মিগ-২৯ দুর্নীতি মামলায় সব আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ আজ বুধবার এ রায় ঘোষণা করেন। আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা মির্জা আখতার মারুফ, সাবেক প্রতিরক্ষাবিষয়ক সচিব ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। এ মামলায় আসামি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকলেও তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গত বছরের ৬ এপ্রিল তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ২৯ মে রোববার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন। ২০০৩ সালের ১৯ জানুয়ারি শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। ২০০৮ সালের ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ আংশিক সাক্ষ্য দেন। কিন্তু আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেন। সম্প্রতি হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করার পর নয় বছর পর গত ১৮ এপ্রিল এ মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামি সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯৯৯ সালের ৯ ফেব্রুয়ারি রাশিয়ার কাছ থেকে আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনে তত্কালীন আওয়ামী লীগ সরকার। প্রয়োজন না থাকা সত্ত্বেও এসব যুদ্ধবিমান ক্রয় করে সরকারের ৭০০ কোটি টাকা ক্ষতির অভিযোগে ২০০১ সালের ১১ ডিসেম্বর শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।