মিটারের যানে প্রতিদিনের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফোর স্ট্রোক’ ইঞ্জিনের সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের মিটারের ‘রিডিং’ অনুযায়ী ভাড়া নেওয়ার কথা। অথচ এগুলোর চালকেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে থাকেন। আবার নগরের সড়কে সময়মতো অটোরিকশা ও ট্যাক্সিক্যাব পাওয়াও দুরূহ। কারণ অটোরিকশা চালকেরা যাত্রীদের দরকারি জায়গায় যেতে চান না। আর ট্যাক্সিক্যাবের সংখ্যা অনেক কম। ‘ফোর স্ট্রোক’ ইঞ্জিনের যানবাহন নিয়ে নগরবাসীর ভোগান্তির চিত্র লেখা ও ছবিতে তুলে ধরেছেন আলী আসিফ।কয়লা ধুলে ময়লা যায় না!‘কারওয়ান বাজার থেকে টিএসসিতে যাওয়ার জন্য অটোরিকশা নিলাম। পরে টিএসসি নামার পর চালক বললেন, আপা, ১০টা টাকা বেশি দেন। ১০ টাকা কেন বেশি দিব জানতে চাইলে সিএনজিচালক বললেন, “বকশিশ”।’ অভিযোগ করে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদা আক্তার। ১৬ জানুয়ারি থেকে মিটার মেনে ভাড়া আদায় করার কথা নগরের অটোরিকশাচালকদের। এখনো অনেক চালক মিটারের ভাড়ায় গন্তব্যে যেতে চান না। মিটারে গেলেও আবার ১০-২০ টাকা ‘বকশিশ’ চেয়ে বসেন আগেভাগেই। বিআরটিএর নির্দেশনা অনুযায়ী যাত্রী যেখানে যেতে চাইবে, সেখানেই যাওয়ার কথা সিএনজিচালিত অটোরিকশাচালকদের। অথচ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থেকে গোটা বিশেক অটোরিকশাচালককে বাড্ডা যেতে বললেও তাঁরা কেউ যেতে রাজি হননি। এমন কথা জানালেন মধ্য বাড্ডার বাসিন্দা হাসিনা খাতুন।মিরপুর-১০ নম্বর সেকশনের বাসিন্দা ইশতিয়াক হোসেন প্রায়ই অটোরিকশায় চড়ে মতিঝিলে যান। অনেক সময়ই মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে অটোরিকশাচালকেরা আর গন্তব্যে যেতে চান না, এমন অভিযোগ করলেন তিনি। বেশির ভাগ সময়ই মিরপুর থেকে ফার্মগেট আসার পরপরই অটোরিকশাগুলো নষ্ট হয় বলে জানালেন তিনি। এ বিষয়ে জামান নামের এক অটোরিকশাচালক জানান, যানজটে বসে থাকার চেয়ে স্বল্প দূরত্বেই খ্যাপ নিতে তাঁরা বেশি পছন্দ করেন। তাই অনেকেই রাস্তার অবস্থা সুবিধাজনক মনে না করলে মাঝপথে এসে বলে, গাড়ি নষ্ট হয়ে গেছে।কোনো অটোরিকশাচালক মিটারে যেতে রাজি না হলে কিংবা যাত্রীদের কাক্ষিত গন্তব্যে যেতে অসম্মতি জানালে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানালেন বিআরটিএর এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক তপন কুমার সরকার। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, প্রায়ই নগরের রাস্তায় বিআরটিএর অভিযান চলছে। তবে মাসের শুরুতে যে হারে মামলা হতো, এখন ঠিক সেই হারে মামলা না হলেও গড়ে প্রতি ভ্রাম্যমাণ আদালতে ৩০০টি মামলা হচ্ছে অটোরিকশার বিরুদ্ধে।