মিছিল-পিকেটিংয়ে হরতাল চলছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে খণ্ড খণ্ড মিছিল, পিকেটিং ও অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে ২৫ জন আটক হয়েছেন।নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদের নেতৃত্বে শিমরাইল মোড় এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ, বিএনপির নেতা আলী আহাম্মদ লালা, আলী হোসেন প্রধান, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিস, পুলিশ সদস্য মফিজ, নূর আলমসহ ১৫ জন আহত হন।সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ জানান, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করার সময় পুলিশ তাতে বাধা দিয়ে বেধড়ক লাঠিপেটা করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদের লাঠিপেটা করা হয়। সকালে শহরের আমলাপাড়া এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। রাজশাহী:রাজশাহী নগরের রাজশাহী-গোদাগাড়ী সড়কে আজ সকালে টায়ারে আগুন দেয় পিকেটাররা। ডিঙ্গাডোবা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। সকাল সাতটার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমানের নেতৃত্বে নগরের লোকনাথ স্কুলের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সোনাদিঘি মোড় এলাকায় দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় মিজানুর রহমান নেতা-কর্মীদের নিয়ে সড়কের মাঝখানে বসে পড়েন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে উঠে যাওয়ার অনুরোধ করলে তিনি দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।বিনোদপুরে ইসলামী ছাত্রশিবির ঢাকা-রাজশাহী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। এ সময় তারা একটি ঝটিকা মিছিলও করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের প্রথম প্রহরে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে হরতালকারীরা। সকাল সাতটার দিকে পিকেটাররা ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ব্যারিকেড দিলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পিকেটারদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালের নামে নাশকতার প্রস্তুতিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর মোড়ে সকাল পৌনে নয়টার দিকে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পিকেটারদের এলোপাতাড়ি ইটের জবাবে পুলিশ অন্তত ১০টি রাবার বুলেট ছোড়ে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের শিবতলায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পিকেটাররা। গাছের গুঁড়ি সরাতে গেলে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এবং নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর প্রতিনিধি)