মিগ-২৯ মামলায় হাসিনার রিটের রায় কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে করা মিগ-২৯ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের ওপর কাল মঙ্গলবার রায় দেওয়া হবে। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।শুনানিতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, আবদুল মতিন খসরু ও শেখ ফজলে নূর তাপস অংশ নেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আবদুল আজিজ খান। অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন আইনজীবী আনিসুল হক। আজিজ খান পরে প্রথম আলোকে বলেন, ‘শুনানি শেষ হয়েছে। আগামীকাল রায় দেওয়া হবে।’বিএনপি-জামায়াত জোট আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ। এতে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। মামলায় শেখ হাসিনাসহ মোট সাতজনকে আসামি করা হয়। এ মামলার অভিযোগ গঠন করা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট দায়ের করলে ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন। প্রায় দুই বছর পর গতকাল সকালে এ রুলের ওপর শুনানি শুরু হয়।