মিটফোর্ড হাসপাতালে আড়াই ঘণ্টা চিকিত্সা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিত্সকদের হাতাহাতির কারণে আজ সোমবার বিকেলে প্রায় আড়াই ঘণ্টা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিত্সা সেবা বন্ধ ছিল।আজ বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শিক্ষানবিশ চিকিত্সকেরা হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন, সার্জারি বিভাগসহ কয়েকটি বিভাগের মূল ফটক তালা মেরে দিলে এ অবস্থার সৃষ্টি হয়। ওই সময়ের মধ্যে হাসপাতালে কেউ ঢুকতে বা বেরুতে পারেনি। পুরো সময় চিকিত্সা সেবা বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্যেষ্ঠ চিকিত্সকদের হস্তক্ষেপে চিকিত্সা-সেবা শুরু হলেও শিক্ষানবিশ চিকিত্সকেরা কাজে যোগ দেননি।হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে গেন্ডারিয়া থেকে হজরত আলী (১৮) নামের পানিতে ডুবে যাওয়া অসুস্থ একজন মেডিসিন বিভাগে ভর্তি হন। হজরতের স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় পড়ে থাকার পরও কোনো চিকিত্সক হজরতকে সেবা দেননি।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চিকিত্সকদের না পেয়ে হজরতের স্বজনেরা হাসপাতালে হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা মেডিসিন বিভাগে ভাঙচুরের চেষ্টা চালান। উত্তেজিত স্বজনেরা দায়িত্বরত শিক্ষানবিশ চিকিত্সকদের ওপর চড়াও হলে হাতাহাতি বেধে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর ধরে শিক্ষানবিশ চিকিত্সকেরা হাসপাতালের কয়েকটি ফটকে তালা মেরে হাসপাতালে ঢোকা ও বের হওয়া বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়ে রোগী ও তাদের স্বজনেরা। আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে।রোগী হজরত আলীর ভাই রুবেল বলেন, তাঁর ভাই পানিতে ডুবে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ সময় ধরে তাঁকে বিছানায় রেখে কোনো রকম চিকিত্সা দেওয়া হয়নি। কোনো চিকিত্সককেও খুঁজে পাওয়া যায়নি। এক ঘণ্টা পর শিক্ষানবিশ চিকিত্সকেরা জানান, হাসপাতালে কোনো জ্যেষ্ঠ চিকিত্সক নেই। তাঁরা হজরতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে হাসপাতালে চিকিত্সা-সেবা শুরু হয়েছে। কাজে যোগদানের জন্য ইন্টার্নি চিকিত্সকদের সঙ্গে আলোচনা চলছে।