মিছিলে প্রকম্পিত ডারবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনই চুক্তি করো, নয়তো ডারবান দখল করো। কার্বন নিঃসরণ বন্ধে চুক্তি করো, জলবায়ু-বিপন্নদের রক্ষা করো। তহবিল দ্রুত ছাড় করো’। এমন সব দাবিতে গতকাল শনিবার হাজারো মানুষের মিছিলে মুখরিত ছিল ডারবান শহর।বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার সিভিল সোসাইটি ফোরাম এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কোপ-১৭ সম্মেলনের অচলাবস্থার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহর ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠন ও ব্যক্তিরা এতে শামিল হয়েছিলেন।প্রায় ২০ হাজার মানুষের এই মিছিল ডারবান শহরের উপকণ্ঠ থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। আফ্রিকার ঐতিহ্যবাহী ওয়াকা ওয়াকা নৃতের তালে তালে জুলু পোশাক পরে ড্রাম বাজিয়ে শহরবাসীকে মিছিলে যোগ দিতে আহ্বান জানানো হয়।দক্ষিণ আফ্রিকার সময় সকাল ১০টায় শুরু হওয়া এই মিছিলের ফেস্টুনে লেখা ছিল, সম্মেলন ব্যর্থ হতে দেওয়া যাবে না। শিল্পোন্নত বিশ্বকে এবারই আপস করতে হবে। মিছিলে সবার মুখে একই আর্তি। বিশ্বকে জলবায়ু-দুর্যোগের কবল থেকে বাঁচাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে অনিশ্চয়তার মধ্যে রেখে আলোচনার নামে সময়ক্ষেপণ করা যাবে না।মিছিল দুপুর একটায় সম্মেলনকেন্দ্রে এসে ইউএএফসিসিসির নির্বাহী চেয়ারম্যান ক্রিস্টিনা ফিগুইরার কাছে একটি দাবিনামা উত্থাপন করে। শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন সংস্থার ৫০ জন প্রতিনিধি যোগ দেন। গ্রিন ক্লাইমেট ফান্ড যাতে বিশ্বব্যাংকের হাতে না যায়, সেই দাবিও বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে তোলা হয়।সম্মেলনকেন্দ্রের ভেতরে জলবায়ু-উদ্বাস্তুদের মানবাধিকার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিএসআরএল, ইক্যুইটি বিডি, ফিলিপাইনভিত্তিক সংগঠন জুবিলি সাউথসহ নয়টি সংগঠন এর আয়োজক।অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কানকুন চুক্তিতে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দায়িত্ব জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে পালন করতে হবে।ইক্যুইটি বিডির সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) গোলাম রব্বানী।জাতিসংঘের আওতায় তহবিল চেয়েছে বাংলাদেশ: গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে সরাসরি অর্থ বরাদ্দের ব্যবস্থা করার প্রস্তাব করেছে বাংলাদেশ। একই সঙ্গে এই তহবিল জাতিসংঘের আওতায় রেখে ২০১৩ থেকে এর কার্যক্রম চালু রাখারও প্রস্তাব করেছে বাংলাদেশ। গতকাল শনিবার জিসিএফ-সংক্রান্ত এক সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রস্তাব দেওয়া হয়।জিসিএফ ব্যবস্থাপনা কাঠামো তৈরি-সংক্রান্ত অন্তর্বর্তীকালীন কমিটির দেওয়া প্রস্তাব ডারবানের কোপ-১৭ সম্মেলনেই গ্রহণ করার সুপারিশ বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ-উল-আলম বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সাতটি প্রস্তাব তুলে ধরেন।সম্মেলনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জিসিএফকে বিশ্বব্যাংক বা অন্য কোনো তৃতীয় সংস্থার মাধ্যমে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জোট এলডিসি ও জি-৭৭-এর পক্ষ থেকে এই প্রস্তাবের বিরোধিতা করে তা জাতিসংঘের ব্যবস্থাপনায় নিয়ে আসার প্রস্তাব করা হয়।২০২০ সালের মধ্যে জিসিএফের আওতায় ১০০ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দের জন্য বলা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। সচিব মিছবাহ-উল-আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শুধু অনানুষ্ঠানিক নয়, সম্মেলনের সব কটি ফোরামেই বাংলাদেশ তার এ বক্তব্য তুলে ধরবে। একই সঙ্গে অভিযোজন খাতের বরাদ্দের একটি অংশ যাতে বাংলাদেশের মতো স্বল্পোন্নত রাষ্ট্রগুলো পায়, সেই দাবিও তোলা হবে।