ইসলামী ছাত্রশিবির হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাজশাহী ও কুমিল্লায় শিবির-পুলিশ সংঘর্ষে চারজন সংবাদকর্মী গুলিবিদ্ধ হন। এই দুই জেলা থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।কেন্দ্রীয় সভাপতির মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে শিবির সারা দেশে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তাদের এই হরতালে গতকাল জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও কিশোরগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:আমাদের ঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের ১৫ থেকে ২০ জন কর্মী হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টনের সুরমা টাওয়ারের গলি থেকে মিছিল বের করে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে যান। এ সময় তাঁরা কয়েকটি যাত্রীবাহী গাড়িতে ঢিল ছোড়েন। পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর থানা প্রাঙ্গণে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হরতাল-সমর্থকেরা ককটেল ফাটিয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। এ ছাড়া একটার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে শিবির মিছিল করে এবং সড়কে টায়ারে আগুন দেয়। রাজশাহী: নগরের আরডিএ মার্কেটের সামনে সন্ধ্যায় শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় শিবিরের কর্মীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পুলিশও তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় তিনজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন এটিএন নিউজের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান, দৈনিক যায়যায়দিন-এর আলোকচিত্রী গুলবাহার ও দৈনিক যুগান্তর-এর আবদুল্লাহ ইকবাল। গুলি ছুড়তে গিয়ে অসাবধানতাবশত বোয়ালিয়া থানার কনস্টেবল রায়হান আলী আহত হন।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।কুমিল্লা: নগরের কান্দিরপাড়ে দুপুরে শিবির মিছিল বের করে। এতে বাধা দিলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ ১৭টি রাবার বুলেট ছুড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে স্থানীয় দৈনিক ময়নামতির আলোকচিত্রী জুয়েল খন্দকার (২৮) আহত হন। তাঁর পেট ও পায়ে রাবার বুলেট লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে শিবিরের কর্মীরা নগরের রামঘাট এলাকায় দুটি অটোরিকশার চারজন যাত্রীকে মারধর করেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে। কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মনির আহমেদ দাবি করেন, পুলিশের গুলিতে মহানগরের সাধারণ সম্পাদক শাহ আলমসহ শিবিরের ১৪ জন কর্মী আহত হন।বগুড়া: শহরের খান্দার এলাকায় গতকাল দুপুরে শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ শটগানের ১২টি গুলি ছুড়লে শিবিরের কর্মীরা পালিয়ে যান।সিরাজগঞ্জ: শিবিরের কর্মীরা সকালে সিরাজগঞ্জ শহরে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি পুরোনো পোস্ট অফিস রোড থেকে বের হয়ে বুলবুল অয়েল মিলের গলির সামনে গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ওই গলিতে যাওয়ার আগেই শিবিরের কর্মীরা চলে যান। নারায়ণগঞ্জ: শহরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে থেকে গতকাল বেলা ১১টায় লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা সিরাজউদ্দৌলা সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং সড়কে টায়ার ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। চট্টগ্রাম: নগরের গোলপাহাড় ও কদমতলী এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালের সমর্থকেরা। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।