মিটার, চুক্তি দুটোই চলেছে, যাত্রীরাও অসচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পর প্রথম দিন গতকাল রোববার পুরোপুরি মিটারে চলেনি সিএনজিচালিত অটোরিকশা। কিছু চালক মিটারে চালালেও ভাড়া বেশি ওঠার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে অনেক যাত্রীকেও স্বেচ্ছায় মিটারে না গিয়ে চুক্তিতে যেতে আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে।প্রথম দিন ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তৎপরতা চোখে পড়েনি। অনেক যাত্রী অভিযোগ করেছেন, পুলিশের সাহায্যের জন্য অটোরিকশার গায়ে লেখা ফোন নম্বরে ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি। বিআরটিএ কয়েক দিন ধরে নতুন ভাড়ার হার উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। যেকোনো দূরত্বে ও যাত্রীর চাওয়ামতো গন্তব্যে যেতে না চাইলে এবং মিটারে যাত্রী বহন না করলে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয় এসব বিজ্ঞাপনে। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, চালকেরা সরকার-নির্ধারিত ভাড়া নিচ্ছেন কি না, তা দেখার মতো লোকবল বিআরটিএর নেই। তাঁরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে তা দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, কয়েক দিনের মধ্যে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। গতকাল ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল বলে চালক ও সাধারণ যাত্রীরা জানিয়েছেন। সব অটোরিকশার মিটারে এখনো নতুন ভাড়ার হার প্রতিস্থাপিত না হওয়ায় সেগুলো নামেনি বলে জানিয়েছেন কয়েকজন মালিক। গতকাল পর্যন্ত মাত্র ২৮৩টি অটোরিকশার মিটার ঠিক আছে, এই মর্মে বিআরটিএ থেকে প্রত্যয়নপত্র নিয়েছে। ঢাকায় প্রায় ১২ হাজার অটোরিকশা চলাচল করে।চুক্তিতে চলেছে: লাইজু আক্তার বৃদ্ধ বাবাকে নিয়ে খিলগাঁও যাওয়ার জন্য অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১৪-৪১৬৪) ঠিক করলেন। তিনি জানান, শেরেবাংলা নগরের হূদেরাগ হাসপাতাল থেকে খিলগাঁও পর্যন্ত ভাড়া চূড়ান্ত করেছেন ১৫০ টাকা। অথচ হাসপাতালে আসার পথে মিটারে এসেছেন এবং ভাড়া উঠেছিল ৮০ টাকা। ৭০ টাকা বেশি দিতে হয়েছে তাঁকে। লাইজু জানান, সিএনজির গায়ে পুলিশ কন্ট্রোল রুমের যে নম্বর আছে, তাতে ফোন দিলেও কেউ ধরেনি। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আবিদ জুবায়ের সিয়াম হাসপাতালের সামনে নেমে অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১৪-১৬৫৭) চালককে ভাড়া দিলেন ১৫০ টাকা। তিনি জানান, মিটার অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের ভাড়া ৬০ থেকে ৭০ টাকা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের দূরত্ব যেকোনো পথে আট থেকে নয় কিলোমিটার। সে হিসাবে ভাড়া আসে ৬৫ থেকে ৭০ টাকা। ২০ মিনিট যানজটে আটকে থাকলেও ভাড়া ৯০ টাকার বেশি হওয়ার কথা নয়।