ট্যাক্সিক্যাব দেখার কেউ নেইরামপুরা বাজারের সামনের রাস্তায় পরিবারের সদস্যদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আল আমিন। অনেক সময় ধরে চেষ্টা করেও কোনো ট্যাক্সিক্যাব বা অটোরিকশা না পেয়ে তিনি বললেন, ‘আগে এখানে সব সময় ক্যাব পাওয়া যেত, কিন্তু এখন অনেকক্ষণ অপেক্ষা করেও তা পাওয়া যায় না। বাসে বেশি ভিড় থাকে বলে সবাইকে নিয়ে বাসে ওঠাও সম্ভব নয়। এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’নগরের মধ্যবিত্ত শ্রেণীর অনেকে; যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই তাঁদের জন্য আরামদায়ক যাতায়াতের মাধ্যম ট্যাক্সি ক্যাব। কিন্তু বর্তমানে নগরে ট্যাক্সিক্যাবের সংখ্যা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এই বাহনটির ওপর নির্ভরশীল যাত্রীরা। রাস্তায় অল্পসংখ্যক ট্যাক্সিক্যাব পাওয়া গেলেও সেগুলো চালকেরা মিটারের বদলে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। আবার অনেক ট্যাক্সিক্যাবের মিটার বিকল হয়ে আছে।নগরে পরিবেশদূষণ কমাতে টু-স্ট্রোক বেবিট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়ার পর ২০০২ সাল থেকে রাস্তায় ব্যাপক হারে ট্যাক্সিক্যাব নামানো হয়। বিআরটিএতে যোগাযোগ করে জানা যায়, নগরে ১০ হাজার ৮৫৭টি ট্যাক্সিক্যাবের নিবন্ধন রয়েছে। ২০০৭ সালের ১১ মার্চ পর্যন্ত বিআরটিএর ঢাকা সার্কেল উত্তর কার্যালয়ে পাঁচ হাজার ৬৪৮টি ট্যাক্সিক্যাবের নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৪৪টি কালো, তিন হাজার ৭৮টি হলুদ ও ৩২৬টি নীল ট্যাক্সিক্যাব রয়েছে। ২০০৭ সালের পর থেকে আর কোনো ট্যাক্সিক্যাবের নিবন্ধন দেয়নি বিআরটিএ। নিয়ম অনুযায়ী প্রতিবছর এসব ক্যাবের ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্সটোকেন এবং প্রতি তিন বছর পর পর রুট পারমিট নবায়ন করার কথা। কিন্তু মিরপুর কার্যালয়ে নিবন্ধনকৃত ট্যাক্সিক্যাবগুলোর ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন ও রুট পারমিট আর নবায়ন করেননি এগুলোর মালিকেরা।অনুসন্ধানে জানা যায়, ক্যাবের বহরে নিম্নমানের গাড়ি সংযোজন, রক্ষণাবেক্ষণের অভাব, দুর্ঘটনা, চুরি বা ছিনতাইয়ের কারণে বর্তমানে ক্যাবের সংখ্যা দেড় থেকে দুই হাজারে নেমে এসেছে। চলাচলের অযোগ্য হয়ে পড়া দেড় হাজার ট্যাক্সিক্যাব প্রতিস্থাপনের জন্য বিআরটিএতে আবেদন করেছেন মালিকেরা। আর বর্তমানে প্রায় ছয় হাজারেরও বেশি ট্যাক্সিক্যাবের কোনো খবরই নেই বলে জানিয়েছেন বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা।নগরের রাস্তায় বর্তমানে মাত্র ৭০০টি ট্যাক্সিক্যাব চালু রয়েছে বলে জানালেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্যাক্সিক্যাব অপারেটরসের সাধারণ সম্পাদক এম এজাজ মাহমুদ। তিনি ট্যাক্সিক্যাব-সম্পর্কিত সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, একটা ট্যাক্সিক্যাবের বদলে আরেকটা ট্যাক্সিক্যাব নামানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে করে ট্যাক্সিক্যাব-শিল্প একেবারেই শেষ হয়ে যাবে। কারণ হিসেবে তিনি জানান, পুরোনো ট্যাক্সিক্যাবের ট্যাক্স, ফিটনেসের বকেয়া পরিশোধ করে নতুন ট্যাক্সিক্যাব নামাতে দেড়-দুই লাখ টাকা দিতে হবে বিআরটিএকে। এত হ্যাপা সামলে কে ট্যাক্সি নামাবে? এ প্রশ্ন তোলেন তিনি।হাতেগোনা যে কয়টি ট্যাক্সিক্যাব আছে, নগরে এগুলোর সেবার মান নিয়ে সন্তুষ্ট নন নগরবাসী। পান্না আকবর নামের এক বেসরকারি কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘হলুদ ট্যাক্সিক্যাবে উঠে দেখি, এসি নাই। নীল ট্যাক্সিক্যাবের মিটার নষ্ট। চুক্তিতে যাওয়া লাগে। এখন মনে হয় ট্যাক্সিক্যাবের চেয়ে অটোরিকশাই ভালো।’ ট্যাক্সিক্যাবগুলোর বেহাল সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ‘আমাদের অবস্থা খুব একটা ভালো না। মালিকদের বেশির ভাগ গাড়িই নষ্ট হয়ে পড়ে আছে। অনেক গাড়ি আবার থানায় আটকানো। সব মিলিয়ে মালিকেরা বোধ হয় চাচ্ছেন না ব্যবসাটা টিকে থাক। আবার সরকার অটোরিকশার মিটারের ভাড়া বাড়ালেও ট্যাক্সিক্যাবের ভাড়া বাড়াচ্ছে না। তাই সব দিক দিয়াই আমরা বিপদে আছি।’ ‘প্রাইভেট’ যখন বাণিজ্যিক‘সেদিন এক অটোরিকশা দেখলাম, পেছনে “প্রাইভেট” লেখা, কিন্তু এটি ভাড়ায় যাত্রী পরিবহন করছিল। অন্য অটোরিকশার মিটার থাকলেও এদের কোনো মিটার নেই। তাই ইচ্ছেমতো ভাড়াও হাতিয়ে নিয়েছে যাত্রীদের কাছ থেকে।’ বলছিলেন গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাদিম মাহমুদ।ব্যক্তিগতভাবে ঢাকার বাইরে চালানোর নিবন্ধন নিয়ে ‘ব্যক্তিগত’ ও ‘প্রাইভেট’ লেখা সিএনজিচালিত অটোরিকশাগুলো মিটারের যানকে কাঁচকলা দেখিয়ে যাত্রী পরিবহন করছে নগরের পথে। শুরুতে স্বল্পসংখ্যক ব্যক্তিগত অটোরিকশা চোখে পড়লেও দিনে দিনে এই সংখ্যা বাড়ছে। এ বিষয়ে কোনো স্পষ্ট শাস্তির বিধান না থাকায়, ধরা পড়লেও লঘু শাস্তিতেও ছাড়া পেয়ে যাচ্ছেন ব্যক্তিগত যানের বাণিজ্যিক চালকেরা।ব্যক্তিগত অটোরিকশার বিষয়ে বিআরটিএতে খোঁজ নিয়ে জানা যায়, ২০০৭ সালের পর থেকে বিআরটিএ ঢাকা মহানগরে ব্যক্তিগত সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে। ২০০৭ সাল পর্যন্ত বিআরটিএ ১২০টি ব্যক্তিগত অটোরিকশার অনুমোদন দিয়েছে বলে বিআরটিএর মিরপুর অফিসের রেজিস্ট্রেশন শাখার অফিস সহকারী বেবী রানী জানান।ঢাকার সড়কে নিত্যনতুন ‘প্রাইভেট’ অটোরিকশা আসছে কোথা থেকে? এমন প্রশ্নে বিআরটিএর মিরপুর অফিসের একজন কর্মকর্তা জানান, বিআরটিএ ঢাকা জেলার কার্যালয় থেকে নতুন ব্যক্তিগত অটোরিকশার নিবন্ধন দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরের বাইরে থেকে নিবন্ধন করানো এসব অটোরিকশার নম্বরপ্লেটে ‘ঢাকা মেট্রো’-এর পরিবর্তে ‘ঢাকা-দ’ লেখা রয়েছে। এ প্রসঙ্গে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর ঢাকা জেলার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা মোট এক হাজার ১৯৩টি ব্যক্তিগত অটোরিকশার নিবন্ধন দিয়েছেন। তাঁদের এখানে গড়ে প্রতিদিন একটি করে অটোরিকশার নিবন্ধন করানো হচ্ছে বলে জানান তিনি।বুড়িগঙ্গার ওপারের ইকুরিয়ার ঢাকা জেলা কার্যালয় থেকে নিবন্ধন নম্বর নেওয়া একটি ব্যক্তিগত অটোরিকশা দাঁড়িয়ে ছিল শাহবাগ মোড়ে বারডেম হাসপাতালের সামনে। এর অর্ধেক সাদা, অর্ধেক সবুজ রং করা। এই অটোরিকশাচালক ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ভাড়া হেঁকে বসলেন ১২০ টাকা। মিটার নেই? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এইডা প্রাইভেট গাড়ি, মিটার লাগে না।’ব্যক্তিগত অটোরিকশা দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অভিযোগে বিআরটিএ এরই মধ্যে ৪০টি অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠিয়েছে বলে জানালেন বিআরটিএর এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক তপন কুমার সরকার। ৯ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা করছেন।