মিটফোর্ড হাসপাতালে সেবা কম, রোগীর ভিড় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার সকাল পৌনে নয়টায় মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগের রোগী সালেহা বেগমকে (৫০) সিরিঞ্জে রক্ত নিয়ে প্যাথলজি বিভাগের সামনে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এ প্রতিবেদককে তিনি বলেন, সকাল আটটা থেকে তিনি রক্ত পরীক্ষা করানোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু প্যাথলজি বিভাগের কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্য কারিগরের (হেলথ টেকনিশিয়ান) দেখা পাননি বলে তাঁর এ অপেক্ষা।প্যাথলজি বিভাগের সামনে অপেক্ষমাণ কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে আসা কিরণবালা জানান, তিনি সকাল সাড়ে সাতটা থেকে অপেক্ষা করছেন রক্ত পরীক্ষা করানোর জন্য। শুধু সালেহা বেগম বা কিরণবালাই নন, তাঁদের মতো প্রায় ২০-২৫ জনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্যাথলজি বিভাগের সামনে অপেক্ষা করতে দেখা যায়। পরীক্ষার দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা সময়মতো হাজির হননি বলে এই ভিড়। অভিযোগ আছে, প্রতিদিনই এ বিভাগের কাজ দেরিতে শুরু হয়। বিভাগের প্রধান স্বাস্থ্য কারিগরি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, প্রতিদিন তিনি সকাল আটটার আগেই চলে আসেন। কিন্তু গতকাল গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় তাঁর দেরি হয়েছে।আলট্রাসনোগ্রাম: দুপুর ১২টার দিকে রেডিওলজি বিভাগের আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে প্রায় ৪০-৫০ জন মানুষের জটলা দেখা যায়। এদের কেউ রোগী, কেউ রোগীর আত্মীয়। সেখানে একটি বেঞ্চে বসে ছিলেন কেরানীগঞ্জের পারগেন্ডারিয়ার আফজাল হোসেন ও তাঁর স্ত্রী আশফিয়া খাতুন (২০)। আশফিয়া নয় মাসের গর্ভবতী। আফজাল হোসেন বলেন, সকাল পৌনে নয়টা থেকে পরীক্ষা করানোর ফি জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি যখন প্রায় সামনে চলে এসেছেন, তখন হঠাৎ করে ফি জমা নেওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আশায় বসে ছিলেন, আবার যদি ফি নেওয়া শুরু হয়।সেখানে কথা হয় গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আসা ফুলমালার সঙ্গে। সকাল আটটার দিকে সাত বছর বয়সী শিশু আরিফকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। দুপুর ১২টা পর্যন্ত তাঁর ছেলের আলট্রাসনোগ্রাম করানো সম্ভব হয়নি।গতকালের মতো গত মঙ্গলবারও একই সময়ে হাসপাতালের এই রেডিওলজি বিভাগে ভিড় দেখেছিলেন এ প্রতিবেদক। খোঁজ নিয়ে জানা গেছে, এই বিভাগের কর্মকর্তারা হাসপাতালে আসেন দেরিতে, কাজ শুরু করেন দেরিতে, রোগীদের না জানিয়ে কাজ বন্ধ করে দেন।এ ব্যাপারে রেডিওলজি বিভাগের প্রধান ফরিদ আহমেদ বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে, তার পরও তাঁরা দেরিতে উপস্থিত হচ্ছেন। পুরান ঢাকার এই সরকারি হাসপাতালটিতে নিয়মিত হাজিরা দেন এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কম। সকাল আটটায় অফিসের কাজ শুরু হওয়ার সরকারি নিয়ম থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী তা মানেন না।মেডিসিন বিভাগ: কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও মেডিকেল কর্মকর্তাসহ চিকিৎসক আছেন ৪৫ জন। গতকাল সকাল আটটায় মেডিসিন বিভাগে গিয়ে জানা যায়, বিভাগীয় প্রধান ছাড়া বাকি ৪৪ জন সময়মতো হাজির হননি।সকাল সাড়ে আটটার দিকে মেডিসিন বহির্বিভাগের নাম অন্তর্ভুক্ত করা কক্ষের সামনে বিশাল লাইন চোখে পড়ে। কর্মরত চিকিৎসক মোশারফ হোসেন জানান, রোগীর চাপ খুবই বেশি। মেডিসিন বিভাগের সামনে নারীদের ভিড় অনেক বেশি। কর্মরত চিকিৎসক জানান, একজন চিকিৎসকের পদ খালি থাকায় এই ভিড়।