মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত মামলায় আপিল করবে না এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত মামলায় আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের ফলে মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা করতে আর কোনো বাধা থাকল না। আজ মাত্র ছয় কার্যদিবসের মাথায় ঢাকা শেয়ারবাজারের লেনদেনে আবার নতুন রেকর্ড হয়েছে। আজ রোববার শেয়ারবাজারে লেনদেন হয়েছে এক হাজার ৪৫২ কোটি টাকার। এর আগে ১৩ জানুয়ারি শেয়ারবাজারে মোট লেনদেন হয় এক হাজার ৪৩৮ কোটি টাকার। আজ শেয়ারবাজারের সাধারণ সূচকে বেশ ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। সাধারণ সূচক প্রায় ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৫৬ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দাম বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের, কমেছে ১১১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।শেয়ারবাজারে আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।এদিকে আজ শেয়ারবাজারে লেনদেনের চাঙাভাবের জন্য গ্রামীণফোন লিমিটেড ও ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বৃদ্ধিকে কারণ হিসেবে চিহ্নিত করেছেন বাজার বিশ্লেষকেরা। আজ গ্রামীণফোনের শেয়ারের দাম প্রায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি আজ প্রায় ৯৮ কোটি টাকার ব্যবসা করেছে শেয়ারবাজারে।ফার্ম এইড, জেমিনি সি ফুড, সিনোবাংলার শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে রূপান্তরের উদ্দেশ্যে কাল ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ থাকবে।কাল পাওয়ারগ্রিডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সে জন্য কাল প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ থাকবে। এদিকে আজ রেকর্ড ডেটের কারণে পাওয়ারগ্রিডের লেনদেনে বন্ধ ছিল।