মিউজিক ভিডিওতে সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউজিক ভিডিওর মডেল হতে যাচ্ছেন অভিনয়শিল্পী সজল। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী লিমনের ‘মন খারাপ’ শিরোনামের একটি গানের মডেল হবেন তিনি। দৃষ্টি বিনিময় অ্যালবামের এ গানটিতে সজলের সহশিল্পী হিসেবে থাকবেন জাকিয়া বারী মম। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন নুযহাত আলভী আহমেদ।সজল বলেন, ‘অনেক দিন ধরেই টিভি মিডিয়াতে কাজ করছি। কিন্তু কখনোই মিউজিক ভিডিওর মডেল হইনি। এবারই প্রথম কাজটি করতে যাচ্ছি।’সজল আরও বলেন, ‘ মিউজিক ভিডিওটিতে কাজ করার জন্য মাস দুয়েক ধরেই কথাবার্তা হচ্ছিল। প্রথমদিকে চিত্রনাট্যটি খুব একটা ভালো না লাগাতে কাজটি করতে রাজি হইনি। যেহেতু এটি আমার প্রথম মিউজিক ভিডিওর কাজ, তাই কোনো দিকে কম্প্রোমাইজ করতে রাজি হইনি। শেষ পর্যন্ত আটবার পরিবর্তন করে নবমবারে চিত্রনাট্যটি চূড়ান্ত হয়।’সজল এও বলেন, প্রথমদিকে গানটি নিয়ে কিছুটা সংশয় ছিল। পরে যখন শুনলাম তখন বেশ ভালো লাগল। এ ছাড়া গানটি নিয়ে শিল্পীর যে পরিমাণ আগ্রহ দেখেছি, তাতে বিনা পারিশ্রমিকে কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি।ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের যে কোন একদিন মিউজিক ভিডিওটির শুটিং হবে বলে জানা গেছে।