রাজধানীতে পুলিশের হেফাজতে মারা যাওয়া ব্যবসায়ী মিজানুর রহমান ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন কোনো তথ্য জানেন না এলাকাবাসী। গতকাল বাড্ডার নয়ানগরে মিজানের বাসার আশপাশের লোকজন প্রথম আলোকে বলেন, মিজান ছিনতাই বা কোনো অপরাধের সঙ্গে জড়িত, এমন কথা তাঁরা আগে কখনো শোনেননি।তবে পুলিশের দাবি, বুধবার রাত একটার দিকে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কে ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানান, একটি দূতাবাসের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে ওই প্রতিবেদনে কোনো অপরাধীর নাম নেই।এলাকাবাসী জানান, গত মঙ্গলবার ভোরে গুলশান থানার সাদা পোশাকধারী পুলিশের একটি দল মিজানকে আটক করে থানায় নিয়ে গেছে। মিজানের স্ত্রীর অভিযোগ, এক লাখ টাকা না পেয়ে পুলিশ থানাহাজত থেকে মিজানকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর পুলিশের বক্তব্যের সঙ্গে মিজানের স্ত্রী ও এলাকাবাসীর বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি। পুলিশের বক্তব্যেও অসংগতি রয়েছে। ঘটনার পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে বলেছিলেন, সিলভার রঙের এলিয়ন কারে করে ছিনতাই হচ্ছে—এমন অভিযোগে পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার মহানগর পুলিশের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত একটার দিকে গুলশান থানার ওসি কামালউদ্দিন গোপন খবর পান গুলশান সংযোগ সেতুর পশ্চিম পাশে একটি এলিয়ন প্রাইভেট কারে কতিপয় ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরে ওসি পুলিশ নিয়ে অভিযান চালায়।গতকাল বিকেলে বাড্ডার নয়ানগরে গেলে এলাকাবাসী এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পুলিশ নিরীহ মিজানকে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। পুলিশের এই কর্মকাণ্ড এলাকাবাসী কোনোভাবেই মেনে নেবে না।নয়ানগরের মধ্যপাড়ার মিজান যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিকের ছেলে তাজুল ইসলাম জানান, তিনি ওই বাড়ির কাছে তাঁদের আরেকটি বাড়িতে থাকেন। দোতলা এই বাড়িটি তাঁরা ভাড়া দিয়েছেন। তাজুল প্রথম আলোকে জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে সাদা পোশাকধারী পুলিশ তাঁকে ঘুম থেকে জাগিয়ে তোলে। পুলিশ তাঁকে জানায়, তাঁদের ভাড়াটে মিজানকে তারা গ্রেপ্তার করতে এসেছে। পরে তিনি পুলিশের সঙ্গে তাঁদের ওই বাড়িতে যান। পুলিশ পরিচয় দিয়ে মিজানকে দরজা খুলতে বলে বাসার দরজার কড়া নাড়ে। একপর্যায়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে ইট এনে দরজার ওপর একের পর আঘাত করলে ভেতরের ছিটকিনি ভেঙে গেলে দরজা খুলে যায়। পুলিশ ভেতরে ঢুকে মিজানকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। এর আগে পুলিশ তাঁদের জানায়, গুলশান থানায় মিজানের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে। তাজুল জানান, ‘বহু বছর ধরে মিজান তাঁদের বাড়িতে ভাড়া আছেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ শুনিনি। মঙ্গলবারের আগে পুলিশ কোনো দিন মিজানকে খুঁজতেও আসেনি। তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও নেই।’ বাড়ির মালিকের স্ত্রী আলেয়া খাতুন জানান, ‘মিজান তাঁদের সামনে বড় হয়েছে। জীবনে কোনো দিন বেয়াদবিও করেনি। মিজান দ্বিতীয় তলায় থাকত ও নিচে ফটো হোম ডিজিটাল নামে স্টুডিও ভাড়া নিয়ে চালাত। কাছেই লিজা সাউন্ড সিস্টেম নামে একটি দোকান আছে তার।’বৃদ্ধ আজগর আলী জানান, মিজানের বিরুদ্ধে বদনাম দেওয়ার লোক এলাকায় পাবেন না। ছিনতাই তো দূরের কথা, তাঁকে রাস্তায় কখনো আড্ডা দিতেও দেখা যায়নি। স্থানীয় গাজীপুর টেইলার্সের মালিক মো. শাহজাহান বলেন, এলাকায় মিজান ভালো মানুষ হিসেবে পরিচিত।মিজান হত্যাকাণ্ডে নয়ানগরে শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান মিজানের পরিবার। তাঁর মা বুক চাপড়ে কেঁদে বলেন, ‘আমার পোলারে ফেরত চাই, ওরে ছাড়া মুই বাঁচমু না।’ পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল মিজানের ১০ বছরের মেয়ে লিজা। মিজানের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দুই দিন পরও পুলিশ মিজানের লাশ বুঝে দেয়নি।