সমাবেশ করতে পারেনি ধর্মভিত্তিক জোট
মিছিল ছত্রভঙ্গের পর ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
জুমার নামাজের পর গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে পুলিশের বাধায় একটি মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর বহুতল ভবনে আশ্রয় নেওয়া এক অজ্ঞাতনামা যুবক (২৫) নিচে পড়ে মারা গেছেন। পুলিশ বলছে, মিছিলটি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বের করেছিলেন। নিহত যুবক শিবিরের কর্মী হতে পারে। সেখান থেকে পুলিশ অন্তত ২৮ জনকে আটক করেছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গতকাল বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পূর্বঘোষিত মিছিল-সমাবেশ করতে পারেনি ধর্মভিত্তিক সদ্য গঠিত জোট ‘ঈমান ও দেশ রক্ষা আন্দোলন’। তবে ফকিরাপুলে ককটেল ফাটিয়ে কিছু যুবক মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে পণ্ড করে দেয়। পুলিশ দাবি করে, গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তা ব্যর্থ করে দেয়। এ সময় বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যেভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর বেলা পৌনে দুইটার দিকে পুরানা পল্টনে শাওন টাওয়ারসংলগ্ন গলিতে একদল যুবক একটি মিছিল বের করেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘মহানবীর (সা.) অবমাননা, মানি না, মানব না’ স্লোগান দিতে দিতে মিছিলটি হাউস বিল্ডিং ভবনসংলগ্ন গলির মুখে আসে। পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীদের বেশ কয়েকজন ‘ঠিকানা’ নামের ১১ তলা আবাসিক ভবনে ঢুকে ছাদসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। পুলিশ ভবনে ঢুকে দুই দফা তল্লাশি চালিয়ে ২৮ জন যুবককে আটক করে। এরই মধ্যে ছাদ থেকে নিচে পড়ে মারা যান এক যুবক। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ভবনের লিফটম্যান রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ভিতরে ঢুইকা বেশ কয়েকজনরে আটক করতে থাকে। কিছুক্ষণ পর নিচে কিছু পড়ার শব্দ শুনি। গিয়া দেখি, রক্তাক্ত অবস্থায় এক ছেলে পড়ে আছে।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনের নিচে গাড়ি রাখার স্থান। ভবনের দুই সারির মাঝখানে নিচে ফাঁকা জায়গায় পড়ে আছে ওই যুবকের লাশ। তাঁর পরনে হালকা গোলাপি গেঞ্জি, ছাই রঙের প্যান্ট ও পয়ে সাদাকালো কেডস। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ওই ভবন থেকে আটক যুবকেরা সবাই জামায়াত-শিবিরের কর্মী। ধারণা করা হচ্ছে, নিহত যুবকও জামায়াত-শিবিরের কর্মী। ওই ভবন থেকে আটক হওয়া শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর কলেজের বড় ভাই শিবিরের কর্মী মাইনুদ্দিন তাঁকে বায়তুল মোকাররমে নামাজ পড়তে নিয়ে এসেছিলেন। কিন্তু বায়তুল মোকাররমে না পড়ে পল্টন জামে মসজিদে নামাজ পড়েন তাঁরা। এরপর মিছিলে অংশ নেন। নিহত যুবককে তিনি চেনেন না বলে দাবি করেন।পূর্বঘোষিত সমাবেশ হয়নি: ধর্মভিত্তিক নয়টি দল ও আলেমদের নিয়ে গঠিত ঈমান ও দেশ রক্ষা আন্দোলন গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ‘শানে রাসূল (সা.) সমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল। আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের অবমননাকারী কথিত ব্লগারদের শাস্তির দাবি এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক বন্ধ করার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য বায়তুল মসজিদের চারপাশসহ ওই এলাকার সব কটি সড়কের মোড়ে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে কঠোর অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর পুরানা পল্টন মসজিদ থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ ঈমান ও দেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক নূর হোসাইন কাসেমীসহ নেতা-কর্মীদের অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা মসজিদ থেকে বের হন। কিন্তু কোনো সমাবেশ করতে পারেননি। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে নূর হোসাইন কাসেমী বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দেন।আরও অর্ধশতাধিক আটক: এদিকে পুরানা পল্টন ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, পুরানা পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, দৈনিক বাংলা মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে তল্লাশি চালায়। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়। এর আগে দুপুর পৌনে ১২টায় বক্স কালভার্ট রোডে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় ও এর নিচ থেকে ২৫ জনকে আটক করা হয়।লালবাগে ইসলামী ঐক্যজোটের মিছিল: বায়তুল মোকাররমে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট লালবাগ শাহী মসজিদ থেকে মিছিল বের করে। মিছিলটি পোস্তা মোড়, ওয়াটার ওয়ার্কস সড়ক হয়ে রহমতগঞ্জে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ঐক্যজোটের নেতারা অভিযোগ করেন, দশম শ্রেণীর পাঠ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে ‘দেবদেবীর বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত পশুর গোশত হারাম’ কথা লেখা রয়েছে। তাঁরা বলেন, এই সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ইমানহারা করে দেশ থেকে ইসলাম ও মুসলমানদের খতম করার অশুভ চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।কামরাঙ্গীরচরে সমাবেশ: প্রথম আলোর কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, জুমার নামাজের পর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আল্লাহ, রাসুলের (সা.) অবমাননাকারী কথিত ব্লগারদের শাস্তি এবং ‘গণহত্যার’ শিকার শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করে কয়েকটি ধর্মভিত্তিক দল।সমাবেশে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, দেশ থেকে নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও উৎখাত না করা পর্যন্ত প্রতি শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার সভা-সমাবেশ অব্যাহত থাকবে।সভায় ইসলামী ঐক্যজোটের আমির আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী, ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।