মিজানুর রহমানের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার ইভ টিজিং প্রতিরোধে প্রচলিত আইন সংস্কারের চিন্তাভাবনা করছে। নাটোরে কলেজশিক্ষক মিজানুর রহমানের হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আজ শনিবার সিটি ব্যাংকের গ্লোবাল কমিউনিটি দিবস উপলক্ষে মানিকগঞ্জের ধামরাই উপজেলায় আয়োজিত ইভ টিজিং প্রতিরোধ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধামরাইয়ে কালামপুর আমাতুনন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সাহারা খাতুন বলেন, স্কুল-কলেজে বখাটেদের উত্পাত বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বখাটেদের উৎপাতে ছাত্রীদের স্কুল-কলেজে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। অনেকে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আত্মহননের পথ বেছে নিয়েছে অনেকে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বখাটে প্রতিরোধে এরই মধ্যে জেলা প্রশাসকসহ আইন প্রণয়নকারী সংস্থাকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজের আশপাশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আলোচনা সভায় নবম-দশম শ্রেণীর ছাত্রী ও তাদের অভিভাবকেরা আসেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সিটি ব্যাংকের সিইও মামুন রশিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ধামরাইয়ের সাংসদ বেনজির আহম্মেদ, সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, আমাতুনন্নেসা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ প্রমুখ। উল্লেখ্য, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরে কলেজশিক্ষক মিজানুর রহমান ১২ অক্টোবর বখাটেদেরহামলায় গুরুতর আহত হন। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।