মিটফোর্ডে লেপ-তোশকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার একটি লেপ-তোশকের দোকানে আজ বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে আটটার দিকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ভবনসংলগ্ন একটি লেপ-তোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ওই দোকান ও দোকানের পেছনে থাকা গুদামঘরের সব মালামাল পুড়ে যায়। এ সময় আশপাশের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে রাস্তায় নেমে আসেন। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। দোকান মালিকের আত্মীয় আবদুল ওয়াদুদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাত্ আগুন ধরে যায়। এ সময় দোকানে থাকা লোকজনের চিত্কারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে দোকানের তুলা, লেপ, তোশক, কাপড়, বিভিন্ন মালামালসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে তিনি জানান। তিনি আরও জানান, দেড় কাঠা জমির ওপর ওই দোকানের পেছনে গুদামে বিভিন্ন মালামাল ছিল, যা পুড়ে ছাই হয়ে গেছে। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপসচিব এস এম মনির হোসেন জানান, সমিতির ভবনের পাশে লেপ-তোশকের দোকানে হঠাত্ আগুন ধরে যায়। আগুন লাগার খবর পেয়ে আশপাশের ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।