মিটফোর্ডে কর্মচারীকে মারধরের অভিযোগ, বিক্ষোভ
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) গতকাল সোমবার রাতে মাহমুদ নামের এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপপরিচালক আবুল হাশেম খান ওই কর্মচারীকে মারধর করেছে, এমন অভিযোগ তুলে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের শতাধিক কর্মচারী বিক্ষোভ করেন। সকাল আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত চলে এ বিক্ষোভ।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এম ফরিদুজ্জামান সকাল সোয়া নয়টার দিকে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর কর্মচারীরা কাজে যোগ দেন। কর্মচারীরা অভিযোগ করেন, গতকাল রাতে হাসপাতাল পরিদর্শনের সময় উপপরিচালক আবুল হাশেম খান প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মচারী মাহমুদকে চড় মারেন। এ সময় উপপরিচালক মাহমুদের কাছে আইডি কার্ড দেখতে চান। আইডি কার্ড না থাকলে বেতন কেটে নেওয়ার হুমকি দেন তিনি। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে উপপরিচালকের পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করে।মাহমুদের দাবি, ঠিক কী কারণে উপপরিচালক তাঁকে চড় মেরেছেন, তা তিনি বুঝতে পারছে না।তবে আবুল হাশেম খান জানান, অধিকাংশ সময় কর্মচারীরা খাতায় স্বাক্ষর করে চলে যান। গতকাল রাউন্ডে গিয়ে ওই কর্মচারীর সঙ্গে একটু রাগ করেছি। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।