ঢাকা মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও সিএনজিচালিত অটোরিকশার চালকদের চুক্তিতে যাত্রী বহন বন্ধ হয়নি। বিশেষ করে বিপণিবিতান, হাসপাতাল, রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোর সামনে যাত্রী হয়রানি আগের মতোই আছে। এদিকে যেসব চালক মিটারে যাত্রী বহন করেন, তাঁদের মধ্যে আবার শুরু হয়েছে সেই পুরোনো আবদার, ‘একটু বাড়িয়ে দিয়েন।’গতকাল রোববার কয়েকটি এলাকায় গিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চুক্তিতে যাত্রী বহন এবং মিটারে গেলে বাড়তি ২০ টাকা আবদারের কয়েকটি ঘটনা দেখা গেছে। যেমন বেলা আড়াইটায় ঢাকা মেট্রো থ ১২-৮৪৮৯ নম্বরের অটোরিকশার চালক মো. ফারুক হোসেন বসুন্ধরা সিটি থেকে বেইলি রোডে ৮০ টাকায় চুক্তিতে যাত্রী তোলেন। মিটারে যাত্রী বহনের নিয়ম সত্ত্বেও চুক্তিতে যাওয়ার কারণ জানতে চাইলে চালক দাবি করেন, এতক্ষণ মিটারেই চালিয়েছেন। বসুন্ধরা সিটির সামনে থেকে কেউ মিটারে যায় না। সে জন্য তিনিও চুক্তিতে যাত্রী বহন করছেন। তবে ওই অটোরিকশার যাত্রী আবুল হাসান অসহায় ভঙ্গিতে বললেন, ‘বিকল্প কিছু নেই। এখনই যেতে হবে, তাই চুক্তিতেই যাচ্ছি।’জানা যায়, আবুল হাসানকে ওই অটোরিকশায় তোলার আগে ফারুকই শেরেবাংলা নগরের আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে থেকে মিটারে যাত্রী বহন করে বসুন্ধরা সিটির সামনে আসেন। যাত্রী শিহাবউদ্দিন নামার পর তাঁর কাছে ফারুক মিটারে ওঠা ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি দেওয়ার আবদার করেছিলেন। তবে তিনি তা দেননি।প্রসঙ্গত, এর আগের ভাড়ার হার কার্যকরের কিছুদিন পর চালকেরা মালিকের জমাসহ নানা অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছে আবদার করে মিটার-নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা আদায় করতেন। এবার নতুন ভাড়া কার্যকরের কয়েক দিন পরই তাঁরা একই আবদার শুরু করেছেন।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব মতে, বসুন্ধরা সিটি থেকে বেইলি রোডের দূরত্ব আড়াই কিলোমিটার, ভাড়া হওয়ার কথা ২৯ টাকা। ওয়েটিং (যানজট, সিগন্যাল, যাত্রাবিরতি) ১০ মিনিট ধরলে এর সঙ্গে ১২ টাকা যোগ হয়ে ভাড়া হবে ৪১ টাকা। অথচ চালক নিয়ম না মানায় আবুল হাসানকে ৩৯ টাকা বেশি দিতে হলো। বসুন্ধরা সিটি থেকে বেইলি রোড পর্যন্ত পথে কোনো ভ্রাম্যমাণ আদালত না থাকার সুযোগ নিয়েছেন চালকেরা। যাত্রীরাও ট্রাফিক পুলিশের সাহায্য না নিয়ে বাড়তি ভাড়া গুনেছেন।অটোরিকশায় চুক্তিতে যাত্রী বহন ও মিটারে কারসাজি বন্ধে গতকাল নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউসহ চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এসব আদালত পরিচালনা করে। নিউমার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, তিনি চুক্তিতে যাত্রী বহন করা এবং মোটরযান আইন অমান্য করার দায়ে ১৪ জন অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন।দুপুরের পর বসুন্ধরা সিটির সামনে থেকে ঢাকা মেট্রো থ-১৪-০৭৭৩ নিবন্ধন নম্বরের অটোরিকশায় ৮০ টাকা চুক্তিতে মৌচাকে যাত্রী বহন করতে দেখা যায়। এ সময় সেখানে কমলাপুর যাওয়ার জন্য অটোরিকশা খুঁজছিলেন মনজুর হোসেন। কাছাকাছি দূরত্বে ৮০ টাকা চুক্তিতে তাঁর সামনেই অটোরিকশায় ওঠা যাত্রীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কেউ চালকদের জবাবদিহি করতে চায় না। সবাই ব্যস্ততা দেখিয়ে চালকদের কথামতো চুক্তিতে যায়। আমি শেষ পর্যন্ত দেখব।’ পরে তিনি ঢাকা মেট্রো থ-১৪-২২৪০ নম্বরের অটোরিকশায় মিটারেই কমলাপুরের উদ্দেশে যাত্রা করেন।নিউমার্কেটের সামনে অটোরিকশা থেকে নামা রুবিনা আখতার জানান, মিটার অনুযায়ী ভাড়া দেওয়ার শর্তেই শান্তিনগর থেকে অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই চালক ২০ টাকা বাড়িয়ে দেওয়ার আবদার করেন। ঝামেলা এড়াতে গন্তব্যে পৌঁছে তিনি চালকের আবদার রেখেছেন।অবশ্য ব্যতিক্রমও আছে। বসুন্ধরা সিটির সামনে অটোরিকশায় উঠছিলেন ষাটোর্ধ্ব মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ‘চালক আমার কাছে বাড়তি ২০ টাকা দাবি করেছিলেন। কিন্তু রাজি হইনি। পুলিশের ভয় দেখানোর পর বাড়তি টাকার দাবি বাদ দিয়েছেন চালক। আইন মানলে পুরোই মানতে হবে।’ঢাকা মেট্রো থ-১৪-০৭৭৩ নিবন্ধন নম্বরের অটোরিকশার চালক মোতালেব মিয়া দাবি করেন, ‘মিটারেই চলি। ১০-২০ টাকা চাই। কেউ দেয়, কেউ দেয় না।’