মিগ-২৯ দুর্নীতি মামলার সব আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হলো। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মির্জা আখতার মারুফ, সাবেক প্রতিরক্ষাবিষয়ক সচিব ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। এ মামলায় আসামি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ছিল। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ এপ্রিল তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আরেক আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।২০০৩ সালের ১৯ জানুয়ারি শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। ২০০৮ সালের ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ আংশিক সাক্ষ্য দেন। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। সম্প্রতি হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করলে নয় বছর পর গত ১৮ এপ্রিল এ মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ২৯ মে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৯৯৯ সালের ৯ ফেব্রুয়ারি রাশিয়ার কাছ থেকে আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রয়োজন না থাকা সত্ত্বেও এসব যুদ্ধবিমান ক্রয় করে সরকারের ৭০০ কোটি টাকা ক্ষতি করা হয়েছে—এমন অভিযোগ এনে ২০০১ সালের ১১ ডিসেম্বর শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি শাহিন আহমেদ।