মিজানুর রহমান হত্যার অন্যতম আসামি রাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে কলেজশিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি আবদুল আওয়াল রাজনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর মহল্লার রাজনের চাচা লিয়াকতের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রাজনের বাবার নাম মনসুর রহমান। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার বেগুনিয়া গ্রামে।জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নাসিরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। রাজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর আগে এ মামলায় আসিফ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। নারী অপহরণ মামলায় রাজনের ফুফা গ্রেপ্তার: মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অপর আসামি আসিফ আলীর বাবা গোলাম রসুলের করা নারী অপহরণ মামলায় রাজনের ফুফা মো. আয়েজ উদ্দিনকে (৫০) আজ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।আসিফের বাবা গোলাম রসুল গতকাল বুধবার রাতে বাগাতিপাড়া থানায় রাজন, তাঁর বাবা মুনছুর ও ফুফা আয়েজ উদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে নারী অপহরণের মামলা করেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা গোলাম রসুলের ১৬ বছরের এক মেয়েকে অপহরণ করে। পরে রাজন তাকে জোর করে বিয়ে করে। মামলাটি নথিভুক্ত করার পর গতকাল ভোররাতে বাগাতিপাড়া থেকে আয়েজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি আবদুস সালাম বলেন, শিক্ষক হত্যা মামলার আসামি রাজন যে বখাটে, তা এ অপহরণ মামলার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়।গ্রেপ্তারের পর রাজন আসিফের বোনকে জোর করে বিয়ের কথা স্বীকার করেছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে মিজানুরের স্ত্রীর সাক্ষাৎ সোমবার: শিক্ষক মিজানুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ শাহরিয়ার আলম এ কথা জানিয়ে মিজানুরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মিজানুরের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরির ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।প্রসঙ্গত, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বখাটে আসিফ আলী ও রাজন ১২ অক্টোবর বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেন এবং তিনি মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত পান। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মিজানুরের মৃত্যু হয়। ঘটনার পরদিন আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার ১৬ দিন পর রাজনকে গ্রেপ্তার করতে পারল পুলিশ।