একই চিত্র দেখা গেছে, ফার্মগেটের খামারবাড়ীর ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনেও। অটোরিকশার জন্য অপেক্ষায় ছিলেন আহাদুজ্জামান। তিনি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যাবেন। এই দূরত্বের জন্য অটোরিকশা (ঢাকা-মেট্রো-থ ১৪-০৭৩৭) চালক জামালউদ্দিন তাঁর কাছে দাবি করেন ১২০ টাকা। মিটার সচল না বিকল জানতে চাইলে জামাল বলেন, ‘চালের কেজি ৪০ টাকা। মিটারে গিয়ে পোষাবে না।’ খামারবাড়ীর সামনে থেকে হামিদ উল্লাহ বৃদ্ধ মাকে নিয়ে রায়েরবাগ যাবেন। সে জন্য অটোরিকশা (ঢাকা মেট্রো-থ ১৩-৩৪৭৯) ভাড়া করলেন সাড়ে ৩০০ টাকায়। এত টাকা ভাড়া কেন জানতে চাইলে চালক বলেন, যাত্রাবাড়ী থেকে ফার্মগেট এসে যাত্রীর কাছ থেকে ভাড়া পেয়েছেন ২৫০ টাকা। সুতরাং রায়েরবাগ পর্যন্ত সাড়ে ৩০০ টাকা বেশি নয়। মিরপুর রোড ও ক্রিসেন্ট রোডের সংযোগস্থলে দায়িত্বরত টাফিক পুলিশের সার্জেন্ট রবিউল বলেন, তিনি দুপুর থেকে দায়িত্ব পালন করছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো অভিযোগ পাননি। তবে তিনি বলেন, সিএনজি অটোরিকশাচালকেরা মিটার অনুযায়ী ভাড়া আদায় করেন না। এ জন্য চালক, মালিক এবং ক্ষেত্রবিশেষ যাত্রীরাও দায়ী। মূলত যাত্রীরা সচেতন হলে চালকদের দৌরাত্ম্য অনেক কমে যাবে মনে মনে করেন তিনি। মিটারে ত্রুটি: অভিযোগ পাওয়া গেছে, মিটার অনুযায়ী চলার পরও কিছু কিছু অটোরিকশায় বাড়তি ভাড়া উঠেছে। এসব মিটারে সঠিকভাবে ভাড়া প্রতিস্থাপন করা হয়নি। গতকাল শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে কথা হয় আমিনুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মিরপুর ১৪ নম্বর থেকে বাণিজ্য মেলার গেটে মিটারে এসে তাঁকে ভাড়া গুনতে হয়েছে ৯০ টাকা। তাঁর কাছে এটা বেশি মনে হয়েছে। কারণ, রাস্তায় যানজটও পাননি তিনি।মিরপুর ১৪ নম্বর থেকে বাণিজ্য মেলা পর্যন্ত দূরত্ব ছয় কিলোমিটার। সে হিসাবে এই পথের ভাড়া হওয়ার কথা ৫৩ টাকা। সর্বোচ্চ ১৫ মিনিট ওয়েটিং ধরা হলেও ভাড়া হয় ৭১ টাকা। এই প্রতিবেদক একাধিক সিএনজিতে উঠে দেখেছেন, কম গতিতে চলার সময় সাধারণ ভাড়ার পাশাপাশি ওয়েটিংয়েরও ভাড়া উঠছে। এসব অটোরিকশার মিটারগুলো কারসাজি করা। বাণিজ্য মেলার সামনে চালক অহিদুর রহমান স্বীকার করেন ১০ কিলোমিটারের কম গতিতে চললে ওয়েটিং ও সাধারণ ভাড়া দুটোই ওঠে। এটা কী কারণে হয় তার ব্যাখ্যা বিআরটিএ এবং মিটার সরবরাহকারী কেউ স্পষ্টভাবে দেননি। যাত্রীদের অসচেতনতা: বেশ কিছু চালক মিটারে যাত্রী বহন করলেও যাত্রীদের অনেককেই চুক্তিতে যেতে আগ্রহী বলে দেখা গেছে। বাণিজ্য মেলার সামনে থেকে গতকাল বেলা দুইটার দিকে মিরপুর ১৩ নম্বরে যাওয়ার জন্য মাহফুজুর রহমান ১০০ টাকা সিএনজি ভাড়া করেন। চালক মিটারে যেতে চাইলে যাত্রী চুক্তিতে যাবেন বলে জানান। চালক মোতালেব হোসেন জানান, সকালেও এ ধরনের যাত্রী পাওয়া গেছে। অথচ বাণিজ্য মেলা থেকে মিরপুর ১৩ নম্বরের দূরত্ব ৫ দশমিক ৬ কিলোমিটার। ওয়েটিংসহ ভাড়া ৭০ টাকার বেশি আসে না। মাহফুজুর রহমান বলেন, গতকাল থেকে মিটারে যাওয়া শুরু হয়েছে তা তিনি জানেন না। সকালে তেজগাঁও এলাকায় চালক মিটারে যাওয়ার কথা বললে সুষমা সালমা যাননি। সুষমা বলেন, মিটারের হিসাব তিনি বোঝেন না। চালক সোলাইমান মোল্লা বলেন, ‘আমি ত আইন মানার চেষ্টা করছি। কিন্তু যাত্রীরাই অনেক সময় বিপদে ফেলে দেয়।’