মিঠাপুকুরে সরকারি ঘরের টিন ও লোহার অবকাঠামো খুলে বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে অসহায় পরিবারদের পুনর্বাসনের জন্য খাসজমিতে আদর্শ গ্রামে ঘর নির্মাণ করে দিলেও কতিপয় পরিবারের বিরুদ্ধে ঘরের টিন ও লোহার অবকাঠামোগুলো (অ্যাঙ্গেল) বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। রংপুরের পীরগাছা উপজেলার সীমান্তবর্তী মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ত্রিমোহনী ফতেপুরের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকার লোকজনের অভিযোগে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের ত্রিমোহনী ফতেপুর গ্রামে প্রায় ১৪ বছর আগে ৭০টি অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে খাসজমিতে আদর্শ গ্রাম করে টিন ও লোহার অবকাঠামো দিয়ে প্রত্যেকটি পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। সম্প্রতি আদর্শ গ্রামের কয়েকটি পরিবার সরকারিভাবে নির্মিত ঘরের টিন ও লোহার অবকাঠামো খুলে বিক্রি করছে। তারা এসব লোহার অবকাঠামো ও টিন বেশি দামে বিক্রি করে কম দামে টিন কিনে বাঁশ ও কাঠ দিয়ে আবার ওই ঘর নির্মাণ করছে। সরেজমিনে দেখা গেছে, বেশ কিছু পরিবার তাদের ঘরের টিন ও লোহার অবকাঠামো খুলে তা বেশি দামে বিক্রি করে কম দামের টিন কিনে বাঁশ ও কাঠ দিয়ে আবার ঘর নির্মাণ করেছে। গ্রামের ৬৮নং পরিবারের আশরাফ আলী, ৬৭নং পরিবারের ইছমাইল হোসেন, ২৪নং পরিবারের নাজিম উদ্দিন টিন ও লোহার অবকাঠামোগুলো বিক্রি করে কম দামের টিন, বাঁশ ও কাঠ দিয়ে আবার ঘর নির্মাণ করছেন। আদর্শ গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, আনজুমান আরা বলেন, অনেক পরিবার অভাবের কারণে এসব বেশি দামের টিন ও লোহার অবকাঠামো খুলে বিক্রি করে কম দামের টিন কিনে বাঁশ ও কাঠ দিয়ে আবার ঘর নির্মাণ করেছে। আদর্শ গ্রামের মোজাফ্ফর হোসেন, গৃহবধূ মরিয়ম বেগম বলেন, লোহার অবকাঠামো থাকার কারণে মরিচা ধরে টিন নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য এগুলো বিক্রি করে আবার সেই টাকা দিয়ে নতুন টিন কিনে বাঁশ ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছি। ত্রিমোহনী ফতেপুর গ্রামের বাসিন্দা হযরত আলী, নুরনবী, শহিদুল ইসলাম, হামিদুল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, গরিব মানুষ সরকারিভাবে ঘর পেয়েছে কিন্তু তারা এর মর্ম না বুঝে এসব বিক্রি করে কাজটি ঠিক করেনি। স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া বলেন, সরকারিভাবে এসব বিষয়ে তদারকি না থাকার সুযোগে কতিপয় পরিবার এর সুযোগ নিয়ে এসব বিক্রি করছে। ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আদর্শ গ্রামের কতিপয় পরিবার ঘরের টিন ও লোহার অবকাঠামো বিক্রি করেছে বলে শুনেছি। এ ব্যাপারে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়নে (ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর) কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আদর্শ গ্রামের কতিপয় পরিবার ঘরের টিন ও লোহার অবকাঠামো খুলে বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।