মিঠাপুকুরের বাজারগুলো উন্নয়নহীন
রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি হাটবাজার থেকে বিপুল অঙ্কের রাজস্ব আদায় করা হলেও, হাটবাজারের উন্নয়নে তা ব্যয় করা হয় না বলে অভিযোগ উঠেছে। এতে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন সময়ে দুর্ভোগের সম্মুখীন হতে হয়।উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার বৃহত্তম হাট শঠিবাড়ী। এই হাটটি ইজারা দিয়ে ২০০৮ সালে ৩৬ লাখ ৫১ হাজার ৩২৭ ও ২০০৯ সালে ৩৬ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আয় করা হয়। উপজেলার দ্বিতীয় বৃহত্তম বৈরাতী হাট ইজারা দিয়ে ২০০৮ সালে ১৪ লাখ ৬১ হাজার ১০০ ও ২০০৯ সালে ১৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়। তৃতীয় বৃহত্তম জায়গীর হাট থেকে ২০০৮ সালে ৮ লাখ ৫ হাজার ও ২০০৯ সালে ১১ লাখ ৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়। ব্যবসায়ীদের অভিযোগ, শঠিবাড়ী হাট ইজারা দিয়ে দুই বছরে ৭৩ লাখ ৫ হাজার ৩২৭ টাকা আদায় করা হলেও এই টকা দিয়ে হাটের উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। নিয়মানুযায়ী ইজারা থেকে প্রাপ্ত অর্থের শতকরা ১৫ ভাগ টাকা হাটবাজারের উন্নয়নে ব্যয় করার কথা। কিন্তু উপজেলার হাটবাজারগুলো থেকে রাজস্ব আদায় করা হলেও হাটের কোনো উন্নয়ন করা হয়নি। জায়গীর হাটের ব্যবসায়ী মুশফিকুর রহমান মণ্ডল জানান, পাানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়। শৌচাগার না থাকায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করায় হাটের পরিবেশ দূষিত হচ্ছে।মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘এ বছরই উপজেলার হাটবাজারগুলোর উন্নয়ন করা হবে।’