মিছিলে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটচল্লিশ থেকে বায়ান্ন। প্রতিটি দিনই আন্দোলনের। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল যশোর শহর। ছাত্র-জনতার একাত্মতায় রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল। মোড়ে মোড়ে সমাবেশ। পুলিশ-মাড়োয়ারি একদিকে, অন্যদিকে বাঙালি ছাত্র-জনতা। দফায় দফায় সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ। ফাঁকা গুলি বর্ষণ। জবাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতার পাল্টা ইটপাটকেল নিক্ষেপ। আটচল্লিশ থেকে বায়ান্নর যশোর শহরের নিত্যদিনের চিত্র ছিল এমনি। আমি ১৯৪৮ সালে মাইকেল মধুসূদন কলেজে বিএর ছাত্র। জড়িয়ে পড়েছিলাম মাভৃভাষা আন্দোলনের সঙ্গে। তখন যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্বে অন্যতম ছিলেন শেখ আমান উল্লাহ। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়। তিনি যশোরে পড়তেন। এখন সাতক্ষীরাতেই থাকেন। সম্ভবত তিনি ও আমি ছাড়া সে সময়ের আর কেউ এখন জীবিত নেই।আটচল্লিশের যেদিন মোহম্মদ আলী জিন্নাহ তাঁর ঘোষণায় বললেন, ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা,’ সেদিন ঢাকার সঙ্গে যশোর বিক্ষোভে ফেটে পড়েছিল। সন্ধ্যায় তাত্ক্ষণিকভাবে আমরা শেখ আমান উল্লাহর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করি। ‘জিন্নাহ তুমি ফিরে যাও, রাষ্ট্রভাষা বাংলা দাও’—এই স্লোগানে প্রকম্পিত হয় শহর। পরদিন সকালে আমরা মাইকেল মধুসূদন কলেজের ছাত্রছাত্রীরা শহরে আবার মিছিল করি। মিছিলে আলমগীর সিদ্দিকী, শেখ আমান উল্লাহ, হামিদা রহমান, বীণা ঘোষ, আবদুল হাসিব, মুনছুর আহমেদ, গোলাম মোস্তফা, লুত্ফর রহমানসহ অনেকে অংশ নিয়েছিলেন। সবার নাম আজ আর মনে নেই।মিছিলটি যখন শহর ঘুরে কালেক্টরেট চত্বরে আসে, তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়ে। হামিদা আর বীণা আঁচলে করে ইট-খোয়া এনে দেন। আর আমরা ছেলেরা তা ছুড়ে মারি। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে কাঁটাতারের বেড়া ডিঙাতে গিয়ে আলমগীর সিদ্দিকী পায়ে আঘাত পান। ছাত্রদের আরও বেশি উদ্দীপ্ত করতে প্রচার করা হলো, পুলিশের গুলিতে আলমগীর আহত হয়েছেন। খবরটি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে বিক্ষোভ অগ্নিমুখী হয়।রাতে গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়, স্কুল-কলেজের ক্লাস ও বিহারিদের ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য বর্জন করতে হবে। সে অনুযায়ী চোঙা ফুঁকে সকালে ঘোষণা দেওয়া হয়। মিছিল বের হয় শহরে। মিছিল নিয়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। শিক্ষকদের সঙ্গে বৈঠক করে স্কুল-কলেজের ক্লাস বন্ধ করে দেওয়া হয়। দড়াটানা মোড়ের হোটেল তাজসহ বিহারিদের ব্যবসাপ্রতিষ্ঠানের সব পণ্য বর্জন করা হয়। অবস্থা বেগতিক দেখে তত্কালীন জেলা প্রশাসক বিহারি এইচ ই নোমানী ঘোষণা দিলেন, গুলি করে কাউকে মারা হয়নি। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে মাত্র। এভাবেই যশোরে ধারাবাহিকভাবে এগিয়েছে মাতৃভাষা আন্দোলন।বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল যখন ঘরে এল, তখন হারিয়ে গেল রফিক, শফিক, ছালাম, জব্বারের মতো অনেক তরতাজা প্রাণ। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যশোরের চৌরাস্তা মোড়, মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস (বর্তমান কলেজের পুরাতন হল) ও সম্মিলনী ইনস্টিটিউশন স্কুলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেসব শহীদ মিনারের কোনো অস্তিত্ব নেই। ১৯৫৬-৫৭ সালের দিকে বর্তমান মাইকেল মধুসূদন কলেজের ছাত্র সংসদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে প্রথম কংক্রিটের শহীদ মিনার নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে জরুরি অবস্থা জারি হলে দীর্ঘদিন শহীদ মিনারের পাদদেশে কোনো অনুষ্ঠান করা যায়নি। ফলে শহীদ মিনারটি অরক্ষিত হয়ে যায়। স্বাধীনতার পর সেই শহীদ মিনারটি ভেঙে নতুন শহীদ মিনার করা হয়, যা বর্তমানে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার।