টাকা। কিন্তু এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই আরও এক লাখ টাকা যোগ করার ঘোষণা দিলে এর অর্থমান দাঁড়ায় দুই লাখ টাকা।এর বাইরে টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য—এই চারটি বিভাগের ১২ জন এবং শুভেচ্ছা পুরস্কার হিসেবে ৩৫ জন নির্বাচিত হন। অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া এক হাজার নারী।অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘একসঙ্গে এতজন প্রত্যয়ী মা-বোনের সংস্পর্শে আসার এই সুযোগ এক বিরল ঘটনা। ১২৫ জন প্রতিযোগীকে নিয়ে যে প্রতিযোগিতার শুরু, তাতে আড়াই হাজার প্রতিযোগী এবার অংশ নিয়েছেন। এই সাড়া অভিনন্দনযোগ্য।’চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘মায়েরা তো আসলে প্রতিযোগিতায় বোতলে ভরে আচার পাঠাননি, বোতলে ভরে পাঠিয়েছেন মমতা আর ঐতিহ্য।’প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী বলেন, ১১ বছর ধরে সফলভাবে এই প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। পরিবার থেকে যে আচার বানানোর কাজটি শুরু, তা একদিন সারা বিশ্বে বাংলাদেশের খাদ্য-ঐতিহ্যকে তুলে ধরবে।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মুক্তিযুদ্ধে শহীদ আজাদের মায়ের গল্প শোনান। তিনি বলেন, ‘এই মা তাঁর সন্তানকে দেশমাতৃকার জন্য উৎসর্গ করেছিলেন। এই মা-ই বাংলাদেশের চিরন্তন মায়ের প্রতিকৃতি। তাই সবার উচিত হবে মাকে ভালোবাসা, সেই সঙ্গে দেশকে মায়ের মতো ভালোবাসা।’প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী জানান, এই আয়োজনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মা ও মেয়েদের সম্মানিত করা। জাতীয় আচার প্রতিযোগিতা এখন দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধ রচনা করতে সক্ষম হয়েছে।মায়েদের এই স্বীকৃতির কথা, মায়ের প্রতি ভালোবাসার কথা গতকাল স্মরণ করেছেন প্রত্যেকে। ‘আজকের নারী এগিয়ে চলো’ স্লোগানে আচার প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয় ‘ও আলোর পথযাত্রী’ গানের সঙ্গে তামান্না রহমান ও তাঁর দলের শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে। পরে তাঁরা ‘আহ্বান শোনো আহ্বান’ গানের সঙ্গেও নৃত্য পরিবেশন করেন।প্রতিযোগিতার বিচারক হয়ে এলেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ ‘নোঙ্গর তোলো তোলো’ গানটি গেয়ে শ্রোতাদের উজ্জীবিত করেন। মায়ের কথা গানে গানে স্মরণ করেন সংগীতশিল্পী এস আই টুটুল, ‘তোমরা কবর দিয়ো, আমায় কবর দিয়ো, মার কবরের কাছে’। অভিনেতা চঞ্চল চৌধুরীও মায়ের জন্য গান করেন। দেশমাতৃকার গান করেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি, ‘সব কটা জানালা খুলে দাও না’। লালনগীতি পরিবেশন করেন বিউটি। শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেত্রী তানিয়া ও তিশা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সংগীতশিল্পী শাহীন সামাদ, রান্নাবিদ সিতারা ফেরদৌস, নৃত্যশিল্পী তামান্না রহমান, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, চিকিৎসক ও সংবাদপাঠক শাহনাজ চৌধুরী, সংগীতশিল্পী ন্যান্সি, টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন, সংবাদপাঠক ফারাহ শারমীন, মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মীম, শখ ও সারিকা।সারা দেশ থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগীর সাত হাজারের বেশি আচারের নমুনা পাঠানোর মধ্য থেকে তাঁদের তৈরি আচার নির্বাচিত হয়। প্রাথমিক বাছাইয়ে কাজটি করে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ। চূড়ান্ত পর্বে ৪৮টি আচার বাছাই করা হয়।পুরস্কার পেলেন যাঁরা: আচার বানানোয় বর্ষসেরা পুরস্কার পেলেন নাসিমা আক্তার। টক বিভাগ: প্রথম-বিলকিস আক্তার, দ্বিতীয়-আয়শা জেসমিন ও তৃতীয়-রাজিয়া কাশেম। মিষ্টি আচার: প্রথম-সুফিয়া জাহান, দ্বিতীয়-রুমা মিত্র ও তৃতীয়-ফরিদা পারভীন। ঝাল: প্রথম-মিসেস সালমা শিপু, দ্বিতীয়-জেবুন্নেসা বেগম ও তৃতীয়-শাহনাজ হক। অন্যান্য: প্রথম-রিনি ইয়াসমিন, দ্বিতীয়-রোকসানা সবুর ও তৃতীয়-শামীমা আলম।প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নারীরা পেয়েছেন যথাক্রমে এলসিডি টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন। শুভেচ্ছা পুরস্কার ছিল ডিনার সেট।