হাসপাতালটি বছর খানেক আগেও ভালো চলত। চিকিৎসকেরা ঠিক সময়ে হাসপাতালে হাজির হতেন। প্রশাসনে শৃঙ্খলা ছিল। অভিযোগ উঠেছে, বর্তমান পরিচালকের অবহেলার কারণে হাসপাতালের শৃঙ্খলা ভেঙে পড়ছে। গত দুই দিনে তাঁকে ঠিক সময়ে হাসপাতালে হাজির হতে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর একাধিক সহকর্মী অভিযোগ করেছেন, তিনি ঠিক সময়ে আসেন না বলে অনেকেই সময় মেনে চলেন না। বর্তমান পরিচালক নিয়মিত হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনও করেন না। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল প্রথম আলোর সঙ্গে কথা বলতে চাননি। তিনি এ প্রতিবেদককে লিখিত প্রশ্ন দিতে বলেন।ক্যাজুয়াল্টি বিভাগ: রাজধানী বা এর আশপাশের রোগীদের ভিড় অনেকটাই সামাল দেয় মিটফোর্ড হাসপাতাল। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো অবেদনবিদ নেই। প্রয়োজনীয় জনকাঠামো ও যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি অস্ত্রোপচার কক্ষটি (ওটি)। কক্ষের সামনে ময়লা পানি জমে থাকে। গুরুতর জখম নিয়ে অনেকেই এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু তাদের বিমুখ হতে হয়।নিউরো সার্জারি বিভাগ: ১৯৯৫ সালে মিটফোর্ড হাসপাতালের প্রশাসনিক ভবনের অষ্টম তলায় নিউরো সার্জারি বিভাগটি চালু হয়। সেখানে একজন সহযোগী অধ্যাপক ও দুজন সহকারী অধ্যাপক আছেন। কিন্তু এখানে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও মেডিকেল কর্মকর্তার পদ নেই। এ বিভাগের নিজস্ব কোনো অস্ত্রোপচার কক্ষ (ওটি), ওয়ার্ড ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড নেই। তবে নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারিসহ আরও কয়েকটি বিভাগ ভাগাভাগি করে একটি ওটি ব্যবহার করে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব বিভাগের পৃথক ওটি তৈরির সক্রিয় কোনো উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের নেই।চলেনি আইসিইউ: হাসপাতালের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য কক্ষ তৈরি করা হয় প্রায় দুই বছর আগে। তারও আগে আইসিইউর জন্য চারটি শয্যা কেনা হয়েছিল। বিভাগের চিকিৎসকেরা জানান, ১০টি শয্যা, ১০টি ভেন্টিলেটর, ১০টি মনিটর ও অন্যান্য যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে। আইসিইউ চালানোর মতো জনবল হাসপাতালে নেই। এটি কবে চালু হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।বিকল এনজিওগ্রাম যন্ত্র: হূদরোগ বিভাগের জন্য ২০০৩ সালে প্রায় চার কোটি টাকা দিয়ে এনজিওগ্রাম যন্ত্র কেনা হয়। যন্ত্রটির একটি নল দুই মাস আগে নষ্ট হয়েছে। এখন এই হাসপাতালে এনজিওগ্রামের সেবা পাচ্ছে না রোগীরা। কবে এটি চালু হবে, তাও কেউ বলতে পারে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, যন্ত্রটি এ পর্যন্ত তিন থেকে চারবার নষ্ট হয়েছে। একবার নষ্ট হলে মেরামত করতে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়।প্লাস্টিক সার্জারি বিভাগ: প্লাস্টিক সার্জারি বিভাগ চলছে একজন চিকিৎসকের ওপর ভর করে। সহযোগী অধ্যাপক ছাড়া আর কোনো পদ নেই এ বিভাগে। সেই পদটিও এখন শূন্য। একজন সহকারী রেজিস্ট্রার এই বিভাগ দেখাশোনা করছেন। তিনি জানান, এ বিভাগে পাঁচটি শয্যা আছে। প্রতি সোমবার বহির্বিভাগে গড়ে প্রায় ২০ জন রোগী দেখা হয়। শয্যা ও অন্যান্য সংকট থাকায় পাঁচজনের বেশি রোগী ভর্তি করা সম্ভব হয় না।মিটফোর্ড হাসপাতালের এসব সমস্যা নিয়ে এ প্রতিবেদক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হাসেম খান বলেন, ‘আমি হাসপাতালের ব্যাপারে কিছুই বলব না। আমার ওপরে পরিচালক রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলুন।’পরে এ প্রতিবেদক হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে তাঁর কক্ষে যান। কিন্তু পরিচালক কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমার অনুমতি ছাড়া কোনো সাংবাদিক হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ঢুকতে পারবে না।’