মিগ-২৯ মামলায় শেখ হাসিনার রিটের চূড়ান্ত শুনানি শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। আজও শুনানি হবে। বিএনপি-জামায়াত জোট আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ। এতে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আসামি করা হয়।এ মামলার অভিযোগ গঠন করা হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট দায়ের করলে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর মামলার কার্যক্রম স্থগিত করা হয়। পাশাপাশি রুল জারি করেন আদালত।প্রায় দুই বছর পর গতকাল সকালে এ রুলের ওপর শুনানি শুরু হয়। শেখ হাসিনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, শেখ ফজলে নূর তাপস শুনানি করেন। তাঁদের সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল আজিজ খান।শেখ হাসিনার আইনজীবীরা বলেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করতে হয়। এ ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে। প্রতিনিধির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া সবকিছু বিবেচনা না করে চার্জ গঠন করা হয়েছে, যা অবৈধ। দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এ ধারায় অভিযোগ গঠন করতে হলে ফায়দা নিয়েছেন কিংবা অপরকে সুবিধা দিয়েছেন—এ বিষয়টি স্পষ্ট থাকতে হবে। কিন্তু এজাহার ও অভিযোগপত্রে এ ধরনের অভিযোগ নেই। মিগ কেনার প্রক্রিয়া ১৯৯৪ সালে শুরু হয়। ৯০ শতাংশ কাজ জোট আমলে হয়েছে, বাকি ১০ শতাংশ কাজ পরবর্তী সরকার সম্পন্ন করে। আদালত বলেন, এফআইআর ও অভিযোগপত্রে কেউ অর্থ আত্মসাত্ করেছেন কিংবা নিজে লাভবান হয়েছে—এমন অভিযোগ দেখা যায় না। এর আগে শুনানিতে দুদকের আইনজীবী বলেন, যথাযথ আইন অনুসরণ করেই অভিযোগ গঠন করা হয়েছে। এ ছাড়া জরুরি অবস্থায় অভিযোগ গঠন করা হয়েছে। জরুরি আইন অনুযায়ী দুর্নীতির মামলার ক্ষেত্রে অধস্তন আদালতের আদেশে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায় না। ওই সময় করা রিটটি তাই চলে না।বিকেল সাড়ে চারটা পর্যন্ত শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কার্যদিবস শেষ হয়। আদালত বলেন, কাল (সোমবার) আংশিক শ্রুত হিসেবে বিষয়টি আসবে।