মিছিলের ওপর উঠে গেল বাস, নিহত ৮
বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মিছিলের ওপর উঠে গিয়ে ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। আজ শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বারেক (৭০), রাজীব (২৫), আবু বকর (৫০) ও হাফিজ (৪২)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাদল খানের একটি নির্বাচনী প্রচার মিছিল রাত আটটার দিকে উপজেলার শিকদারবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে পৌঁছালে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মিছিলটির ওপরে উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। পরে বাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর অবস্থায় কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রাত সাড়ে ১০টার দিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম প্রথম আলোকে জানান, উদ্ধার তত্পরতা চলছে। বাসের নিচে আরও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।